রুচিশীল পোশাকের সম্ভার সানমারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের বাজারে অপরূপ সাজে সেজেছে আধুনিক শপিং মল সানমার। রাতের সানমার রংবেরঙের আলোয় ঝলমল করছে। সেই আলোয় ভিড় করতে শুরু করেছেন ক্রেতারা। ক্রেতাদের আকৃষ্ট করতে সাপ্তাহিক লটারির ব্যবস্থা করা হয়েছে। সর্বনিম্ন ১০০ টাকার পণ্য কিনলেই কুপন পাওয়া যাবে। আর তা থেকে প্রতি সপ্তাহে ভাগ্যবান ক্রেতারা পাবেন ফ্রিজ, এলসিডি টিভি, মাইক্রোওভেন থেকে শুরু করে মোবাইল ফোন পর্যন্ত।সানমারের নিচতলা থেকে সাততলা পর্যন্ত ছেয়ে রয়েছে আধুনিক, রুচিশীল আর ব্র্যান্ডের পোশাক, জুতা, জুয়েলারি, কসমেটিক, ইলেকট্রনিকস সামগ্রীতে।নিচতলায় রয়েছে চট্টগ্রামের বুটিক হাউস শৈল্পিক এবং ক্যাটস আইসহ বেশ কিছু ছেলেদের পোশাকের শো-রুম, ক্রোকারিজ, ঘড়ি, শিশুদের খেলনা, গিফট এবং কার্ডের দোকান। ক্যাটস আইয়ের শো-রুম ম্যানেজার হুমায়ুন কবির বলেন, পাঞ্জাবির পাশাপাশি পুরুষদের পছন্দ ব্র্যান্ডের ক্যাজুয়াল শার্ট। হাফ ও ফুল হাতা শার্ট এক হাজার ২৫০ থেকে এক হাজার ৪৫০ টাকা, প্যান্ট এক হাজার ২০০ থেকে এক হাজার ৯৫০ টাকা, টি-শার্ট ৫০০ থেকে এক হাজার ২০০ টাকা। শেরওয়ানি কাট পাঞ্জাবির দাম দেড় হাজার থেকে দুই হাজার টাকা। দ্বিতীয় তলায় রয়েছে জুয়েলারি, কসমেটিকস, ব্যাগ, ঘড়ি ও চশমার শো-রুম। এই তলার ওফেলিয়া শো-রুমের ইনচার্জ মোহাম্মদ বেলাল হোসেন জানান, রোজার শুরুতে পোশাকের দোকানে ভিড় থাকলেও শেষের দিকে পোশাকের সঙ্গে মিলিয়ে ব্যাগ, জুতা এবং অলংকার কেনার দিকে ক্রেতারা ঝুঁকে থাকেন। তখন এই বাজার জমজমাট হয়। ওফেলিয়া থাইল্যান্ড, চীন, পাকিস্তান এবং ভারতে তৈরি মেয়েদের ক্যাজুয়াল ও পার্টি ব্যাগ, স্যান্ডেল এবং ইমিটেশন জুয়েলারির জন্য খুবই পরিচিত চট্টগ্রামে। এখানে ক্যাজুয়াল ব্যাগের দাম এক হাজার থেকে চার হাজার, পার্টি ব্যাগ এক হাজার থেকে ছয় হাজার, জুতা সর্বনিম্ন ৬০০ থেকে তিন হাজার টাকা। রুপার তৈরি গোল্ড প্লেটেড অলংকারের প্রতি বেশি আকৃষ্ট তরুণীরা। কানের এবং গলার সেট এক হাজার ৫০০ থেকে সাত হাজার পর্যন্ত। এ ছাড়া এক হাজার থেকে তিন হাজার টাকার পাথরের অলংকারের প্রতিও ঝোঁক বেশি বলে জানালেন বিক্রেতারা। এই মার্কেটের তৃতীয় তলায় মেয়েদের যাবতীয় পোশাকের শো-রুম এবং দোকান। এখানে বিদেশের আকর্ষণীয় ও রুচিশীল পোশাক এবং অন্যান্য