রুবাব খানের পাঁচ তারকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশি জ্যোতির্বিজ্ঞানী রুবাব খানের নেতৃত্বে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার একদল গবেষক খুঁজে পেয়েছেন আরাধ্য পাঁচটি নক্ষত্র। তাঁর এই আবিষ্কার হয়তো মহাকাশ সম্পর্কে আমাদের এত দিনের ধারণা বদলে দেবে!
রুবাব খান
রুবাব খান

পৃথিবীর ১০ হাজার আলোকবর্ষের মধ্যে সবচেয়ে বড় এবং উজ্জ্বলতম নক্ষত্রের নাম ‘এটা ক্যারিনাই’। মহাকাশে সূর্যের প্রায় দেড় শ গুণ বড় এই নক্ষত্রের সমকক্ষ কিছু আছে বা থাকতে পারে, তা ছিল ধারণার বাইরে। তবে মহাকাশ গবেষণা সংস্থা নাসায় কর্মরত একদল বিজ্ঞানী এমন অন্তত পাঁচটি নক্ষত্রের খোঁজ পেয়েছেন, যেগুলোকে এটা ক্যারিনাইয়ের ‘যমজ’ বলা হচ্ছে। এই বিজ্ঞানী দলের নেতৃত্ব দিয়েছেন একজন বাংলাদেশি। তিনি রুবাব খান। নাসায় কাজ করছেন খুব বেশি দিন হয়নি, বয়সটাও ত্রিশের ঘরেই। এরই মধ্যে তাঁর এ আবিষ্কার রীতিমতো সাড়া ফেলে দিয়েছে। আবিষ্কারটি কেন গুরুত্বপূর্ণ, তা জানার আগে রুবাবের পরিচয় জেনে নেওয়া যাক।
ঢাকায় বেড়ে ওঠা রুবাব খানের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ের পাকুন্দা গ্রামে। ঢাকার উদয়ন স্কুল থেকে এসএসসি এবং নটর ডেম কলেজ থেকে এইচএসসি পাস করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে (আইবিএ)। তবে বৃত্তি নিয়ে নিউইয়র্কের কলাম্বিয়া ইউনিভার্সিটিতে জ্যোতির্পদার্থবিজ্ঞান (অ্যাস্ট্রোফিজিকস) বিষয়ে পড়ার সুযোগ পেলে ২০০৪ সালে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। স্নাতক শেষে ২০০৮ সালে ভর্তি হন ওহাইও স্টেট ইউনিভার্সিটিতে। সেখানে ২০১০ সালে জ্যোতির্বিজ্ঞানে স্নাতকোত্তর এবং ২০১৪ সালে পিএইচডি করেন। পিএইচডি গবেষণার বিষয় ছিল প্রকাণ্ড সব নক্ষত্রের বয়স। এরপরেই মেরিল্যান্ড রাজ্যের গ্রিনবেল্টে অবস্থিত নাসা গডার্ড স্পেস ফ্লাইট সেন্টারে পোস্ট ডক্টরাল ফেলো হিসেবে তিন বছর গবেষণার সুযোগ পান তিনি। হাবল, স্পিৎজার ও হার্শেল টেলিস্কোপ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে মহাজাগতিক বস্তুর অস্তিত্ব খুঁজে বের করতে সাহায্য করে রুবাবের গবেষণা। এরই ফসল তাঁর এই আবিষ্কার।

