রুক্ষতায়ও কোমল অধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ সময়ের রুক্ষ প্রকৃতির কাছে আপনার হাসিমাখা মুখটা হেরে যাবে, তা তো হতে পারে না। তাই শীত জাঁকিয়ে বসার আগে থেকেই চাই বাড়তি যত্ন। শীতজুড়ে সুন্দর ঠোঁট পেতে এখনই শুরু করে দিন এর পরিচর্যা। হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালের চর্মরোগ বিশেষজ্ঞ সৈয়দ আফজালুল করিম বলেন, ‘শীতে রুক্ষতার প্রভাব পড়ে আমাদের ত্বকে, বিশেষ করে ঠোঁটে। কারণ, ঠোঁটের চামড়া খুবই স্পর্শকাতর। এ সময় তাই ঠোঁটের দরকার আর্দ্রতা। এর অভাব হলেই শুরু হবে ঠোঁট ফাটা।’কিউবেলার কর্ণধার ও রূপবিশেষজ্ঞ ফারজানা আরমান বলেন, শীতে ঠোঁটের জন্য একটু বাড়তি নজর প্রয়োজন, বাড়তি সময় নয়। শীতের শুরু থেকেই লিপবাম বা লিপজেল ব্যবহার করতে হবে। ভ্যাসলিন ও গ্লিসারিনও ব্যবহার করতে পারেন। তবে যাঁদের ঠোঁট ফেটে গেছে এর মধ্যে, তাঁদের একটু বাড়তি চর্চা তো করতেই হবে। এ জন্য কিছু পরামর্শ দিয়েছেন ফারজানা আরমান।  খাঁটি ঘি ও মাখন ঠোঁটে মেখে সারা রাত রেখে দিন। ঠোঁট নরম হবে এতে।  মধু ও নারকেলের দুধ একসঙ্গে মিশিয়ে ঠোঁটে লাগাতে পারেন । গোলাপ ফুলের পাতা, মধু ও দুধের সর মিশিয়ে ১৫ মিনিট ঠোঁটে রেখে ধুয়ে ফেলুন। গ্লিসারিন ও লেবুর রস ২০-২৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। পাকা কলা ম্যাসাজ করতে পারেন খুব আলতো করে। জলপাই ও নারকেলের তেল ব্যবহার করতে পারেন রাতে ঘুমোতে যাওয়ার আগে।  শসার রস ঠোঁটে লাগালেও উপকার পাবেন। হাতের কাছে শুধু গোলাপজল থাকলে সেটাও লাগাতে পারেন।ছেলেদেরও ঠোঁট ফাটার প্রবণতা থাকে। সাধারণত ছেলেদের ঠোঁটের চামড়া বেশ পুরু হয়। হেরারোবিক্সের রূপবিশেষজ্ঞ তানজিমা শারমিন বলেন, অবশ্যই ঠোঁটকে আর্দ্র রাখতে হবে। লিপবাম ব্যবহার করতে হবে নিয়মিত। যদি তাতে সমস্যা থাকে তবে সাধারণ ক্রিমও লাগাতে পারেন। কোনোভাবেই জিভ দিয়ে ঠোঁট ভেজানো যাবে না। একটা ছোট্ট লিপবাম মনে করে রেখে দিতে পারেন পকেটে। যখনই শুষ্কতা অনুভব করবেন, তখনই তা ঠোঁটে লাগিয়ে নিন।