রুটি ও ঝোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তখন আমি ক্লাস থ্রিতে পড়ি। একদিন বিকেলে আম্মুর সঙ্গে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেলাম। রাতের খাওয়া শেষ করে আমরা বাড়িতে ফিরেছিলাম। ঘটনাটা ওই রাতের খাওয়া নিয়েই। খাবারের মেন্যু ছিল খাসির মাংস, ঝোল ও রুটি। আমার প্লেটে দেওয়া হয়েছিল পাঁচ পিস মাংস আর চারটি রুটি। সেই সময় অর্থাৎ ছোটবেলায় আমি আবার মাংস খেতে পছন্দ করতাম না। তবে মাংসের ঝোল বেশ প্রিয় ছিল। তাই খাবারের মেন্যুটা আমার জন্য মিশ্র অনুভূতির সৃষ্টি করেছিল। কারণ, একদিকে আমি মাংস খেতে পারি না আবার অন্যদিকে ঝোল দিয়ে রুটি খাওয়ার জন্য আমি পাগল। যেহেতু সেটা আত্মীয়ের বাড়ি, তাই সরাসরি মাংস খাব না, এ কথা বলা অভদ্রতা হবে।আমি সিদ্ধান্ত নিলাম, প্রথমে চোখ-কান বন্ধ করে মাংসগুলো পেটে চালান করে দেব। এতে ঝামেলা শেষ। তারপর আরাম করে গরম রুটি আর ঝাল ঝাল ঝোল খাওয়া যাবে!যেই ভাবা সেই কাজ। এক মিনিটের যুদ্ধে চোখ-মুখ বিকৃত করে অবশেষে বহু কষ্টে মাংসগুলো খেয়ে নিলাম। এরপর একটু বিশ্রাম নিয়ে আমার অতি নিকটভবিষ্যতের কর্মপন্থা সাজিয়ে নিলাম। প্রস্তুতি শেষ করে যেই না সাধের রুটি আর ঝোল খাওয়া শুরু করব; তখন আমার প্লেটটা কেড়ে নিয়ে ওই আন্টি বললেন, ‘থাক থাক, তোমাকে আর এত কষ্ট করে খাওয়া লাগবে না। আমি এতক্ষণ তো তোমার খাওয়া দেখলাম। এভাবে কেউ খায় নাকি! তুমি বরং গিয়ে টিভি দেখো। আমি তোমার জন্য অন্য কিছুনিয়ে আসছি...।’আমি আর কী বলব! জগতের নির্মমতায় নিস্তব্ধ হয়ে গেলাম! আসিফ শুভকুষ্টিয়া।