রুবেলের মৃত্যু: যুক্তরাজ্যে মানববন্ধন

যুক্তরাজ্যপ্রবাসী রুবেলের মৃত্যুর সুষ্ঠু তদন্ত দাবি করেছেন হাজারো বাংলাদেশি নারী-পুরুষ। এ জন্য আজ মঙ্গলবার বেলা একটা থেকে দুইটা পর্যন্ত যুক্তরাজ্যের হোম অফিসের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচির মাধ্যমে তাঁরা এ দাবি জানান। হোম অফিসের বাইরে যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সংগঠন, বিভিন্ন জাতির চ্যারিটি ও কয়েকটি মানবাধিকার সংগঠন এই মানববন্ধন ও ঘেরাও কর্মসূচিতে হাতে ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করে। ব্যানার ও ফেস্টুনে লেখা ছিল ‘জাস্টিস ফর রুবেল’ এবং ‘উই ওয়ান্টস দ্য ট্রুথ’। যুক্তরাজ্যের মূলধারার সংগঠন মুভম্যান্ট ফর জাস্টিসসহ রাজনৈতিক, মানবাধিকারকর্মী ও অ্যামনেস্টির প্রতিনিধিরাও এই সময় উপস্থিত ছিলেন।

হোম অফিসের দক্ষিণ গেটের পূর্ব থেকে উত্তর প্রান্ত পর্যন্ত পুরো রাস্তা ও প্যাসেজে প্রবাসীরা প্রায় এক ঘণ্টা ব্যানার হাতে সারিবদ্ধভাবে শান্তিপূর্ণ অবস্থান করেন। এ সময় স্থানীয় অনেক মিডিয়ার প্রতিনিধি ও আলোকচিত্রীও উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তব্য দেন মানবাধিকারকর্মী আনসার আহমদ উল্লাহ, জাস্টিস ফর রুবেলের ডা. আনিসুর রহমান, কমিউনিটি নেতা ও লন্ডন বাংলার সম্পাদক কে এম আবু তাহের চৌধুরী, আফজাল হোসেন, শাহরিয়ার আলী, যুক্তরাজ্যের মানবাধিকারকর্মী অ্যান্তোনিয়া, জে ই গার্ডনার, জামাল খানসহ আরও অনেকে।

সমাবেশ শেষে জাস্টিস ফর রুবেল ক্যাম্পেইন কমিটির পক্ষ থেকে একটি প্রতিনিধিদল হোম অফিসে গিয়ে একটি স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপিতে সুস্পষ্টভাবে দুটি দাবি করা হয়েছে। তা হলো—রুবেলের মৃত্যুর কারণ অনুসন্ধানের জন্য সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করা এবং তদন্তের ভিত্তিতে যদি কোনো কর্মকর্তা বা দায়িত্বরত কারও কোনো অবহেলা পরিলক্ষিত হয়, তাহলে তাঁকে আইনের আওতায় নিয়ে আসা।
এদিকে এই প্রতিবেদক হোম অফিসের সঙ্গে যোগাযোগ করলে এখনই তারা এ নিয়ে কোনো বক্তব্য দিতে অপারগতা জানায়। তবে নাম প্রকাশ না করার শর্তে একজন জানিয়েছেন, হোম অফিস এখনো তাদের আগের বক্তব্যে অটুট। হোম অফিস আগেই জানিয়েছিল রুবেল আত্মহত্যা করেছেন।

যুক্তরাজ্যে রুবেলের আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করলে তাঁরা জানান, এখন অপেক্ষা করছেন ময়নাতদন্ত প্রতিবেদনের দ্বিতীয় মতামতের জন্য। দ্বিতীয় মতামত পাওয়ার পর তাঁরা আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে তাঁদের কর্মপন্থা নির্ধারণ করবেন।
উল্লেখ্য, যুক্তরাজ্যে ময়নাতদন্ত প্রতিবেদনে দ্বিতীয় মতামত সরকারি কিংবা চিকিৎসাসূত্রে সংগত না হলেও ব্যক্তিগত উদ্যোগে অনুরোধ করার নিয়ম আছে। সে ক্ষেত্রে ময়নাতদন্ত প্রতিবেদনের জন্য অনুরোধকারীকে ব্যয় বহন করতে হতে পারে। তবে এই প্রক্রিয়া যথেষ্ট সময়সাপেক্ষ ব্যাপার। আইনি অনেক প্রশ্নও এখানে জড়িত হয়ে পড়ে। এমনটাই জানিয়েছেন ওয়েস্টমিনিস্টারের একজন আইনজীবী।
বাংলাদেশি রুবেল আহমদ ৬ সেপ্টেম্বর যুক্তরাজ্যের মর্টন ডিটেনশন সেন্টারে আটক থাকা অবস্থায় মারা যান।
সৈয়দ শাহ সেলিম আহমেদ
লন্ডন, যুক্তরাজ্য