রিমু বৈদ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শান্তিনিকেতন গ্রামের মেয়ে রিমু বৈদ্য। পাঁচ সদস্যের ছোট্ট পরিবার। ‘তিন বোন, আমাদের কোনো ভাই নেই। মা-বাবা কোনো দিন এ নিয়ে কোনো আক্ষেপ না করলেও সমাজের নানা মানুষের কাছ থেকে অনেক কথা শুনতে হয়। আমি ডাক্তার হয়ে মা-বাবার স্বপ্ন পূরণ করতে চাই। নিজেকে প্রতিষ্ঠিত করে প্রমাণ করতে চাই এবং সমাজে অসহায় মেয়েদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চাই।’ রিমু বলছিলেন তাঁর স্বপ্নের কথা।বাবা পোলট্রি ব্যবসায়ী, মা গৃহিণী। অসচ্ছলতার কারণে বেশি দূর পড়া চালানো সম্ভব হয়নি তাঁর পক্ষে। মায়ের পড়ার ইচ্ছা ছিল অনেক। হয়নি। তাই মা-মাসিমা সব সময় বলতেন, রিমুকে অনেক বড় হতে হবে, অনেক পড়তে হবে। ‘তাঁদের কথা ভেবেই এখন আমি চট্টগ্রামের দুটি বস্তিতে দরিদ্র ছেলেমেয়েদের সপ্তাহে দুই দিন পড়াতে যাই। আগে আমার তেমন আত্মবিশ্বাস ছিল না। মেয়ে হিসেবে বিভিন্ন সমস্যায় সহজেই ভেঙে পড়তাম। রাস্তা দিয়ে চলার সময় কেউ কোনো কটু কথা বললে উত্তর দিতে পারতাম না। আজ আমি কারাতে জানি, কথার জবাব দিতে জানি।’ হেসে জানালেন রিমু।এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেলেও অসুস্থতার কারণে এইচএসসিতে ৩.৮ জিপিএ পান রিমু। তবুও অন্যান্য সৃজনশীল কাজে জড়িত থাকায় ভর্তির সুযোগ এসে যায় রিমুর। রিমু ভালো রবীন্দ্রসংগীত গাইতে পারতেন, করতেন কবিতা আবৃত্তি। এসব মিলিয়েই শতভাগ বৃত্তিতে পড়ছেন আন্ডারগ্র্যাজুয়েট পর্যায়ে। পরের বছর জীববিজ্ঞান নিয়ে পড়ার ইচ্ছা, যাতে চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণ হয়। ভালো ফল করে ১০ জনের মধ্যে থাকলে এইউডব্লিউ কর্তৃপক্ষ তাঁদের সুযোগ করে দেবে স্বনামধন্য কোনো মেডিকেল কলেজে পড়ার। তাই প্রস্তুতি চলছে স্বপ্ন জয়ের। সামনে গ্রীষ্মকালীন ছুটিতে রিমুর ইচ্ছা দলগত প্রজেক্টে হিজড়াদের আত্মকর্মসংস্থান কিংবা মানসিক সহযোগিতা দেওয়ার জন্য কাজ করার।