ই-মেইল সাক্ষাৎকারে রুবাব বিস্তারিত বুঝিয়ে বলেন। বিবর্তনের সময়টাতে নক্ষত্র থেকে ধুলা, গ্যাসসহ বিভিন্ন ধরনের পদার্থের নিঃসরণ হতে থাকে। কাজটা কীভাবে হয় সে বিষয়ে বিতর্কের যথেষ্ট সুযোগ আছে। তবে এই নিঃসরণ যে বেশির ভাগ প্রকাণ্ড নক্ষত্রের বিবর্তন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে, সে বিষয়ে সন্দেহ নেই কোনো। যা হোক, এই ধুলা এবং গ্যাসের স্তর মাঝেমধ্যে এতটাই পুরু হয় যে বিশাল সে নক্ষত্রের উজ্জ্বল আলোও ঢাকা পড়ে যায়। কিংবা বলা যায়, আলোর নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যে নক্ষত্রগুলো অদৃশ্য হয়ে যায়। তবে আলোর যে শক্তি, তা কি আর ঠেকানো যায়! কোনো না কোনো রূপে তা প্রকাশ পাবেই। এ ক্ষেত্রে যা হয়, ধুলার আস্তরণ আলো শুষে নিয়ে আরও দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যে পুনরায় বিকিরণ করতে থাকে। এই আলো ‘মিড-ইনফ্রারেড’ আলো নামে পরিচিত।

হাবল টেলিস্কোপের সাহায্যে এম৮৩ ছায়াপথে পাওয়া দুটি যমজ এটা ক্যারিনাই। ছবি: নাসা
হাবল টেলিস্কোপের সাহায্যে এম৮৩ ছায়াপথে পাওয়া দুটি যমজ এটা ক্যারিনাই। ছবি: নাসা

আয়ু বৃদ্ধির সঙ্গে নক্ষত্রের ভর হ্রাসের সম্পর্ক বুঝতেই এই ধুলার আস্তরণযুক্ত নক্ষত্র সম্পর্কে জানাটা জরুরি বলে উল্লেখ করেন রুবাব। তিনি বলেন, ‘এর ফলে আমরা ছায়াপথের ওপর নক্ষত্রের ভর হ্রাস ও ধুলার আস্তরণ জমার প্রক্রিয়ার প্রভাব বুঝতে পারব। এ ছাড়া কীভাবে তা সুপারনোভা বিস্ফোরণে ভূমিকা রাখে তা জানতে পারব।’ তবে সমস্যার কথা, আমাদের নিজস্ব ছায়াপথ মিল্কিওয়েতে জঞ্জালের আস্তরণ টেলিস্কোপের দৃষ্টিপথে বাধা সৃষ্টি করে। এ কারণেই কোনো নক্ষত্রের আয়ুষ্কালের শেষ পর্যায়ের বিবর্তন সম্পর্কে জানতে খুঁজে দেখতে হয় অন্য ছায়াপথগুলোতে। এ কাজটি করতে রুবাব খান আর তাঁর দল ধরেছেন ভিন্ন পথ। তিনি টেলিস্কোপে আলোর খোঁজ না করে ধুলার আস্তরণ থেকে বিকিরিত মিড-ইনফ্রারেড ধরার চেষ্টা করেছেন। তিনি বলেন, ‘নাসার স্পিৎজার টেলিস্কোপ থেকে পাওয়া মিড-ইনফ্রারেড তথ্যের সঙ্গে হাবল টেলিস্কোপে দৃশ্যমান আলোর ছবি মিলিয়ে খুঁজে দেখার চেষ্টা করেছি। আর এ পদ্ধতিতেই কাছাকাছি অন্য ছায়াপথগুলোতে এটা ক্যারিনাইয়ের সদৃশ পাঁচটি নক্ষত্রের খোঁজ মেলে।’
ঊনবিংশ শতাব্দীর চল্লিশের দশকে এটা ক্যারিনাইয়ে মারাত্মক বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণে নির্গত পদার্থের পরিমাণ সূর্যের প্রায় ২০ গুণ। এই পদার্থগুলো ঘনীভূত হয়ে নক্ষত্রটির চারপাশে বালু ঘড়ির আকারে মহাশূন্যে ভেসে আছে। রুবাব খানের আবিষ্কারের আগে এটা জানার কোনো উপায় ছিল না ‘এটা ক্যারিনাইয়ের’ ঘটনাটি কোনো বিচ্ছিন্ন ঘটনা, নাকি নক্ষত্রের আয়ুর শেষ দিকে সব নক্ষত্রের ভাগ্যেই এমন ঘটনা ঘটে। রুবাবের দলের আবিষ্কারে দ্বিতীয় যুক্তিটিই সঠিক বলে ধরে নেওয়া যায়। আর এ তথ্যটুকুই প্রকাণ্ড এই নক্ষত্রগুলোর সৃষ্টি-ধ্বংস-বয়স এবং বিশ্বব্রহ্মাণ্ডে সেগুলোর ভূমিকা জানতে সাহায্য করবে।
ব্যাপারটাকে ভিন্নভাবেও দেখা যায়। বিগ ব্যাং বা মহাবিস্ফোরণের পরে বিশ্বব্রহ্মাণ্ডের সবকিছুই শুধু হাইড্রোজেন এবং হিলিয়ামের তৈরি ছিল বলে ধারণা করা হয়। পরবর্তীকালে যত কিছু সৃষ্টি হয়েছে, সেটা আয়ুষ্কালের শেষ দিকের কোনো নক্ষত্র থেকে হয়েছে কিংবা বিস্ফোরণের ফলে ধ্বংসের সময়টাতে হয়েছে।

