হোস্টেলের ডাইনিংয়ে বরাবরের মতোই দুপুরের খাওয়ার ফাঁকে রাঁধুনি খালাদের সঙ্গে আলাপে মেতে উঠেছিলাম। সালমা খালার হাস্যোজ্জ্বল মুখের বাক্যালাপ, ‘নিমি তরকারি মজা অইয়ে? আঁরার নিমি আঁরার অঙ্গে খাঁ বেগ সমত। বালা মাইয়া’ (নিমি, তরকারি মজা হয়েছে? আমাদের নিমি আমাদের সঙ্গে সব সময় খায়। ভালো মেয়ে)।
‘হ্যাঁ খালা, মজা হইছে, আপনাদের সাথে গল্প করতে করতে খেতে আমার ভালোই লাগে।’
ডাইনিং থেকে রান্নাঘরে ঘুরে ঘুরে খাওয়া, সবার খোঁজ নেওয়া, বিড়ালগুলোর লাফিয়ে লাফিয়ে এক টেবিল থেকে অন্য টেবিলে মেয়েদের ফেলে যাওয়া খাবার সংগ্রহের চিত্র দেখা আমার নিত্যদিনের অভ্যাস, রান্নাঘরের আলাপ সেরেই ডাইনিংয়ে গিয়ে দেখলাম হোস্টেলের মেট্রন মন খারাপ করে বসে আছে।
আমাকে দেখেই, ‘কেমন আছ রিমি? পরীক্ষার প্রিপারেশন কেমন?’
খেতে খেতেই বললাম, ‘ভালো মেট্রন আপু। আপনার মন খারাপ কেন?’
‘কই না তো! কিচ্ছু হয়নি! ভালো করে পড়ো। কাল তো তোমার থার্ড ইয়ার ফাইনাল এক্সাম।’
খুব সূক্ষ্ম দৃষ্টিতে তাকালাম তাঁর দিকে। কপালে চিন্তার রেখাগুলো স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে। নিচের দিকে তাকিয়ে আছেন। হয়তো আমার চোখে চোখ রেখে মিথ্যা বলতে পারতেন না বলেই আমি খাওয়া বন্ধ করে কণ্ঠে উত্সুক অথচ কঠিন ভাব নিয়ে বললাম, ‘মেট্রন আপু, কী হয়েছে? বলুন আমাকে।’
‘রিমি, কাল তোমার পরীক্ষা, তাই তোমায় জানাইনি। সিঁড়ির নিচে সুইপার খালা পেটের ব্যথায় সকাল আটটা থেকে ছটফট করছে। বাঁচবে কি না জানি না। যদি মরে যায়! পুলিশ আসে! তাই কেউ ওর কাছে যাচ্ছি না।’
বুকের ভেতর হঠাৎ ভয়ের বিভীষিকা ছড়িয়ে পড়ল। চিত্কার করে উঠলাম পরক্ষণেই, ‘আপনারা মানুষ! একটা মানুষ সকাল থেকে যন্ত্রণায় ছটফট করছেন, আর এখন বেলা ১টা ৩০ মিনিট। আপনারা দিব্যি চুপ করে আছেন! বাইরে তখন কালবৈশাখীর তাণ্ডবে সুইপার বেচারীর তীব্র যন্ত্রণার আর্তনাদ কারও কান পর্যন্ত পৌঁছায়নি। গাছপালা আছড়ে পড়ছিল। সেদিন কত নম্বর বিপৎসংকেত চলছিল, আমার আজ মনে নেই। যেই মুহূর্তে ঝড়ের ভয়াবহতার চেয়েও ভয়াল মনে হচ্ছিল মানুষের মানবতাবোধের অভাবকে। ঝড়ের বিপৎসংকেতকে ছাপিয়ে মনের মাঝে একটাই বিপৎসংকেত উঁকি দিচ্ছিল, বাঁচাতে পারব তো একটা প্রাণ?
ভাবতে ভাবতে আবারও চেঁচিয়ে উঠলাম, ‘হোস্টেল সুপারকে জানিয়েছেন?’
মেট্রন আমতা আমতা করে বলল, ‘আমি কী করব? ফোন করলাম। ম্যাডাম বলল, আত্মীয়স্বজন আসা পর্যন্ত অপেক্ষা করতে। এই ঝড়ের দিনে কীভাবে এত মোটাসোটা মানুষকে নিয়ে হাসপাতালে যাব? অল্প বেতনের চাকরি করি, আমার কাছে টাকাও নেই।’
ভাত, ডাল, সবজিমাখা ভাতগুলোসহ খাবারের প্লেটটা টেবিলের ওপর রেখেই দৌড়ে গিয়ে দেখলাম, সিঁড়ির নিচে মোসাসোটা লম্বা দেহটা যন্ত্রণায় কাতরাতে কাতরাতে নিথর হয়ে পড়ে আছে। চোখ থেকে অবিরাম জল ঝরছে। কাছে যেতেই অস্পষ্ট স্বরে বলে উঠল, ‘আমি আর বাঁচব না, ব্যথা!’
‘কেন বাঁচবেন না? অবশ্যই বাঁচবেন। আমি আপনাকে নিয়ে যাব হাসপাতালে। ঠিক হয়ে যাবে সব।’ দৌড়ে তিনতলায় উঠতে যাওয়ার সময় অস্পষ্ট আর্তনাদের শব্দ! কাছে গেলাম। ‘কিছু বলছেন?’
‘টয়লেটে যাব। সকাল থেকে যেতে চেয়েও পারি নাই মা। কেউ আমার কাছেও আসে নাই।’ হঠাৎ অনুভব করলাম চোখে জল নেমেছে আমার। আর মনের ভেতর অদ্ভুত এক শক্তি! ভালো কিছু করার শক্তি! এর পরের কাহিনি এক ইতিহাস। বাঁচিয়েছিলাম একটি প্রাণ সব প্রতিকূলতা আর নিয়ম ডিঙিয়েই।
সেবার পরীক্ষায় ফার্স্ট ক্লাস আমার জোটেনি ঠিক, তবে আত্মিক তৃপ্তিতে ফার্স্ট ক্লাস শান্তি জমা হয়েছিল মনে।
বন্ধুসভা, চট্টগ্রাম।