রুদ্রর জগৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুদ্রর স্টুডিও ‘হরপ্পা সিরামিকস’
রুদ্রর স্টুডিও ‘হরপ্পা সিরামিকস’

পরিচয়টা আকস্মিকভাবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালায় ‘১৯তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী’ ঘুরে দেখতে গিয়ে। ‘লগিং-২’ শিরোনামের শিল্পকর্মটির সামনে গিয়ে পা আটকে যায়। সিরামিকের শিল্পকর্ম এত সুন্দর, এত নান্দনিক হতে পারে!
শিল্পকর্মের গায়ে লাগানো ট্যাগ থেকে শিল্পীর নাম ও ফোন নম্বর জোগাড় করে একদিন দেখা করি তার স্টুডিওতে। স্টুডিওর ভেতরে ঢুকেই বিস্ময়! সুন্দর আর সবুজে ঘেরা একটা স্টুডিও।
শিল্পী রুদ্র নাসের ও তাঁর স্টুডিওর নাম ‘হরপ্পা সিরামিকস’। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক ডিজাইন ও মাল্টিমিডিয়া বিভাগ থেকে পাস করা রুদ্র কাজ করছেন সিরামিকস নিয়ে। একটু খটকা লাগল—গ্রাফিকস থেকে সিরামিকস? সদা প্রাণোচ্ছল এই যুবকের সঙ্গে কথা হলো তাঁর শিল্পজগৎ নিয়ে।
২০০৭ সাল থেকে শুরু হরপ্পার কার্যক্রম। বসুন্ধরা আবাসিক এলাকায় অ্যাপোলো হাসপাতালের খুব কাছে এই স্টুডিও। ছয় বন্ধু মিলে শুরু করেছিলেন। কিন্তু বাকিরা অন্য পেশা নিয়ে ব্যস্ত থাকায় রুদ্র নাসেরই হরপ্পাকে নিয়ে এগোতে থাকেন।
সিলেটে জন্ম নেওয়া রুদ্রের শৈশব কেটেছে পাহাড়ে, টিলায় খেলাধুলা করে। পাহাড় থেকে সংগ্রহ করা এঁটেল মাটি দিয়ে বানাতেন গুলতির বল। তা দিয়ে চলত পাখি শিকার। সেই থেকে তাঁর মাটি নিয়ে আগ্রহ। বোঝা গেল, রুদ্র গ্রাফিকস থেকে সিরামিকসে আসেননি। বরং সিরামিকস থেকে গ্রাফিকসে এসেছেন। হরপ্পা তার যাত্রা শুরু করেছিল মূলত ‘সেভ দ্য পটার’ স্লোগান নিয়ে।

রুদ্র নাসের
রুদ্র নাসের

রুদ্র বললেন, ‘আমাদের মৃৎশিল্পের ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে। হারিয়ে যাচ্ছে এই ঐতিহ্যের বাহক পাল সম্প্রদায়। এই ঐতিহ্য রক্ষা করতে হলে বাঁচাতে হবে পাল সম্প্রদায়কে। আমার সঙ্গে কাজ করছেন পাল সম্প্রদায়ের সাতজনসহ আশপাশের গরিব, দুস্থ নারী-পুরুষসহ ২২ জন।’
হরপ্পা দেশের অন্যতম বড় সিরামিকস স্টুডিও। তাদের তৈরি পণ্য দেশের সব নামী ক্র্যাফট হাউসসহ বিজ্ঞাপন এজেন্সি ও করপোরেট অফিসগুলোয় যাচ্ছে। রপ্তানি হচ্ছে অল্প বিস্তর।
রুদ্রের আগ্রহের জায়গা প্রোডাক্ট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টে। তিনি কাজ করছেন ড্রেস ডিজাইন, ইভেন্ট, ফটোগ্রাফি, ইন্টেরিয়রসহ বিভিন্ন মাধ্যমে। একসঙ্গে এতগুলো মাধ্যমে কাজ করছেন, প্রশ্ন করতে হেসে জানান, মাধ্যম যা-ই হোক না কেন, মূল বিষয় হলো নান্দনিকভাবে উপস্থাপন। তা রপ্ত থাকলে কোথাও সমস্যা হয় না।
এর মধ্যে রুদ্র পাঁচটি এককসহ জাতীয়, নবীন, এশীয় চারুকলা প্রদর্শনীসহ একাধিক আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নিয়েছেন। ঝুলিতে ভরেছেন ‘অন্যদিন ও সাপ্তাহিক ২০০০ ফ্যাশন অ্যাওয়ার্ড’।
ভবিষ্যৎ পরিকল্পনায় রুদ্র স্বপ্ন দেখেন একটি আন্তর্জাতিক মানের ডিজাইন স্টুডিও করার, যেখানে নানা ধরনের ও নানা মিডিয়া নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে তৈরি করা হবে পণ্য এবং তা দেশ ছাড়িয়ে যাবে আন্তর্জাতিক বাজারে।