হাবল টেলিস্কোপে পাওয়া ‘এটা ক্যারিনাই’
হাবল টেলিস্কোপে পাওয়া ‘এটা ক্যারিনাই’

সূর্যের তুলনায় ১০ বা তার বেশি গুণ বড় কোনো নক্ষত্রের বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে দ্রুত পরিবর্তন ঘটতে থাকে। কোনো নক্ষত্রের হাইড্রোজেন ও হিলিয়ামের মজুত পুড়ে শেষ হয়ে যাওয়ার পর তা কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, সোডিয়াম, সালফারের মতো পদার্থে রূপান্তরিত হয়। এভাবে কয়েক ধাপে পুড়ে, পোড়ানোর মতো আর কোনো জ্বালানি থাকে না। আর তখনই বিস্ফোরণের মাধ্যমে নক্ষত্রের মৃত্যু ঘটে, যা ‘কোর-কলাপ্স’ নামে পরিচিত। এ রকম কোনো ধ্বংসের ফলেই যদি পৃথিবীতে জীবনের সৃষ্টি কিংবা নিদেনপক্ষে বাসযোগ্য পরিবেশ তৈরি হয়, তবে দূরের কোনো ছায়াপথে প্রকাণ্ড কোনো নক্ষত্রের বিস্ফোরণে অনুকূল পরিবেশ কেন তৈরি হবে না?
আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটিতে রুবাব খান তাঁর দলের আবিষ্কার তুলে ধরলে বেশ সাড়া পড়ে যায়। রহস্যময় মহাকাশের রহস্যের কিছুটা হলেও তো উন্মোচন হয়েছে!
নাসায় কাজের অভিজ্ঞতার কথা বলেন রুবাব। সরকারি সংস্থা হওয়ায় কোনো বিশ্ববিদ্যালয়ের তুলনায় নাসায় কাজের অভিজ্ঞতা সম্পূর্ণ আলাদা বলে মনে করেন তিনি। একক কোনো গবেষণাগার হিসেবে সবচেয়ে বড় গবেষণাগার গডার্ড স্পেস ফ্লাইট সেন্টারে কাজ করেন বাংলাদেশি এই বিজ্ঞানী। বললেন, ‘১৩ হাজারের বেশি মানুষ এখানে কাজ করে। সে তুলনায় কোনো বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞান বা জ্যোতির্পদার্থবিজ্ঞান বিভাগে কাজ করে বড়জোর কয়েক শ গবেষক। যুক্তরাষ্ট্র সরকার যে গবেষণায় এত পরিমাণে বিনিয়োগ করেছে সেটা চমৎকার।’
রুবাবের বাবা নূরুর রহমান খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান ছিলেন, মা ফিকরিয়া বেগম ছিলেন সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির দর্শণের অধ্যাপক। দুজনেই এখন অবসরপ্রাপ্ত, ঢাকাতেই থাকেন। রুবাব তাঁর স্কুলের বন্ধু ফাইজা ফারিয়ার সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন ২০১০ সালে।