রুপালি আলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি সিঁড়ির নিচে দাঁড়িয়ে আছি শেষের কবিতার একটি কপি হাতে। ভেতরটা ভালোমতো দেখে এসেছি। বাকি সবাই এসেছে, কিন্তু রুপালি তখনো আসেনি। রুপালি প্রায়ই প্রাইভেটে দেরি করে আসে। আজ ও গেট দিয়ে ঢোকামাত্র আমাকে দেখবে এবং স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করবে, আমি এখানে কী করছি! তারপর এ-কথা সে-কথায় আসল কথাটা পাড়ব আর শেষের কবিতা গিফট করে ফেলব! আমি গেট দিয়ে বারবার উঁকি দিচ্ছিলাম। ‘উফ! এখনো আসছে না কেন?’ গেট ছেড়ে আমি সিঁড়িতে বসে পড়ি। আমার বুক ধকধক করছে। এর আগে কোনো মেয়েকে কিছুই উপহার দিইনি! এদিকে স্যার যে সেদিন কলেজ থেকে তখনো আসেননি, তা আমার জানা ছিল না। হঠাত্ স্যার গেট দিয়ে প্রবেশ করেন! —স্লামালিকুম, স্যার!—ওয়ালাইকুম...। এখানে কী করো?—স্যার, মনির দোকানে গেছে, ওর জন্য বসে আছি।—তাড়াতাড়ি আসো। স্যার ওপরে উঠে যান। যাক, বাবা! বাঁচা গেল! ফাঁড়াটা ভালোয় ভালোয় কাটল। এবার ভালোবাসার ফাঁড়াটা কাটিয়ে সুন্দর শেপে নিয়ে আসতে পারলেই বাঁচি!স্যার যাওয়ার রেশ কাটতে না কাটতেই রুপালির প্রবেশ! অন্ধকার সিঁড়িঘর যেন রুপালি আলোয় আলোকিত হয়ে উঠল। আমাকে দেখেই একটা হাসি দিল। মাধুরী দীক্ষিত ফেল! ডাবল শূন্য! কিছুই না রুপালির এই হাসির কাছে!—কী ব্যাপার, তুমি এখানে কী করো?—লাবণ্যর জন্য বসে আছি!—লাবণ্য? লাবণ্য নামে তো...ব্যাচে নতুন নাকি?—না! লাবণ্য এই ব্যাচের শুরু থেকেই এখানে আছে!—মানে?আমি হাতের পেছন থেকে শেষের কবিতা বের করে বলি, লাবণ্য এখন অমিতের সামনে দাঁড়িয়ে আছে! লাবণ্যকে আজ আরও বেশি সুন্দর লাগছে!—ও, তাহলে এই ব্যাপার!আমি আবৃত্তি করি স্বরচিত কবিতা—‘ওহে লাবণ্য!ওহে মোর প্রাণ-মন!ক্ষুদ্র এ উপহার কর গ্রহণকর মোরে ধন্য! ওহে লাবণ্য!’ শুনে ও মুচকি মুচকি হাসছে। —প্রথম কথা হচ্ছে, এই লাবণ্য বই একদমই পড়ে না! সে জন্য আমি বইটা নিতে পারছি না! —কোনো সমস্যা নেই! নদীর পাড়ে তুমি শুধু আমার পাশে বসে থাকবে। আমি তোমাকে পড়ে পড়ে শোনাব!—আইডিয়াটা ভালোই! কিন্তু আমি গল্পের বই পড়ি না, কারণ গল্প-উপন্যাস-কবিতা আমার অসহ্য লাগে। জীবনটা গল্প-উপন্যাস নয়! আর কবিতা তো নয়ই!—তোমার বোধহয় কারও সাথে আছে...।—থাকতেই পারে! আমার চেহারা নিশ্চয়ই খারাপ নয়!—যার সাথে প্রেম করো, তিনি তোমাকে কবিতা শোনান না?—শোনাতে চায়, কিন্তু আমি মানা করেছি। —উনি কী করেন?—ব্যক্তিগত প্রশ্নের উত্তর দেওয়া হবে না!—আচ্ছা, উনি দেখতে কি খুবই সুন্দর?—এটাও ব্যক্তিগত প্রশ্ন! উত্তর দেওয়া হবে না...এই রে প্রাইভেটের দেরি হয়ে যাচ্ছে! আমি যাই...বলেই সে সিঁড়ি দিয়ে উঠে চলে গেল...। আমার কানে তখনো বাজছে, দেরি হয়ে যাচ্ছে! দেরি হয়ে যাচ্ছে! প্রাইভেটের দেরি হয়ে যাচ্ছে! কে যেন আমাকে ধাক্কা দিল। আমি সংবিত্ ফিরে পাই। কিন্তু এ কী! আমি আমার রুমে এলাম কী করে!আম্মা পাশ থেকে বললেন, কিরে, কতক্ষণ থেকে ডাকছি! প্রাইভেটে যাবি না? দেরি হয়ে যাচ্ছে তো! আমি বুঝলাম, আমি স্বপ্ন দেখছিলাম। আমি উঠে পড়ি। ব্যাগ গোছাতে গোছাতে প্রতিদিনকার মতো সেদিনও শেষের কবিতা ব্যাগে ঢোকালাম। রেডি হয়ে আমি স্যারের বাসার দিকে রওনা হই। স্যারের বাসা আমার বাসা থেকে হাঁটা দূরত্বে। তাই প্রতিদিনকার মতো হেঁটেই রওনা হলাম। সন্ধ্যার পরপরই স্যার আমাদের পড়াতেন। পথে যেতে যেতে ভাবছিলাম, গত তিন মাস থেকে রুপালিকে যে বইটা দেওয়ার চেষ্টা করছি, তা কি আজ দিতে পারব? নাকি স্বপ্নের মতোই রুপালি আমাকে প্রত্যাখ্যান করবে? করার আশঙ্কাই বেশি! ও যে পরিমাণ সুন্দরী... কেউ না কেউ ওকে প্রপোজ করে ওর সঙ্গে প্রেম করছে বোধহয়! মৃদুমন্দ বাতাস গায়ে মেখে আমি এগিয়ে চলি। সন্ধ্যা হয়ে যাচ্ছিল। তাই রাস্তার লাইটগুলো সব জ্বলছে। আগে কখনো খেয়াল করিনি...‘রাস্তার লাইটগুলো যেন রুপালি আলো দিচ্ছে!’ঘুম ঘুম ভাব নিয়ে আমি হেঁটে চলেছি। মাতাল হাওয়া আর রুপালি আলো মিলে আমার জন্য যেন স্বপ্নের এক বাহন তৈরি হয়েছে! সেই বাহনে চড়ে আমি যেন এগিয়ে চলেছি অন্য এক রুপালি আলোর খোঁজে...। সুমন সালেহীটোলারবাগ , মিরপুর, ঢাকা।