
বছর তেইশের রুপম কান্তি দাশ। এক পায়ে জোর কম। হাতে লাঠি। খুঁড়িয়ে খুঁড়িয়ে চলেন। চোখেমুখে শারীরিক কষ্টের ছাপ। তারপরও দমার পাত্র নন তিনি। চালিয়ে যাচ্ছেন লেখাপড়া। এ জন্য কখনো টিউশনি কিংবা রাস্তায় দাঁড়িয়ে গান গাওয়া—কত কিছুই না করতে হয় তাঁকে।
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ধুপীপাড়ার বাসিন্দা রুপম। বাবার নাম লাতু কান্তি দাশ। মা নেই। বাবা অসুস্থ। ছোট তিন ভাই ও তিন বোনের লেখাপড়া এবং লালনপালনের দায়িত্বও এখন রুপমের কাঁধে।
রুপম বলেন, ‘ভাইবোনদের বাঁচিয়ে রাখতে হলে আমাকে অবশ্যই মানুষ হতে হবে। আর মানুষ হওয়ার জন্য চাই লেখাপড়া। তাই নানা অভাব–অনটনের মধ্যেও লেখাপড়াটা চালিয়ে যাচ্ছি। টাকার জন্য গান ও টিউশনি করি। এ ছাড়া অনেকে সাহায্য করেন। এ দিয়ে চলছে সংসার ও লেখাপড়া।’
কক্সবাজার শহরের প্রধান সড়ক, বিভিন্ন অফিস কিংবা সৈকতে রুপমকে দেখা যায়, লাঠিতে ভর করে হাঁটছেন। জটলা পেলেই গেয়ে শোনান গান। গান শোনে লোকজন সাহায্য করেন। পায়ের সমস্যা ছাড়াও রুপম কানেও শোনেন কম। কথা বলেন থেমে থেমে।
রুপম ২০১২ সালে কুতুবদিয়ার ধুরুং আদর্শ উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করেন (জিপিএ–৩.৬৯)। এরপর চলে আসেন কক্সবাজার শহরে। প্রথম দিকে শহরে রিকশা চালিয়ে রোজগার করে বেঁচে থাকার সংগ্রাম চালিয়েছেন। কিন্তু পায়ে সমস্যার কারণে রিকশা চালাতে পারছিলেন না। বেছে নেন অল্প বেতনের টিউশনি। এতেও ঠিকমতো চলছিল না। গান শেখেন। এরপর টিউশনির পাশাপাশি শহরের প্রধান সড়কে লাঠিতে ভর দিয়ে হেঁটে হেঁটে গান গেয়ে বেড়ান রুপম। উদ্দেশ্য, অর্জিত টাকা দিয়ে কলেজে ভর্তি হবেন। কিন্তু কিছুতেই সেই টাকা জমা হচ্ছিল না। এগিয়ে এলেন কক্সবাজার জেলা প্রশাসনের সরকারি কর্মচারীদের সংগঠন কক্সবাজার কালেক্টরেট তৃতীয় শ্রেণি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি স্বপন পাল। তাঁকে ভর্তি করিয়ে দিলেন কক্সবাজার সিটি কলেজের বাণিজ্য বিভাগে। চলতি বছর রুপম ৩.৩০–জিপিএ নিয়ে এইচএসসি পাস করেছেন। তাঁর ইচ্ছা স্নাতকে ভর্তি হওয়া।
সমিতির সভাপতি স্বপন পাল বলেন, ‘প্রতিবন্ধী হলেও রুপম লেখাপড়ার জন্য কঠোর পরিশ্রম করে চলেছেন। তাঁর ইচ্ছাপূরণের জন্য আমরা সমিতি ভবনের একটি কক্ষ তাঁকে বরাদ্দ দিয়েছি। সেখানে থেকে তাঁর লেখাপড়া চলছে। খাবারের জন্য একটি রেস্তোরাঁ ঠিক করে দিয়েছি। এখন ঢাকায় ভর্তি করানোর চেষ্টা চলছে। ঢাকায় সম্ভব না হলে কক্সবাজারের কোনো কলেজে পড়ার সুযোগ করে দেওয়া হবে।’
রুপম বলেন, শারীরিক প্রতিবন্ধী হওয়ায় তাঁকে কেউ কাজ দিতে চান না। পায়ের সমস্যার জন্য খুব একটা হাঁটাচলাও সম্ভব না। তার পরও নিজের জন্য লাঠিতে ভর দিয়ে তাঁকে হেঁটে হেঁটে গান গাইতে হয়। গান গাইলে মানুষ সমাদর করে। নিজেকেও ছোট মনে হয় না। এখন একটাই ইচ্ছা অনার্স পড়া।
রুপম এগোতে চান বহু দূর। লেখাপড়া করে স্বাবলম্বী হওয়ার প্রবল ইচ্ছাশক্তি নিয়ে রুপম দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করছেন। তাঁর বিশ্বাস সমাজের হৃদয়বান মানুষগুলো পাশে থাকলে এই যুদ্ধে তিনি জিতবেনই।