রুবাইয়ার রশ্মি

রুবাইয়া রুম্মানের বাবা পেশায় পুরকৌশলী। ছোটবেলা থেকেই রুবাইয়া বাবা আইনুল ফরহাদকে দারুণ সব নকশা করতে দেখতেন। বাবা এসে গল্প শোনাতেন, কোন স্থাপনাটি তিনি বানিয়েছেন, কোনটির নেতৃত্বে ছিলেন তিনি। বাবা ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র। প্রায়ই মেয়েকে ঘুরতে নিয়ে যেতেন বুয়েটে। মেয়েকে ঘুরিয়ে দেখাতেন বুয়েট প্রাঙ্গণ, পুরকৌশল ভবন (সিভিল বিল্ডিং), তাঁর নিজের হল। ‘একটা পেশা যে এতটা উপভোগ্য হতে পারে, তা আমার বাবাকে না দেখলে বুঝতাম না’ বলছিলেন রুবাইয়া। বাবার এই পেশার প্রতি অগাধ ভালোবাসা দেখেই রুবাইয়া ঠিক করে ফেলেন, বড় হয়ে প্রকৌশল পেশা বেছে নেবেন।
ভর্তি পরীক্ষার আগেই তাঁর মনস্থির। সুযোগও পেলেন পড়ার। যথারীতি বাবার বিশ্ববিদ্যালয় বুয়েটে এবং পুরকৌশল বিভাগেই। পুরকৌশল বিষয়টার প্রতি ভালো লাগা আগে থেকেই ছিল। সেই ভালো লাগা কাজে লাগল পড়াশোনায়। রুবাইয়া রুম্মানের প্রতি সেমিস্টারেই তাক লাগানো ফল—সিজিপিএ সবার ওপরে। স্নাতক শেষ করে যখন তিনি বিশ্ববিদ্যালয়জীবন শেষ করার প্রান্তে, তখন তিনি তাঁর ক্লাসে প্রথম (সিজিপিএ ৩.৯৯)। ফল বিশ্ববিদ্যালয় থেকে ডাক এল। শেষ করার বদলে শুরু করলেন নতুন এক জীবন, শিক্ষকতা। তাঁর শিক্ষাবর্ষে অসাধারণ এই ফলের জন্য পেলেন প্রধানমন্ত্রীর স্বর্ণপদক।
বুয়েটের পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান আবদুল মুক্তাদির বলেন, ‘আমাদের বিভাগে পড়তে এসে অসাধারণ ফলাফল করে রুবাইয়া অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রতি সেমিস্টারেই তার সিজিপিএ সর্বোচ্চ ছিল এবং এখন পর্যন্ত আমাদের বিভাগে রুবাইয়ার ফলাফলই সবচেয়ে ভালো।’ তিনি জানালেন, পুরকৌশল বিভাগে মেয়েদের পড়তে আসার সংখ্যা আগের চেয়ে অনেকাংশে বেড়েছে। পাশাপাশি নারীশিক্ষকের সংখ্যাও বেড়েছে এবং তাঁরা কর্মক্ষেত্রে খুবই ভালো কাজ করছেন।
রুবাইয়া ছোটবেলা থেকেই খুব শান্ত স্বভাবের। লেখাপড়ায় মেধাবী হিসেবেই নয়, রুবাইয়ার নামডাক একজন ভালো সংগীতশিল্পী হিসেবেও। গান শেখার শুরু সেই ছোট্টবেলাতেই, যখন প্রথম শ্রেণির ছাত্রী। সপ্তম শ্রেণিতে থাকতে যোগ দেন ‘আনন্দধারা’ নামের গান শেখানোর স্কুলে। বুয়েটে দ্বিতীয় বর্ষে পড়ার সময় ভর্তি হন ছায়ানটে।
রুবাইয়া পড়াশোনার পাশাপাশি যখনই সুযোগ পেয়েছেন, সব সময় সংগীতচর্চা করেছেন। আর সেই চর্চা ধরে রেখেছেন এই শিক্ষকতার জীবনেও। ক্লাস শেষ হতেই ছুটে যান ছায়ানটে। বললেন, ‘ছাত্রজীবনে গানের চর্চা করা কিছুটা সহজ ছিল, তবে এখন পেশাজীবনে এসে চাকরির সঙ্গে সঙ্গে চর্চাটা ধরে রাখা যথেষ্ট চ্যালেঞ্জিং।’ তবে এই দুটোই ধরে রাখা সম্ভব হওয়ার পেছনে একবাক্যে স্বীকার করে নিলেন নিজের এবং স্বামীর পরিবারের সহযোগিতার কথা। স্বামী মেরাজ রুবাইয়াত কামালও একজন পুরকৌশলী, পানি উন্নয়ন বোর্ডে সহকারী প্রকৌশলী হিসেবে কাজ করছেন। রুবাইয়া ও মেরাজ দুজনেই বুয়েটে ছিলেন সহপাঠী।
বাংলাদেশের প্রেক্ষাপটে মেয়েদের প্রকৌশল শিক্ষায় পড়ার বিষয়টি উঠলে রুবাইয়ার প্রথম কথা, ‘আমি কখনো ছেলে বা মেয়ে হিসেবে শিক্ষার এই বিষয়কে চিন্তা করি না। যার যেটা ভালো লাগবে, সে ওই বিষয়ে পড়াশোনা করবে।’ জানালেন সামাজিক প্রেক্ষাপটে অনেক পরিবর্তন এসেছে। প্রকৌশলীদের কাজ করার সুযোগ বেড়েছে। ছেলে বা মেয়ে সবার জন্যই কর্মক্ষেত্রে সুষ্ঠু পরিবেশ গড়ে উঠেছে।
রুবাইয়া মনে করেন, ছেলে বা মেয়ে যে-ই হোক না কেন, নিজের পরিবারের সহযোগিতা আদায় করে নেওয়া জরুরি। যখন সেই মেয়ের বাবা-মা দেখবেন, তাঁদের মেয়ে পড়াশোনায় অনেক ভালো করছে, তখন বাবা-মাও মনে একধরনের জোর পান, সহযোগিতা তখন আপনাআপনিই চলে আসে।
পরিবারের সহযোগিতা এগিয়ে যাওয়ার পথটা সহজ করে দেয় সেটাও জানালেন। ‘আমার বেলায় সব থেকে বড় সুবিধা ছিল, আমার মা এবং শাশুড়ি দুজনই কর্মজীবী। মা সোনিয়া রহমান কলেজের শিক্ষক এবং শাশুড়ি নাসিমা সাফা কামাল চিকিৎসক। হয়তোবা এ কারণেই আমি কখনো এ রকম পরিস্থিতির সম্মুখীন হইনি যে আমি চাকরি করতে পারব না, বরং প্রতিনিয়ত উৎসাহ পেয়েছি।’ পড়াশোনায় করেছেন দারুণ ফল, করছেন শিক্ষকতা আর চ্যালেঞ্জ নিয়ে চালিয়ে যাচ্ছেন সংগীতচর্চা। সব মিলিয়ে চারপাশে ছড়িয়ে পড়ছে রুবাইয়ার রশ্মি।