রুনা লায়লার ফ্যাশন শো
অভিনব এক ফ্যাশন শো। অপেশাদার মডেলরা প্রথমে হেঁটে প্রদর্শন করলেন অভিজাত পোশাক, শেষে তাঁদের সঙ্গে যোগ দিলেন রুনা লায়লা। এক সময় রুনা লায়লার ডাকে মঞ্চে উঠে এলেন শাকিলা জাফর। দুজনের প্রাণখোলা হাসিতে উজ্জ্বল হয়ে উঠল চারপাশ। অসাধারণ এ মুহূর্তগুলো উপস্থিত সবাই উপভোগ করল ‘সিগনেচার বাই রুনা লায়লা’র আগের ও নতুন পোশাক নিয়ে আয়োজিত এক ফ্যাশন শোতে । ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে ৬ মার্চ ঢাকার গুলশানে অবস্থিত এটসেটরা ফ্যাশন এক্সক্লুসিভে অনুষ্ঠিত হলো এ ফ্যাশন শো।অনুষ্ঠানের প্রধান অতিথি রুনা লায়লা জানালেন, ‘আমার মেয়ের আগ্রহের কারণেই মূলত এ পদক্ষেপ। পাশ্চাত্যে তারকারা পোশাক, গয়না, পারফিউমে নিজস্ব নামে ব্র্যান্ড তৈরি করেন। এখানে আমার পছন্দের নকশায় তৈরি পোশাক নিয়েই সিগনেচার বাই রুনা লায়লার এই সম্ভার।’ বিশেষ অতিথি ইয়াসমীন মুর্শেদ জানান, দক্ষিণ এশিয়ার দেশগুলোর বিভিন্ন অলংকারকের পোশাক তুলে ধরা হয় এটসেটরায়। সিগনেচার বাই রুনা লায়লার এ পোশাকগুলো শুধু এখানেই পাওয়া যাবে। ফ্যাশন শোতে সালোয়ার-কামিজ, শাড়ি ও ফতুয়া প্রদর্শিত হয়। শিফন, জর্জেট, ক্রেপ, সিল্কের ওপর হাতের কাজ করা এমব্রয়ডারি, নিখুঁতভাবে বসানো পাথরের কাজ করা হয়েছে।ফ্যাশন শোতে উপস্থিত বিবি রাসেল জানান, প্রত্যেক মানুষের সৃজনশীলতার আলাদা গুরুত্ব আছে। রুনা লায়লা তাঁর সৃজনশীলতাকে অলংকারক হিসেবে ব্যবহার করেছেন। বাংলাদেশে তিনি একজন আইকন। তাঁকে দেখে অনেকে এ পেশায় আসতে আগ্রহী হবেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী শাকিলা জাফর, অভিনয়শিল্পী দিতি, ফ্যাশন ডিজাইনার এমদাদ হক, রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খান, সংগীতশিল্পী দিনাত জাহানসহ অনেকে।