সামগ্রী কিনতেই ক্রেতারা ভিড় করেন বলে জানা যায়। চতুর্থ তলায় রয়েছে শিশু এবং পুরুষদের পোশাকের সম্ভার। ফ্যাশন প্লাজার ব্যবস্থাপনা কর্মকর্তা বিকাশ দত্ত জানান, চতুর্থ তলার সম্পূর্ণটাই শিশু ও পুরুষদের আধুনিক এবং রুচিশীল পোশাকের দোকান। ফ্যাশন প্লাজায় দেশীয় পোশাক ছাড়াও ভারত, থাইল্যান্ড এবং চীন থেকে নিয়ে আসা জুতা, শার্ট, প্যান্ট, পাঞ্জাবিসহ রয়েছে শিশুদের পোশাকসামগ্রী। দেশীয় সুতি কাপড়ে কাজ করা পাঞ্জাবি পাওয়া যাবে এক হাজার ৮০০ টাকা থেকে পাঁচ হাজার পর্যন্ত। পুরুষদের শার্ট সর্বনিম্ন ৮০০ থেকে সর্বোচ্চ নয় হাজার টাকা পর্যন্ত। ছেলেশিশুদের শার্ট-প্যান্ট, টি-শার্ট, জিনস এবং থ্রি-কোয়ার্টারের দাম এক হাজার ২০০ থেকে সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত। মেয়েশিশুদের জন্য ফ্রক এক হাজার ৪০০ থেকে তিন হাজার টাকা, টপস ৭০০ টাকা, স্কার্ট এক হাজার ৫০০ থেকে তিন হাজার টাকা, লেহেঙ্গা তিন হাজার থেকে সাত হাজার টাকা। ক্রেতাদের সুবিধার্থে রোজার প্রথম সপ্তাহ পর্যন্ত ১০টায়, দ্বিতীয় সপ্তাহে ১২টা, তৃতীয় সপ্তাহে রাত দুইটা পর্যন্ত এবং এরপর সপ্তাহে সারা রাত মার্কেট খোলা থাকবে বলে জানান এই কর্মকর্তা। এই মার্কেটের একটি অন্যতম বৈশিষ্ট্য ষষ্ঠতলার সুবিশাল ফ্লোরজুড়ে রয়েছে খাবারের দোকান। চট্টগ্রামের অন্য কোনো মার্কেটে এ ব্যবস্থা নেই। সানমারের এবারে নতুন সংযোজন সাততলাজুড়ে বাটার ও আর্টিস্টির সুবিশাল শোরুম। বাটার বিক্রয়কর্মী মো. রাজন বিশ্বাস বলেন, চট্টগ্রামে এটিই বাটার সবচেয়ে বড় শোরুম। নতুন হিসেবে ধীরে ধীরে এর বিক্রির পরিসরটা বাড়ছে। আর্টিস্টির ব্রাঞ্চ ম্যানেজার এনামুল হক বলেন, ‘সানমারে আর্টিস্টির শোরুম দুটি। পুরুষদের সামগ্রী নিয়েই আমাদের যাবতীয় আয়োজন। দেশি-বিদেশি কাপড়ের তৈরি শার্ট, টি-শার্ট, বেল্ট, টাই, কুর্তা, ট্রাউজার, জিনস, ক্যাজুয়াল প্যান্ট, পাঞ্জাবি আর চামড়ার তৈরি জুতা নিয়েই আমাদের আয়োজন।’ ঈদের জমজমাট আয়োজন নিয়ে সানমার ওশান সিটির ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদ ইফতেখার প্রথম আলোকে বলেন, চট্টগ্রামের এটিই প্রথম শপিং মল, যেখানে একই ছাদের নিচে যাবতীয় আধুনিক ও রুচিশীল পণ্যসামগ্রী পাওয়া যায়। রয়েছে নিরাপত্তা এবং সুবিশাল জায়গাজুড়ে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা।