
১২ ডিসেম্বর, ২০১৩, রাত প্রায় ১০টা। আমি অফিসের ডেস্কে বসে একের পর এক ফোন রিসিভ করছি আর কম্পিউটারের কি-বোর্ডের সঙ্গে রীতিমতো যুদ্ধ করে যাচ্ছি।
আমাদের রিপোর্টিং বিভাগের বেশির ভাগ সহকর্মী তখন ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফটকে। আমাকে অনবরত ফোন দিয়ে সর্বশেষ খবর দিচ্ছেন তাঁরা, আমি সেগুলোর নোট নিচ্ছি। যাঁরা অফিসে ছিলেন, তাঁরা সবাই টিভির সামনে। সবার মধ্যে টানটান উত্তেজনা।
হঠাৎ একটা শোরগোল শুনলাম...হয়ে গেছে। দৌড়ে টিভির সামনে গেলাম। সব টিভি সরাসরি সম্প্রচার করছে, ‘মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর।’
একাত্তরে যুদ্ধজেতা বাঙালি জাতির ইতিহাসে আরেকটি নতুন অধ্যায় যুক্ত করে গত বছরের এই দিনটি। স্বাধীনতার ৪২ বছর পর এই দিনে প্রথম কোনো মানবতাবিরোধী অপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর হয়। ঘটনার গুরুত্ব বিবেচনায় গণমাধ্যমকর্মীদের কাছে এটা যেমন প্রথম সারিতে থাকবে, নাটকীয়তার দিক থেকেও এটি থাকবে প্রথম দিকে। সে জন্য আমাদের ফিরে যেতে হবে ৪৮ ঘণ্টা আগে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ের পর কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা কারাগারে চলে গিয়েছিল ৮ ডিসেম্বর। কিন্তু কবে ফাঁসি কার্যকর হবে, তা আমরা কেউই নিশ্চিত ছিলাম না। ১০ ডিসেম্বর সকাল থেকেই বিভিন্ন সূত্র থেকে জানতে পারলাম, আজ ফাঁসি কার্যকর হতে পারে। কিন্তু আনুষ্ঠানিকভাবে কোনো সূত্রই নিশ্চিত করছিল না। বিকেল ঘনিয়ে এল, আর ফাঁসির গুঞ্জন বাড়তে লাগল।
সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওই সময়ের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ও আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম গণমাধ্যমের সামনে আনুষ্ঠানিক ঘোষণা দিলেন, রাত ১২টা ১ মিনিটে কাদের মোল্লার ফাঁসি কার্যকর হবে। মুহূর্তেই আমাদের নিউজ রুম ব্যস্ত হয়ে উঠল। প্রধান বার্তা সম্পাদক লাজ্জাত ভাই ও বার্তা সম্পাদক শাহেদ ভাই আমাকে ডেকে বললেন, এখনই কাদের মোল্লার মামলাসংক্রান্ত সবকিছু লিখে প্রস্তুত রাখতে, ফাঁসি কার্যকর ও পরের ঘটনা শুধু যোগ করে দিলেই চলবে। আমিও তাঁদের কথামতো সম্ভাব্য লিড নিউজ (প্রধান প্রতিবেদন) লিখতে বসে গেলাম।
একজন গণমাধ্যমকর্মীর জন্য সবচেয়ে পরিচিত বিষয় হয়তো ‘অনিশ্চয়তা’। সেটা হতে পারে নিজের জীবনের, চাকরির বা খবরের অনিশ্চয়তা। কিন্তু শেষ মুহূর্তে কাদের মোল্লার ফাঁসি হওয়া নিয়ে যে অনিশ্চয়তার জন্ম হলো, তা হয়তো আমরা কেউ কখনো কল্পনা করিনি।
