
রুবিকস কিউব মেলানো যাক আর না-ই যাক, চেষ্টাতেই যেন অপার আনন্দ! তাই হয়তো রুবিকস কিউব সব বয়সী মানুষকেই টানে। ছয়রঙা কিউবাকৃতির এই খেলনার উৎপত্তি কিন্তু খুব বেশি দিন আগে নয়। চার দশক পেছনে ফিরে যেতে হবে এর্নো রুবিকের ল্যাবে।
হাঙ্গেরীয় এই স্থপতি এমন একটি বস্তু বানাতে চাচ্ছিলেন, যা ত্রিমাত্রিক জটিল জ্যামিতিক সমস্যার সহজ সমাধান দিতে পারে। তাঁর সেই প্রচেষ্টারই ফসল রুবিকস কিউব। যদিও শুরুতে এর নাম রুবিকস কিউব ছিল না। ১৯৭৪ সালের মে মাসে এটি তৈরির পর এর্নো রুবিক এর নাম দিয়েছিলেন ম্যাজিক কিউব বা জাদুর কিউব।
এর প্রায় পাঁচ বছর পর ১৯৭৯ সালে আইডিয়াল টয় করপোরেশন এই কিউব বিপণন করার অনুমতিপত্র নিয়ে মাঠে নামে। ১৯৮০ সালে আন্তর্জাতিকভাবে প্রচারণার জন্য ম্যাজিক কিউবের নাম বদলে রুবিকস কিউব করা হয়।
তবে ইতিহাস ঘেঁটে জানা যায়, ১৯৭০ সালে ল্যারি নিকোলস নামে অন্য একজন ব্যক্তি রুবিকস কিউবের মতোই একটি কিউব তৈরি করেছিলেন। ১৯৭৫ সালে স্থপতি এর্নো রুবিক ম্যাজিক কিউবের পেটেন্টও করিয়ে নেন। তখনই শুরু হয় বিতর্কের। বিষয়টি সুরাহার জন্য আদালত পর্যন্ত গড়ায়। যাচাই-বাছাইয়ের পর ১৯৮৪ সালে রায় হয় ল্যারি নিকোলস নন, এর্নো রুবিকের হাতেই তৈরি হয় এ মজার খেলনাটি।
টেলিগ্রাফ ও ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস অবলম্বনে