রিয়েল কোচের সান্নিধ্যে খুদে ফুটবলাররা

যেন একঝাঁক সাদা পায়রা। মাঠময় দাপিয়ে বেড়াচ্ছে পায়ারার দলটি। গায়ে সাদা শর্টস আর গেঞ্জি, পায়ে কালো বুট। কী উচ্ছ্বাস, কী আনন্দ তাদের মধ্যে! ফুটবল নিয়ে মেতে ওঠা শিশু-কিশোরের এই দল খুশিতে হয়ে উঠেছিল আত্মহারা। নিজেদের ভাগ্যবানও মনে করছে তারা।
ভাগ্যবান তো হওয়ারই কথা। তারা যে বিশ্বের সেরা ফুটবল ক্লাব রিয়েল মাদ্রিদের কোচদের সান্নিধ্য পেয়েছে। তাঁদের কাছে পাঠ নিয়েছে ফুটবলের নানা কলা–কৌশলের। শিশুরা কাছ থেকে দেখেছে, সনদ নিয়েছে, ছবি তুলেছে কোচদের সঙ্গে।
গত ৩১ অক্টোবর ও ১ নভেম্বর শিশু-কিশোরদের উপস্থিতিতে সরব হয়ে উঠেছিল এম এ আজিজ স্টেডিয়াম। তিন দিনের ফুটবল ক্লিনিকের অংশ হিসেবে রিয়েল মাদ্রিদের তিন ফাউন্ডেশন কোচ চট্টগ্রামে এসেছিলেন। তাঁরা হলেন পাবলো গোমেজ রেভেনজা, জাভিয়ের গার্সিয়া টোরেস ও রাফায়েল প্যালাসিও।
ওয়াই কে কে এশিয়া গ্রুপ কিডস ফুটবল ক্লিনিক নামে পরিচিত এই প্রশিক্ষণ শিবিরে ৩০ স্থানীয় কোচ ছাড়াও ২৮০ জন শিশুকে (অনূর্ধ্ব-১৪) হাতেকলমে শিখিয়েছেন কোচরা। প্রথম দিন কোচদের প্রশিক্ষণ দেন তাঁরা। পরের দুই দিন মেতে ছিলেন শিশু–কিশোরদের নিয়ে।
শিশুদের উচ্ছ্বাস দেখে অতিথিরাও আপ্লুত। কোচ পাবলো গোমেজ বলেই ফেললেন, ‘দারুণ অভিজ্ঞতা। শিশুদের সঙ্গে দুটি দিন ফুটবল নিয়ে কাটিয়েছি। ভালোই লাগছে।’
চট্টগ্রামের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নিয়েছে ফুটবল ক্লিনিকে। চট্টগ্রাম মডেল স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মুশফিকুর রহমান বলল, ‘কীভাবে বল কাটাতে হয়, দুই পায়ের মাঝখানে রেখে ড্রিবলিং করতে হয়, কোচরা এসব শিখিয়েছেন আমাদের।’ নিজেকে রিয়েল মাদ্রিদের সমর্থক দাবি করলেও মুশফিকুরের ভালো লাগে মেসির খেলা।
অংশ নেওয়া শিক্ষার্থীদের বেশির ভাগই জীবনে এই প্রথম বুট পরেছে। বুট পায়ে একটু অস্বস্তি থাকলেও উৎসাহ–উদ্দীপনার কোনো কমতি ছিল না তাদের মধ্যে।
দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী তাহসিন আবছার প্রথম ফুটবলে লাথি মেরেছে। রিয়েল মাদ্রিদের মতো শুভ্র পোশাকে দারুণ দেখাচ্ছিল তাকে। তবে ফুটবল খেলতে এলেও ভবিষ্যতে তাহসিন হতে চায় ক্রিকেটার।
অংশগ্রহণকারীদের বড় একটি অংশ ছিল সুবিধাবঞ্চিত শিশু। নগরের ইউসেফ বিদ্যালয়ের কর্মজীবী শিশুরা এই ফুটবল ক্লিনিকে অংশ নেয়। চতুর্থ শ্রেণির শিক্ষার্থী রাসেল পড়ালেখার পাশাপাশি একটি দোকানে কাজ করে। তার কাছে এ এক অনন্য অভিজ্ঞতা। জীবনে এই প্রথম এত বড় স্টেডিয়ামে খেলতে পেরে সে গর্বিত।
তার সহপাঠী মেহেদি হাসান ও ওমর ফারুক একই কথা বলল, ফুটবল মাঝেমাঝে খেলা হয়, কিন্তু এত বড় মাঠে বিখ্যাত সব কোচের সঙ্গে খেলা ভাগ্যের ব্যাপার।