রুইলুই থেকে কংলাক বাড়ছে সাজেকের আকর্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাজেক ভ্যালির বিজিবির হেলিপ্যাডে দাঁড়ালে দেখা যায় নীল পাহাড়ের গায়ে জমে আছে সাদা মেঘ। এবারের ঈদে সাজেকে বেড়াতে এসেছিলেন বিপুলসংখ্যক পর্যটক। ছবিটি ১৪ সেপ্টেম্বর তোলা l সুপ্রিয় চাকমা
সাজেক ভ্যালির বিজিবির হেলিপ্যাডে দাঁড়ালে দেখা যায় নীল পাহাড়ের গায়ে জমে আছে সাদা মেঘ। এবারের ঈদে সাজেকে বেড়াতে এসেছিলেন বিপুলসংখ্যক পর্যটক। ছবিটি ১৪ সেপ্টেম্বর তোলা l সুপ্রিয় চাকমা

ছবির মতো সরু উপত্যকার দুই ধারে পর্যটন কটেজ ও রিসোর্ট। উপত্যকার নিচে তাকালে দুধ সাদা ঘন মেঘের দেখা মিলবে। দূরে মিজোরামের পাহাড় আর ফিতার মতো সাজেক নদী। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সজেক ভ্যালির রুইলুইপাড়া যেন ছোট্ট দার্জিলিং। সেনাবাহিনীর উদ্যোগে পর্যটন রিসোর্ট গড়ে তোলার পর এখন দেশের পর্যটকদের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে রুইলুইপাড়া। তবে কেবল রুইলুইপাড়া নয়, সাজেক ভ্যালির আরও গহিনে পা পড়ছে পর্যটকদের। রুইলুইপাড়া থেকে দুই কিলোমিটার দূরে কংলাকপাড়ায়ও গড়ে উঠছে রিসোর্ট।

এবার ঈদের ছুটিতে আক্ষরিক অর্থেই পর্যটকদের ঢল নেমেছিল সাজেকে। গত বুধবার ঈদের দ্বিতীয় দিন থেকে গত শুক্রবার পর্যন্ত সাজেকে নয় হাজার পর্যটক ভ্রমণ করেছেন বলে সাজেক উন্নয়ন ফোরাম সূত্রে জানা গেছে। গত বছর কোরবানির ঈদের পর এই সময়ে পর্যটক এসেছিলেন পাঁচ হাজারের মতো। পর্যটকদের সংখ্যা বাড়ায় খুশি এখানকার ক্ষুদ্র ব্যবসায়ী ও বেসরকারি হোটেল-রিসোর্টের সঙ্গে যুক্ত লোকজন।

রুইলুই পর্যটনকেন্দ্রের রিসোর্ট ও কটেজ মালিক সমিতির সূত্রে জানা গেছে, রুইলুই পর্যটনকেন্দ্রে ২২টি কটেজ ও ১৭টি রিসোর্ট রয়েছে। ঈদের প্রথম দিন অধিকাংশ কটেজ ও রিসোর্ট খালি ছিল। ঈদের দ্বিতীয় থেকে ষষ্ঠ দিন পর্যন্ত সব কটেজ ও রিসোর্টে বুকিং রয়েছে। কিছু কিছু রিসোর্ট-কটেজে বুকিং রয়েছে ঈদের অষ্টম দিন পর্যন্ত। রুইলুইপাড়ার পাশাপাশি এখন কংলাকপাড়ায়ও গড়ে উঠেছে রিসোর্ট। তাই কংলাকপাড়ায় এবার রাত যাপন করেছেন পর্যটকেরা।

