রুবিকের ধাঁধার জগতে ৪ দশক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাঙ্গেরির নকশা বিশারদ অধ্যাপক এরনো রুবিক ১৯৭৪ সালে ষড়তল ঘনক্ষেত্রের এই ধাঁধার বস্তুটি তৈরি করেন। তাঁর নামেই এর নামকরণ হয় ‘রুবিকস কিউব’।
হাঙ্গেরির নকশা বিশারদ অধ্যাপক এরনো রুবিক ১৯৭৪ সালে ষড়তল ঘনক্ষেত্রের এই ধাঁধার বস্তুটি তৈরি করেন। তাঁর নামেই এর নামকরণ হয় ‘রুবিকস কিউব’।

এর জনক একজন নকশা বিশারদ। এটা বানানোর সময় তাঁর কোনো ধারণাই ছিল না কীভাবে এই ধাঁধা মিলানো সম্ভব। এখন প্রায় চোখের নিমেষেই, কয়েক সেকেন্ডেই এই ধাঁধা মিলিয়ে ফেলছে ১৫ বছরের কিশোরও। আর দুনিয়াজোড়া প্রতিযোগিতা চলছে এই ধাঁধা মিলানোর। এর জনক চিন্তাও করতে পারেননি এটা একসময় দুনিয়ার সবচেয়ে বেশি বিক্রি হওয়া খেলনার তালিকায় চলে আসবে। তিনি হয়তো ভাবেনওনি এটা ডিজাইন, শিল্পকলা থেকে শুরু করে বৈজ্ঞানিক গবেষণার জগতেও ঠাঁই করে নেবে এক অনন্য অনুষঙ্গ হিসেবে। চার দশকজুড়ে দুনিয়াকে এক ধাঁধার জগতে আচ্ছন্ন করে রাখা এই আবিষ্কারের নাম ‘রুবিকস কিউব’।

১৯৭৪ সালের বসন্তকালে হাঙ্গেরির নকশা বিশারদ অধ্যাপক এরনো রুবিক ষড়তল ঘনক্ষেত্রের এই ধাঁধার বস্তুটি তৈরি করেন। তাঁর নামেই এর নামকরণ হয় ‘রুবিকস কিউব’ বা ‘রুবিকসের ঘনক’। ছয়টি তল থেকেই তিন সারিতে বিন্যস্ত ২৭টি ছোট ছোট চতুষ্কোণ বক্স-কে একত্রে আটকে রেখে এই ধাঁধার বস্তুটি বানানো হয়েছে। ছয়টি তলের প্রতিটির উপরিভাগ আলাদা রঙের। কিন্তু ছোট বাক্সগুলো একবার ওলটপালট করে ফেলার পর উপরিভাগের রং মিলিয়ে মিলিয়ে এই ষড়তলের ঘনকটিকে মিলানো চাট্টিখানি কথা নয়! যাঁরা এই কর্ম করে ব্যর্থ হয়েছেন, তাঁরাই বলতে পারবেন এটা কেমন জটিল ধাঁধা। আর যাঁরা রুবিকস কিউবের ওস্তাদ তাঁদের কাছে এটা যেন একবারেই জলবত্ তরলং!


রুবিকস কিউবের ৪০তম বর্ষপূর্তি উদযাপন করতে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির লিবার্টি সায়েন্স সেন্টারে একটি প্রদর্শনী শুরু হয়েছে গত ২৬ এপ্রিল থেকে। প্রদর্শনীর নাম ‘বিয়োন্ড রুবিকস কিউব’। এই প্রদর্শনীতে অন্যান্য বিষয়ের সঙ্গে চার দশকজুড়ে শিল্পকলা, স্থাপত্য ও প্রকৌশলবিদ্যা, বিজ্ঞান গবেষণা ও নকশার ক্ষেত্রে রুবিকস কিউবের নানাবিধ ব্যবহার উপস্থাপিত হয়েছে। প্রদর্শনীর স্থলে বানানো হয়েছে একটা বিশালাকৃতির রুবিকস কিউব, যা নাড়িয়ে নাড়িয়ে ধাঁধা মিলানোর সুযোগ পাবেন দর্শনার্থীরা। পাশাপাশি বড় ওই কিউবের সামনেই ব্যাখ্যা করা হয়েছে কেন এবং কীভাবে এর ২৭টি চতুষ্কোণ বাক্সকে এত্তগুলো দিকে নাড়ানো যায়। বানানো হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ইলেকট্রনিক রুবিকস কিউব, যা একই সঙ্গে তিনটি স্টেশন থেকে পরিচালনা করা যায়। এ ছাড়া এই প্রদর্শনীতে দেখা যাবে যে রোবটরাও রুবিকস কিউব মিলাতে পারে।


রুবিকস কিউব মিলানোর প্রথম প্রতিযোগিতার আয়োজন হয়েছিল গত শতকের আশির দশকে। কিন্তু বাণিজ্যিক প্রচারণায় যুক্ত ওই আয়োজন বেশি দূর এগোতে পারেনি। নব্বই দশকের শেষ দিকে এবং এই শতকের শুরুতে ইন্টারনেটের মাধ্যমে দুনিয়ার নানা প্রান্তের প্রতিযোগীরা পারস্পরিক যোগাযোগের সুযোগ পায়। ২০০৪ সালে ওয়ার্ল্ড কিউব অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠার পর এক দশকেই ৬৬টি দেশে এক হাজার ৭০০টি প্রতিযোগিতার আসর বসেছে রুবিকস কিউব মিলানোর।


দ্রুতগতিতে রুবিকস কিউব মিলানোর প্রতিযোগীরা ‘কিউবার্স’ বা ‘স্পিড কিউবার্স’ নামে পরিচিত। সবচেয়ে দ্রুতগতিতে রুবিকস কিউব মিলানোর বর্তমান বিশ্বরেকর্ড ৫ দশমিক ৫৫ সেকেন্ডের। নেদারল্যান্ডসের কিশোর ম্যাটস ফালক এই রেকর্ডের অধিকারী। এই ধাঁধার খেলা মিলানোর প্রতিযোগীদের বেশির ভাগই কম বয়সী কিশোর-তরুণ এবং বেশির ভাগ ক্ষেত্রেই বিজ্ঞান ও গণিতে আগ্রহীরাই এতে দক্ষ।