রিপার শেষ পয়লা বৈশাখ
‘মাত্র গত বৃহস্পতিবার ওর আকদ হয়। মুঠোফোনে আমাকে বলেছিল, বন্ধুদের সঙ্গে এটাই হয়তো আমার শেষ পয়লা বৈশাখ। ক্যাম্পাসে যেন যাই। আমি ক্যাম্পাসে যাওয়ার আগেই সুলতানা স্বামীর সঙ্গে বাড়ির উদ্দেশে রওনা দেয়। আমার সঙ্গে আর দেখা হয়নি। আর কখনো দেখা হবেও না। ভাবতেও পারছি না আর কোনো দিন পয়লা বৈশাখ আসবে না ওর জীবনে।’এভাবেই বন্ধুর স্মৃতিচারণা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থী পাভেল দাশগুপ্ত। ১৪ এপ্রিল (শনিবার) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈশাখী উৎসব দেখে স্বামীর মোটরসাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন সুলতানা রাজিয়া ওরফে রিপা। পথে হাটহাজারীর সুবেদার পুকুরপার এলাকায় সড়ক দুর্ঘটনা ঘটে। প্রথমে তাঁকে হাটহাজারীর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে নগরের মেট্রোপলিটন হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথেই মারা যান সুলতানা রাজিয়া। সুলতানা রাজিয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) লোকপ্রশাসন বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর ছাত্রী। সম্মান শ্রেণীতে বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ নম্বর (জিপিএ ৩ দশমিক ৫১) পেয়েছিলেন তিনি। তিনি রাউজান উপজেলার সুুলতানপুর গ্রামের এস এম আবুল কালামের মেয়ে। লোকপ্রশাসন বিভাগের সভাপতি কাজী এস এম খসরুল আলম কুদ্দুসী প্রথম আলোকে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় এভাবে সুলতানার চলে যাওয়া অত্যন্ত মর্মান্তিক। আমরা একজন মেধাবী শিক্ষার্থীকে হারালাম।’বন্ধুদের সঙ্গে প্রিয় ক্যাম্পাসেই নববর্ষ উদ্যাপন করতে গিয়েছিলেন সুলতানা রাজিয়া। সারা দিন আড্ডা দিয়েছেন, ঘুরে বেড়িয়েছেন ক্যাম্পাসের বিভিন্ন স্থানে। সেই দিনের ঘটনা বর্ণনা করে তাঁর বন্ধু চবির অর্থনীতি বিভাগের শিক্ষার্থী শাকের হোসেন বলেন, ‘ক্যাম্পাসে একসঙ্গেই ছিলাম। বন্ধুরা মিলে আড্ডা দিয়েছি। রিপার আকদ নিয়ে দুষ্টুমিও করেছি। ক্যাম্পাসে আসার কথা ছিল না রিপার। হঠাৎ ওর ফোন পেয়ে অবাক হয়ে গিয়েছিলাম। একসঙ্গে দুপুরের খাবার খাই। বিকেল চারটার দিকে রিপাকে শহীদ মিনারের সামনে থেকে বিদায় দিই।’রিকশা নিয়ে চবির শহীদ মিনার থেকে স্টেশন চত্বরে গিয়েছিলেন সুলতানা রাজিয়া। সেখানে তাঁর স্বামী খোরশেদ আলম অপেক্ষায় ছিলেন। স্বামীর মোটরসাইকেলে চড়ে বাড়ি রওনা হন সুলতানা। সুলতানা রাজিয়ার স্বামী খোরশেদ আলম প্রথম আলোকে বলেন, ‘মোটরসাইকেলে শরীর খারাপ লাগছিল বলে জানায় রিপা। মোটরসাইকেল থামানোর আগেই সে মাটিতে পড়ে যায়। এ সময় পেছন থেকে আসা একটা অটোরিকশা তাঁকে চাপা দেয়।’তবে কোনোভাবেই এ মৃত্যু মেনে নিতে পারছেন না রিপার স্বজনেরা। বড় ভাই মো. সাইফুদ্দিন প্রথম আলোকে বলেন, ‘দুই ভাই তিন বোনের মধ্যে রিপা ছিল সবার ছোট। যখন যা চেয়েছে, তা-ই পেয়েছে। ১ মে ওর শ্বশুরবাড়ি যাওয়ার কথা ছিল। এর আগেই দুর্ঘটনা তাঁকে নিয়ে গেল।’বন্ধু পাভেল দাশগুপ্ত বলেন, ‘এটা কি মৃত্যু না দুঃস্বপ্ন তা এখনো বুঝতে পারছি না। বলেছিল, বন্ধুদের সঙ্গে হয়তো এটাই শেষ পয়লা বৈশাখ। এ কথা এভাবে সত্য হবে তা বুঝতে পারিনি।’