রিপাবলিকান দলের বেশ কয়েকজন বড় ও আলোচিত নেতা হোয়াইট হাউসের দৌড় থেকে সরে দাঁড়িয়ে থাকতে পারেন। কিন্তু সারাহ পেলিন এখনো দলটির হয়ে নির্বাচনের মাঠ গরম করে তুলতে পারেন। পেলিনের পক্ষ থেকে একটি ঘোষণা ঢিমেতেতালায় চলা রিপাবলিকান দলের নির্বাচনী প্রচারণাকে তুঙ্গে না ওঠালেও অন্তত দেশবাসীর নজর কেড়েছে।সারাহ পেলিন পলিটিক্যাল অ্যাকশন কমিটির (পিএসি) ঘোষণাটি ছিল: সাবেক ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী দেশের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য সফরে বের হবেন। এ সময় বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শন এবং দেশাত্মবোধক নানা অনুষ্ঠানে অংশ নেবেন পেলিন। ‘ওয়ান নেশন ট্যুর’ নামে এ সফরের উদ্দেশ্য সম্পর্কে নিজের ওয়েবসাইটে পেলিন লিখেছেন, ‘আমাদের প্রতিষ্ঠাতাদের সঙ্গে যোগসূত্র স্থাপন করা, সামনের পথের একটি স্পষ্ট ছবি পাওয়া।’ এ পর্যন্ত রিপাবলিকান শিবির থেকে বেশি যা শোরগোল হয়েছে, তা হয়েছে ‘দাঁড়াচ্ছি না’ ঘোষণা দেওয়া নেতাদের তরফ থেকেই। তিনজন সাবেক ও বর্তমান রাজ্য গভর্নর নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। সরে গেছেন প্রপার্টি ব্যবসায়ী টিভি তারকা ডোনাল্ড ট্রাম্পও।মজার ব্যাপার, এবার এত বেশিসংখ্যক প্রার্থীর নিজেদের প্রতিদ্বন্দ্বিতা থেকে প্রত্যাহার করে নেওয়ার কারণ সম্পর্কে পর্যবেক্ষকেরা প্রায় সবাই মোটামুটি একমত। অনেকের মতে, নির্বাচনী প্রচারণার চাপ ও কুৎসিত দিকটি সইতে না পেরে সরে দাঁড়াচ্ছেন তাঁরা। রিপাবলিকান দলের এক সাবেক প্রচারণা কর্মকর্তা রিচ গ্যালেন বলেন, ‘আমার মনে হয় যুক্তরাষ্ট্রের বিষয়টাকে আমরা এমন পর্যায়ে নামিয়ে আনতে সক্ষম হয়েছি যে কোনো ভালো মানুষ আর এর মধ্যে আসতে চাইবেন না।’ রিচ গ্যালেন শুধু দেশজুড়ে মাসের পর মাস সস্তার হোটেলে থাকা, আজেবাজে খাবার খাওয়া, প্রচারণার টাকার জন্য হাত পাতা আর প্রতিপক্ষ ও মিডিয়ার শ্যেন নজরের কথাই বোঝাননি। আছে চাকরি বা ব্যবসা থেকে দীর্ঘ সময় দূরে থাকায় নিজের উপার্জনের ক্ষতি ও পারিবারিক জীবনের ওপর নেতিবাচক প্রভাবের মতো সমস্যাও।মাস দুয়েক আগে বিবিসি সারাহ পেলিনের কাছে জানতে চেয়েছিল, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি করবেন না, কিসের ভিত্তিতে সে সিদ্ধান্ত নেবেন তিনি। পেলিন বলেছিলেন, প্রথম কারণটাই হচ্ছে হোয়াইট হাউসের বর্তমান বাসিন্দা বারাক ওবামা। ‘দেখুন, ওবামা এরই মধ্যে ঘোষণা দিয়েছেন তিনি প্রচারণার জন্য পাক্কা ১০০ কোটি ডলার তুলবেন। তাই টাকার ব্যাপারটা ভাবতেই হয়’, বলেছিলেন পেলিন।সত্যিই, ওবামার তহবিল গঠনকারী দলের নৈপুণ্য আর প্রচারণার মাঠে তাঁর অনন্য দক্ষতার কারণে যে কেউ তাঁর বিরুদ্ধে দাঁড়িয়ে আগামী দেড় বছর পথে পথে কাটানোর আগে এক শ বার ভাববে। তা ছাড়া ক্ষমতাসীন প্রেসিডেন্টের জোরটা তো আছেই। যুক্তরাষ্ট্রে গত ৩০ বছরে মাত্র একজন প্রেসিডেন্ট পুনর্নির্বাচিত হতে ব্যর্থ হয়েছেন। তাহলে কি রিপাবলিকানদের আগেই হাল ছেড়ে বসে থাকা উচিত? ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ল্যারি সাবাটো তা মনে করেন না। তিনি বলেন, ৭০ শতাংশ ক্ষেত্রে ক্ষমতাসীন প্রেসিডেন্ট পুনর্নির্বাচিত হয়ে থাকেন। কিন্তু ৩০ শতাংশ ক্ষেত্রে তো তিনি হেরেও যান। কারণ, কার্যকালে ঘটা ভালো-মন্দ সবকিছুর জন্য দায়ী করা হয় তাঁকে। কাজেই একজন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হাজির হলে শুধু কাঁড়ি কাঁড়ি টাকা আর ভালো ভালো বক্তৃতাই বৈতরণী পার করে দিতে পারবে না ওবামাকে। কারণ, দেশের অবস্থা এখনো খুব ভালো নয়। বেকারত্বের হার এখনো প্রায় ৯ শতাংশ। লোকের বেতন এক জায়গায় আটকে আছে, অর্থনৈতিক নিরাপত্তার মাত্রাও বেশ উঁচুতে। রিপাবলিকান দলের জরিপকারী হুইট আয়ার্স বললেন, চারদিকে বেশ একটা অস্বস্তিকর অনুভূতি। তাঁর হিসাবে যুক্তরাষ্ট্রের দুই-তৃতীয়াংশ লোকই মনে করে, দেশ ভুল পথে চলছে। এ অবস্থায় পুনর্নির্বাচিত হওয়া কোনো প্রেসিডেন্টের জন্য একটা চ্যালেঞ্জ।রিপাবলিকান এবং জ্যেষ্ঠ কিছু ডেমোক্র্যাট নেতাও এখন বিশ্বাস করেন, ভালো প্রতিদ্বন্দ্বী নামাতে পারলে ওবামাকে হারানো সম্ভব। কাজেই রিপাবলিকানদের নিজেদের নাকচ করে দেওয়ার সময় শেষ। এবারই শুরু হবে রিপাবলিকান দলের মনোনয়নের আসল দৌড়।ইসরাত জাহান, বিবিসি থেকে