 বিভিন্ন পর্যটন রিসোর্টের কর্মকর্তারা জানান, গত মঙ্গলবার ঈদুল আজহার দিনে সাজেক রুইলুই পর্যটনকেন্দ্র ছিল ফাঁকা। ঈদের দ্বিতীয় দিন থেকে পর্যটকের সংখ্যা বাড়তে থাকে। সকাল থেকে রাত নয়টা পর্যন্ত রুইলুই ও কংলাকপাড়ায় হাজারো পর্যটক প্রাকৃতিক দৃশ্য উপভোগ করেন।

ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিনে সরেজমিনে ঘুরে দেখা গেছে, বিজিবি হেলিপ্যাড, রুনময় কটেজ পার্কসহ সাজেকভ্যালির বিভিন্ন স্পটে পর্যটকের ভিড় ছিল। কংলাকপাড়ায়ও গেছেন প্রচুর পর্যটক।

ঢাকা থেকে আসা মো. মিজানুর রহমানের ভীষণ ভালো লেগেছে সাজেকভ্যালি। তবে কংলাকপড়ার সৌন্দর্যে মুগ্ধ তিনি। জানালেন, কংলাকের একটি পর্যটন কটেজে বসে দেখেছেন মেঘের আনাগোনা।

চট্টগ্রাম থেকে আসা পর্যটক মো. শাহজাহান ও মো. আকবর হোসেন প্রথম আলোকে বলেন, ‘সাজেকে এসে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করে খুবই ভালো লাগছে। না এলে বুঝতে পারতাম না সাজেক ভ্যালি এত সুন্দর। সাজেকে আমরা একটা বিষয় খুব উপভোগ করেছি, তা হলো—এখানে ১০ মিনিট পর পর প্রকৃতির রূপ পাল্টে যায়।’

সাজেক রুইলুই পর্যটনকেন্দ্রের রিসোর্ট-কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মণ প্রথম আলোকে বলেন, ঈদের প্রথম দিনে পর্যটনকেন্দ্র ছিল ফাঁকা। দ্বিতীয় দিন থেকে পর্যটকের সংখ্যা বেড়ে চলেছে। ঈদের ষষ্ঠ দিন পর্যন্ত সব রিসোর্ট-কটেজ আগাম বুকিং হয়ে গেছে। অনেক পর্যটক ইচ্ছা থাকার সত্ত্বেও আবাসন ব্যবস্থা না থাকায় বাড়ি ফিরে যাচ্ছেন। এখানে সকালে ও বিকেলে প্রকৃতি অপরূপ হয়ে ওঠে। সে জন্য রাত যাপনের বেশি আগ্রহী পর্যটকেরা। সরকারি ও ব্যক্তি উদ্যোগে অনেকে রিসোর্ট-কটেজ নির্মাণের কাজ করছেন। দু–এক বছরের মধ্যে পর্যটকদের আবাসনসংকট দূর হবে বলে তিনি জানান।

সাজেক থানার উপপরিদর্শক মো. নাসির উদ্দিন বলেন, রুইলুই পর্যটনকেন্দ্রে পর্যটকের সংখ্যা বেড়ে যাওয়ায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। নিরাপত্তা বাহিনী নিরাপত্তাবেষ্টনী দিয়ে পর্যটকদের নিয়ে যাচ্ছে। রুইলুই পর্যটনকেন্দ্র ও পর্যটনকেন্দ্রের আশপাশে পূর্ণ নিরাপত্তা রয়েছে।

বিশাল সাজেক উপত্যকার কেবল ছোট একটা অংশেই পর্যটকদের আনাগোনা। অথচ রুইলুই ছাড়াও সাজেকে কংলাক, শিয়ালদাই, ককংর, তুইচুই, ব্যাটলিংসহ আরও ছয়টি মৌজা আছে। গ্রামের সংখ্যা ১২৮টি। সাজেক উপত্যকার এসব অদেখা গ্রাম ছবির মতো সুন্দর। তবে রুইলুই ও কংলাকপাড়ার বাইরে আরও দূরে যাওয়ার আগে সেনাবাহিনী বা বিজিবির যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে যাওয়া উচিত।