রুপার গয়নায় রূপের আভিজাত্য

প্রাচীনকাল থেকে আজ অবধি গয়নার বিকল্প শুধু গয়নাই। গয়না তা সে রুপারই হোক কিমবা সোনা বা অন্য কোনো ধাতু-রত্নেরই হোক, তা সব দেশের সব নারীর কাছেই আরাধ্য। তাই শুধু সোনা কিংবা রুপা নয়, নানা উপকরণে নিত্যনতুন নকশায় গয়না তৈরি হচ্ছে দেশে দেশে।
বাংলাদেশে রুপার একটি আলাদা ঐতিহ্য আর আভিজাত্য আছে। একসময় গ্রামবাংলার অনেক বউ-ঝিয়ের পায়েই শোভা পেত চমত্কার রুপার মল। শুধু সাজসজ্জার অনুষঙ্গ হিসেবেই নয় আর কেবল রাজা-উজির জমিদারের বাড়িতেই নয়, রুপার পানবাটি, রুপার হুঁকো, রুপার থালা-বাসন চোখে পড়ত অভিজাত অনেক পরিবারেই। রুপার ছিল এমনই দাপট।
ঐতিহ্যবাহী রুপার গয়না গ্রামবাংলার গণ্ডি ছাড়িয়ে হাল ফ্যাশনের জগতে সমাদৃত অনেক আগে থেকেই। মাঝে কিছুটা কমলেও এখন যেন আবারও ফিরে এসেছে রুপার যুগ। রুপায় গোল্ডপ্লেটেড পাথর বসানো আংটি, চুড়ি, ব্রেসলেট, গলার হার ইত্যাদির ব্যবহার দিন দিন বাড়ছে, সেই সঙ্গে সব সময়ের জনপ্রিয় রুপার মল তো আছেই। বাজারে অক্সিডাইজ রঙের রুপার মলের চাহিদা সবচেয়ে বেশি। ফ্যাশন-সচেতন নারীদের কাছে রুপার গয়না এখন পছন্দের তালিকায় প্রথম সারিতে। নারী ক্রেতাদের পাশাপাশি পুরুষের কাছেও রুপার ব্রেসলেট ও কানের রিং সমান জনপ্রিয় বলে জানালেন মেট্রো শপিং মলের ‘গয়না প্যালেস’-এর ম্যানেজার।
স্টাইলে নতুনত্ব আনতে এখন অনেকেই রুপার গয়না ব্যবহার করছেন। এ গয়নার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যেকোনো পোশাকের সঙ্গেই তা ব্যবহার করা যায়। তবে কোন পোশাকের সঙ্গে কোন গয়না ব্যবহার করবেন, তা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বিবিয়ানার স্বত্বাধিকারী লিপি খোন্দকার মনে করেন, ‘যেকোনো রঙের পোশাকের সঙ্গেই রুপার গয়না মানিয়ে যায়। তবে লাল, কালো ও সাদা রঙের পোশাকের সঙ্গেই রুপা সবচেয়ে ভালো মানায়।’ লিপি বলেন, এসব রঙের প্লেন শাড়ির সঙ্গে রুপার ভারী গয়না পরতে পারেন। জমকালো সালোয়ার কামিজ এবং ফতুয়ার সঙ্গেও রুপার বড় দুল দেখতে ভাল লাগবে। তবে সোনালি রঙের সাথে রুপার গয়না ব্যবহার না করাই ভালো।

যেভাবে পরিষ্কার রাখবেন
দীর্ঘদিন ব্যবহারের ফলে রুপার গয়না কালো হয়ে যেতে পারে। তাই এর জন্য চাই বাড়তি যত্ন ও সতর্কতা। আপনার পছন্দের রুপার গয়না পরিষ্কার রাখার জন্য কিছু পরামর্শ দিয়েছেন বিবিয়ানার লিপি খোন্দকার—
১. বাইরে থেকে এসে গয়না ভালো করে টিস্যুতে মুড়িয়ে বাক্সে রেখে দিন। তবে, ঘেমে গিয়ে থাকলে অবশ্যই গয়না ভালো করে নরম কাপড় বা টিস্যু দিয়ে মুছে নিতে হবে।
২. অনেক দিনের ব্যবহূত গয়না বেশি কালো হয়ে গেলে সাদা টুথপেস্ট দিয়ে হালকা করে ঘষে পরিষ্কার করে ধুয়ে ফেলুন। পুরোপুরি পরিষ্কার না হলেও এতে একটি সুন্দর অক্সি রং ফুটে উঠবে এবং দেখতেও বেশ ভালো লাগবে।
কোথায় পাবেন রুপার গয়না
ক্রেতাদের চাহিদা মাথায় রেখে রুপার গয়নার বিশাল সংগ্রহ রয়েছে ফ্যাশন হাউস আড়ং-এ। এখানে রুপার মল, নাকফুল, আংটি, চুড়ি, ব্রেসলেট থেকে শুরু করে গলার হার পর্যন্ত নানা নকশার গয়না পাওয়া যাবে। দাম নির্ভর করবে কী কিনছেন, তার ওপর।
এ ছাড়া ঢাকার গাউছিয়া, মেট্রো শপিং মল, ইস্টার্ন মল্লিকাসহ বেশির ভাগ শপিং মলেই রুপার গয়না পাবেন। অনেক গয়নার দোকান থেকেই আপনি নিজের পছন্দমতো নকশায় অর্ডার দিয়েও বানিয়ে নিতে পারেন রুপার গয়না।