রুইলুই ভ্যালির হাতছানি
বুকে হিম–ধরানো সাপের মতো উঁচু-নিচু, আঁকা-বঁাকা রাস্তা। দুই ধারে সবুজ পাহাড়ের সারি আর নিবিড় বন। কিছুদূর পরপর একেকটা ছায়াচ্ছন্ন মাচাংঘর। জিপ কিংবা মোটরসাইকেলে বাঘাইহাট থেকে ৩৪ কিলোমিটার পথ পাড়ি দিতে দিতে এমন সব দৃশ্য চোখে পড়বে। এরপর পেঁৗছানো যাবে সাজেকের রুইলুই ভ্যালিতে। অপরূপ সাজেকের আরেক নাম ভূস্বর্গ। মনে হবে, আকাশের কাছাকাছি কোথাও এই মেঘরাজ্যের অবস্থান।
সমতল থেকে দুই হাজার ফুটের বেশি উঁচু রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের রুইলুই ভ্যালি। কয়েক বছর আগেও সেখানে হাতে গোনা অ্যাডভেঞ্চারপ্রিয় কিছু পর্যটক যেতেন। রুইলুইপাড়ার হেডম্যানের বাড়ি কিংবা আশপাশের কোনো মাচাংঘরে রাত যাপনের ব্যবস্থা করে নিতে হতো তঁাদের। কিন্তু এখন পরিস্থিতি পাল্টেছে। সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সাজেকের রুইলুই ও আশপাশের এলাকায় পর্যটকদের জন্য বিভিন্ন অবকাঠামো নির্মাণ করছে।
সাজেকের রুইলুই ভ্যালি দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র হতে চলেছে। এখানে সেনাবাহিনী ও বিজিবির উদ্যোগে নির্মাণ করা হয়েছে কটেজ, সুদৃশ্য সড়ক, অবজারবেশন টাওয়ারসহ বেশ কিছু অবকাঠামো।
পর্যটকদের সুবিধার্থে সম্প্রতি সেনাবাহিনী পরীক্ষামূলকভাবে এক হাজার ওয়াট ক্ষমতাসম্পন্ন বায়ুচালিত বিদ্যুৎকেন্দ্র স্থাপন করেছে। নবনির্মিত কটেজে ইতিমধ্যে এই বিদ্যুৎ–সংযোগ দেওয়া হয়েছে।
রুইলুই ভ্যালিতে বিজিবির তৈরি করা কটেজের নাম রাখা হয় রুনময় এবং সেনাবাহিনীর তৈরি কটেজের নাম দেওয়া হয় থ্রিস্টার কটেজ। এ ছাড়া বেসরকারি উন্নয়ন সংস্থা আলো এখানে একটি রিসোর্ট চালু করেছে। যাঁরা আদিবাসীদের জীবন কাছ থেকে দেখতে চান তাঁরা থাকতে পারেন এই এলাকার লুসাই বা ত্রিপুরাদের মাচাংঘরে।সাজেকের রুইলুই ভ্যালির রুইলুইপাড়া থেকে কংলাকপাড়া পর্যন্ত বেড়ানো যেতে পারে। হেঁটে যেতে সময় লাগবে প্রায় দুই ঘণ্টা। পথে পড়বে জুম খেত, কমলার বাগান ও লুসাই আদিবাসীদের পরিচ্ছন্ন মাচাং ঘর। ক্ষণে ক্ষণে মেঘ এসে ভিজিয়ে দেবে শরীর।
রুইলুই ভ্যালিতে যাওয়ার পথে পড়বে নন্দারাম গ্রাম। এখনে যাত্রা বিরতি দিয়ে ঘণ্টা খানেক হেঁটে দেখে আসা যেতে পারে শিজকের জোড়া ঝরনা।
যে ভাবে যেতে হবে: খাগড়াছড়ি থেকে দীঘিনালা কিংবা সড়ক পথে বাঘাইহাট যেতে হবে। সেখানে থেকে চাঁদের গাড়িতে গঙ্গারাম-নন্দরাম ও মাচালং হয়ে ঘণ্টা দুয়েকের মধ্যে পৌঁছানো যাবে সাজেকের রুইলুই ভ্যালিতে। এ ছাড়া রাঙামাটি থেকে লঞ্চপথে বাঘাইছড়ি এসে, সেখান থেকে জিপ কিংবা মোটরসাইকেলে সাজেকে পৌঁছানো যাবে। এতে সর্বোচ্চ তিন ঘণ্টা সময় লাগবে।