রাত সোয়া আটটার দিকে কাদের মোল্লার এক আইনজীবী আমাকে ফোন করে বললেন, ‘ভাই, আমরা চেম্বার জজের বাসায় যাচ্ছি।’ কেন—প্রশ্ন করতেই তিনি বললেন, ‘দেখি, কী করা যায়। খবর রাইখেন।’
ছুটে গিয়ে এ তথ্য জানালাম হেড অব রিপোর্টিং মাসুম ভাইয়ের (শওকত হোসেন) কাছে। তিনি খবর রাখতে বললেন। এর মধ্যে শাহেদ ভাই এসে আমাকে ধমক লাগালেন, ‘কিরে, তুই এখানে কী করিস? নিউজ লেখ।’ আমি ঘটনা জানালাম। তিনি বললেন, ‘যা হয় হোক, তোর কাজ তুই কর।’ আমি আবার ডেস্কে বসলাম। কিন্তু এমন অস্থিরতা শুরু হলো যে লিখতে পারছিলাম না। পাঁচ মিনিট পরপর আমি কাদের মোল্লার আইনজীবীদের ফোন করছি, কিন্তু কেউ ফোন ধরছেন না।
কয়েকজন সহকর্মী ইতিমধ্যে কেন্দ্রীয় কারাগারের সামনে চলে গেছেন। তাঁরা জানালেন, ফাঁসি কার্যকরের প্রস্তুতি শুরু হয়েছে। একদিকে কারাগারে ফাঁসির প্রস্তুতি, অন্যদিকে কাকরাইলের জাজেস কমপ্লেক্সে চেম্বার বিচারপতির বাসায় জামায়াতের আইনজীবীরা। চূড়ান্ত অস্থিরতায় কিছুতেই আমার লেখায় মন বসছে না। প্রতিটা মিনিট তখন আমার কাছে একেক ঘণ্টা বলে মনে হচ্ছিল।
প্রায় এক ঘণ্টা পর রাত সোয়া নয়টার দিকে আবারও কাদের মোল্লার সেই আইনজীবীর ফোন। উৎফুল্ল কণ্ঠে বললেন, ‘ভাই, চেম্বার জজ কাল সকাল পর্যন্ত স্টে (স্থগিতাদেশ) দিয়েছেন। আজ আর ফাঁসি হচ্ছে না।’
নিউজ রুমে তখন রীতিমতো শোরগোল...ফাঁসি হচ্ছে কি হচ্ছে না। আমি ও হাইকোর্ট প্রতিবেদক ফারুক ভাই (মহিউদ্দিন ফারুক) একের পর এক ফোন করতে লাগলাম অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার, জামায়াতের আইনজীবীদের। একমাত্র জামায়াতের আইনজীবীরা ছাড়া কেউ জানেন না স্থগিতাদেশ হয়েছে কি না। ফাঁসি নিয়ে চরম ধোঁয়াশা সৃষ্টি হলো। কারাগারের সামনে থেকে সহকর্মীরা জানালেন, সেখানে কিন্তু ফাঁসির প্রস্তুতি চলছে। কারা কর্তৃপক্ষ স্থগিতাদেশের বিষয়ে কিছু জানে না।
এরপর যা হলো, তা হয়তো হলিউডের চলচ্চিত্রেই দেখা যায়। সেটা হয়তো শেষ মুহূর্তে নায়কের গুলিতে ফাঁসির রশি ছিঁড়ে অসহায় ব্যক্তির প্রাণ বাঁচানোর দৃশ্য নয়, তবে তেমনই কিছু একটা। জামায়াতের আইনজীবীদের কাছে জানলাম, তাঁরা আদালতের লিখিত আদেশ সঙ্গে নিয়ে কারাগারে দিকে রওনা হয়েছেন। তখন রাত প্রায় ১১টা। ফাঁসি কার্যকর হতে মাত্র এক ঘণ্টা বাকি। সাড়ে ১১টার দিকে আদেশের কপি নিয়ে আইনজীবীরা যখন কারাগারের সামনে, তখন তাঁদের দিকে তাক করা অসংখ্য টিভি ও স্টিল ক্যামেরা। শতাধিক গণমাধ্যমকর্মীর ভিড়ে আইনজীবীদের গাড়ি আর সামনে যাচ্ছিল না। টিভিতে দেখলাম, জামায়াতের আইনজীবী আবদুর রাজ্জাক গাড়ি থেকে নেমে আদেশের কপি এক হাতে উঁচু করে ভিড় ঠেলে সামনের দিকে যাচ্ছেন। কিছুক্ষণ পর খবর এল, আদালতের আদেশে ফাঁসি স্থগিত করেছে কারা কর্তৃপক্ষ।
