রুবেলের মৃত্যু: বাংলাদেশিদের মধ্যে ক্ষোভ বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানববন্ধনে যুক্তরাজ্য যুব ইউনিয়নের সদস্যরা
মানববন্ধনে যুক্তরাজ্য যুব ইউনিয়নের সদস্যরা

ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি রুবেল আহমদের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ব্রিটেনপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক ক্ষোভ আর হতাশা। এই মৃত্যু নিয়ে বাংলাদেশি কমিউনিটিতে নানা কানাঘুষা চলছে। হতভাগ্য রুবেলের ভাগ্যে যা-ই ঘটুক না কেন, ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটির মধ্যে দেখা দিয়েছে ব্যাপক ক্ষোভ। কমিউনিটির নানা অংশ ও বিভিন্ন সংগঠন রুবেলের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় প্রতিবাদ জানানোর পাশাপাশি সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এখন সোচ্চার।

মানববন্ধনে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের সদস্যরা
মানববন্ধনে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের সদস্যরা

ওই ঘটনার পর থেকেই লন্ডনসহ সমগ্র ব্রিটেনের কোনো না-কোনো শহরে প্রতিদিনই সভা বা সমাবেশ হচ্ছে। ইতিমধ্যে জাস্টিস ফর রুবেল, গ্রেটার সিলেট ডেভেলপম্যান্ট কাউন্সিল (জিএসসি), বাংলাদেশ আওয়ামী লীগ ও ছাত্রলীগের যুক্তরাজ্য শাখাসহ কমিউনিটির বিভিন্ন সংগঠন লন্ডনে বিক্ষোভ সমাবেশ করেছে। তারা রুবেলের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা তদন্তের দাবি জানানোর পাশাপাশি প্রকৃত অপরাধী কেউ থাকলে তাকেও খুঁজে বের করার জন্য পুলিশসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি দাবি জানিয়েছে।তাঁদের কেউ বলছেন, পুলিশ বেশ বাড়াবাড়ি করেছে। কেউ বলছেন, বর্ডার গার্ড ও স্পেশাল এজেন্টরা অভিবাসী কমিউনিটির মধ্যে ভয় ও আতঙ্ক সৃষ্টি করতে এমন ঘটনা ঘটিয়েছেন। যাতে অভিবাসীরা তাঁদের আত্মীয়-পরিজন ও বন্ধুবান্ধবদের অবৈধভাবে ব্রিটেনে না আনেন এবং এ ব্যাপারে নিরুৎসাহিত হন। অভিবাসীরা জোরালোভাবে বলছেন, বর্ডার ইনটেলিজেন্স ইউনিট অত্যন্ত চতুরতার সঙ্গে রুবেলকে তাদের গিনিপিগ হিসেবে ব্যবহার করেছে। আবার কেউ কেউ ডিটেনশন সেন্টারে নানা দেশের নানা মানুষের সংস্পর্শে অনভিপ্রেত ভাইরাস সংক্রমণের কথাও বলছেন।

এদিকে ১৮ সেপ্টেম্বর বিকেলে স্থানীয় শহীদ আলতাব আলী পার্কে বাংলাদেশ যুব ইউনিয়ন যুক্তরাজ্য শাখার উদ্যোগে প্রতিবাদী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, নিরাপত্তা হেফাজতে রুবেলের এমন মৃত্যু চরম দুর্ভাগ্যজনক। এ ঘটনা হেফাজতে থাকা ব্যক্তির প্রতি অবহেলা, অমানবিক আচরণ, কর্তব্যে অবহেলা, প্রাতিষ্ঠানিক সহিংসতা চালিয়ে অভিবাসীদের আতঙ্কগ্রস্ত করার পাশাপাশি বর্ণবাদের মতো গুরুতর প্রশ্নকে সামনে নিয়ে এসেছে।

২৩ সেপ্টেম্বর মানববন্ধনের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠানো প্রচারপ্রত্র
২৩ সেপ্টেম্বর মানববন্ধনের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠানো প্রচারপ্রত্র

বক্তরা রুবেলের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ প্রদানের আহ্বান জানান এবং হেফাজতে থাকা সব বন্দীর প্রতি মানবিক আচরণ ও তাঁদের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
জোবাইদা নাসরীন, শাহরিয়ার বিন আলী, আহসান হাবীব, সুশান্ত দাস, সৈয়দ এনামুল ইসলাম, যুক্তরাজ্য উদীচীর সাধারণ সম্পাদক রবিউল হক, আনসার আহমদ উল্লাহ, আবিদ আলী, নাট্য নির্দেশক স্মৃতি আজাদ, অজন্তা দেব রায়, জামাল খান, আখতার সোবহান, আমান উদ্দিন প্রমুখ বক্তব্য দেন।

রুবেলের মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিচারের আওতায় নিয়ে আসার জন্য রুবেল বিচার ক্যাম্পেইনের উদ্যোগে কাল মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর লন্ডনে হোম অফিসের সামনে এক মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে। উদ্যোক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ব্রিটেনের সব শহর ও শহরতলিতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ করছেন। তাঁরা ধারণা করছেন, মানববন্ধনে ব্যাপক লোক সমাগম হবে।

এ ছাড়া আরও কয়েকটি সংগঠন ও সামাজিক সংস্থার ব্যানারে জাস্টিস ফর রুবেল নামে আন্দোলনের প্রস্তুতি চলছে। প্রতিদিনই এখন লন্ডনে এ নিয়ে কোনো কোনো দলের ব্যানারে প্রতিবাদ কর্মসূচি থাকছে।
এ ঘটনার পর পরই লন্ডনের বাংলাদেশ হাইকমিশন সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছিল তারা হোম অফিসের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে। এরপর তারা এ বিষয়ে আর কিছু জানানি। বলা যায় তারা এ ব্যাপারে নীরবতা পালন করছে।
এদিকে ১৯ সেপ্টেম্বর (শুক্রবার) পুলিশ রুবেলের স্থানীয় পরিজনের কাছে তাঁর লাশ হস্তান্তর করে। একই দিন ইস্ট লন্ডন মসজিদে বাদ জুমা রুবেলের জানাজা অনুষ্ঠিত হয়। এতে শত শত প্রবাসী অংশগ্রহণ করেন। রুবেলের আত্মীয় আজমল আহমেদ জানিয়েছেন, তাঁর লাশ ২৪ সেপ্টেম্বর বুধবার বাংলাদেশ বিমানে করে দেশে পাঠানো হবে।

সৈয়দ শাহ সেলিম আহমেদ
লন্ডন, যুক্তরাজ্য