এ এক রুদ্ধশ্বাস নাটকীয়তা! বিস্ময়ে বিমূঢ় আমরা সবাই। কিন্তু বিস্ময়ের ঘোর কাটতে না-কাটতেই আবার সেই চিরচেনা তাড়া। শাহেদ ভাই বললেন, লিড (প্রধান প্রতিবেদন) চেঞ্জ। ফাঁসি কার্যকর নয়, কীভাবে স্থগিত হলো সেটা লিখতে হবে। আগের প্রতিবেদন সরিয়ে রেখে আবার নতুন করে লিখতে বসলাম কম্পিউটারের সামনে।
সাংবাদিকতার মজাই এখানে। মুহূর্তেই সব পরিকল্পনা ভেস্তে যায়, নিতে হয় নতুন পরিকল্পনা। আর সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ শেষ করার পরীক্ষা চলে প্রতিনিয়ত।
পরদিন ১১ ডিসেম্বর আপিল বিভাগে কাদের মোল্লার রায় পুনর্বিবেচনার আবেদনের শুনানি শুরু হলো। সেদিন শুনানি শেষ হয়নি, তাই তেমন চাপ ছিল না। পরদিন দুপুর নাগাদ আবেদন খারিজ করে দিলেন আপিল বিভাগ। আপিল বিভাগ থেকে দৌড় লাগালাম অফিসের দিকে, যেকোনো মুহূর্তে রায় কার্যকর হচ্ছে।
১০ ডিসেম্বর লেখা পুরোনো রিপোর্টটাই বের করে বিকেল থেকে হালনাগাদ করছিলাম আর অফিসে বসে খবর নিচ্ছিলাম। জানতে পারলাম, রাত ১২টার আগেই ফাঁসি কার্যকর হয়ে যেতে পারে। রিপোর্টিং বিভাগ প্রায় ফাঁকা হয়ে গেল সন্ধ্যার মধ্যেই। সারা দেশের চোখ আবার তখন ঢাকা কেন্দ্রীয় কারাগারের ওপর। আদালতে কাদের মোল্লার বিচারের পুরোটাই আমি কাভার করলেও ১০ ও ১২ ডিসেম্বরের এক দিনও আমি কারাগারের সামনে যেতে পারিনি।
রাত ১০টায় ফাঁসি কার্যকর হয়ে গেল। আগে থেকে প্রস্তুত থাকায় মাত্র আধা ঘণ্টার মধ্যে নিউজ শেষ করে ফেললাম, শাহেদ ভাইও দ্রুত সম্পাদনা সেরে ফেললেন।
প্রথম সংস্করণ ছাপায় চলে যাওয়ার পর অফিসেই রাতের খাওয়া শুরু করলাম। পরে আবার দ্বিতীয় সংস্করণের জন্য রিপোর্ট হালনাগাদ করতে হবে। রাত তখন পৌনে ১২টা। খবর এল, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদকে আটক করে সিএমএইচে (সম্মিলিত সামরিক হাসপাতাল) নিয়ে যাচ্ছে র্যাব। আবার দৌড়ঝাঁপ শুরু হলো, খবর সংগ্রহ করো। একটা বড় ঘটনার রেশ কাটতে না-কাটতেই আরেকটা বড় খবর, এ মনে হয় শুধু বাংলাদেশেই সম্ভব।
রাত দুইটা নাগাদ দ্বিতীয় সংস্করণের জন্য প্রতিবেদন চূড়ান্ত করলাম। ক্লান্ত, অবসন্ন শরীরে বাসায় যাওয়ার আগ মুহূর্তে শেষ মুহূর্তের জন্য চোখ বোলাতে গেলাম ফেসবুকে। দেখলাম, মাসুম ভাইয়ের স্ট্যাটাস, ‘এ দেশে সাংবাদিকতা করার মজাই আলাদা।’
কুন্তল রায়: নিজস্ব প্রতিবেদক