রুবেলের মৃত্যুতে যুক্তরাজ্যে তোলপাড়, তদন্ত দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুবেল আহমদ
রুবেল আহমদ

২৬ বছর বয়সী বাংলাদেশি ছাত্র রুবেল আহমদ যুক্তরাজ্যের লিংকনশায়ারের মর্টন হল ডিটেনশন সেন্টারে আটক ছিলেন। ৫ সেপ্টেম্বর গভীর রাতে (ঘড়ির কাঁটা অনুযায়ী তখন ৬ সেপ্টেম্বর) তিনি মারা যান। রুবেলের মৃত্যুর খবর প্রথম প্রচারিত হয় লিংকনশায়ার একোতে। এর আগ পর্যন্ত তাঁর আত্মীয়স্বজনের কাছে সে অসুস্থ না মৃত, সে ব্যাপারে কোনো তথ্য ছিল না। লিংকনশায়ার একোর মাধ্যমে সংবাদটি দ্রুত ছড়িয়ে পড়ে।

রুবেলের গ্রামের বাড়ি বাংলাদেশের সিলেট জেলার বিশ্বনাথে এখন কান্নার রোল বইছে। এদিকে রুবেলের মৃত্যুসংবাদ প্রচারিত হওয়ার পরপরই নানা প্রশ্ন ও বিতর্ক উত্থাপিত হয়েছে। রুবেলের যুক্তরাজ্যপ্রবাসী এক ভাই (কাজিন) আজমল আলী তাঁর মৃত্যুর ঘটনা তদন্তের দাবি জানিয়েছেন।

লন্ডনের একমাত্র বাংলা রেডিও বেতার বাংলার বিভিন্ন অনুষ্ঠানের সময় শ্রোতারা ফোন করে নিজেদের ক্ষোভ ও অভিব্যক্তি প্রকাশ করছেন। সাদেক আহমেদ নামের একজন শ্রোতা বেতার বাংলার লাইভ অনুষ্ঠানে যুক্তরাজ্যের মতো আধুনিক, উন্নত, মানবাধিকার সমুন্নত ও গণতান্ত্রিক ব্যবস্থায় ডিটেনশন সেন্টারে বাংলাদেশি ছাত্রের এ ধরনের মৃত্যু নিয়ে প্রশ্ন তোলেন। তিনি একই সঙ্গে মানবাধিকার সংগঠন ও আইনজীবীদের সঠিক তথ্য উদঘাটনের জন্য এগিয়ে আসার আহ্বান জানান।

জানা যায়, রুবেল আহমদ পাঁচ-ছয় বছর আগে ওয়ার্ক পারমিট হলিডে মেকার ভিসায় যুক্তরাজ্যে আসেন। তাঁর ভিসার মেয়াদ ছিল দুই বছর। মেয়াদ শেষ হলে তিনি ওভার স্টে হয়ে যান। লুকিয়ে কাজ করার একপর্যায়ে বছর দেড়েক আগে পুলিশ তাঁকে গ্রেপ্তার করলে মুচলেকা ও জামিনের শর্তে ছাড়া পান। স্থানীয় থানায় ১৫ দিন অন্তর হাজিরা সাপেক্ষে তিনি মুক্ত ছিলেন।

অপর একটি সূত্র জানায়, পুলিশ রুবেলকে প্রথমবার আটক করলে তিনি কলেজে ভর্তি হয়েছেন এবং সেখানে ক্লাস করছেন, এমন কাগজপত্র দেখান। পরবর্তী সময় পুলিশ সেই কলেজের অস্তিত্ব খুঁজে পায়নি। অন্যদিকে জামিনের যে শর্তে তিনি মুক্ত ছিলেন, সে শর্তও কোনো কারণে ভঙ্গ হয়। জামিনদার সরে যাওয়ার কারণে কিংবা অন্য কোনো কারণে তিনি পুলিশের নজরদারিতে ছিলেন। এ অবস্থায় গ্রেপ্তার হয়ে ডিটেনশন সেন্টারে আটক ছিলেন রুবেল।


আজমল আলী জানান, ‘রুবেল ছিল খুবই ভালো প্রকৃতির। ডিটেনশন সেন্টারে মৃত্যুর পর আমরা সংবাদ পেয়েছি।’ স্থানীয় পত্রিকা গার্ডিয়ান ও লিংকনশায়ার একোর সঙ্গে কথা বলার সময়ও তিনি মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য তদন্তের আহ্বান জানান।

একাধিক সূত্র জানিয়েছে, রুবেল সেদিন পেটব্যথায় কাতরাচ্ছিলেন, তখন ভেতর থেকে দরজা বন্ধ ছিল। ওই সময় একাধিক ডিটেইনিও পেটের বেদনায় কাতরাচ্ছিলেন।

রুবেলের সলিসিটর সারওয়ার খান বলেন, ‘কয়েক দিন আগে রুবেলের সঙ্গে সাক্ষাত্ করেছি। সে আমাকে জানিয়েছিল, তাঁর সবকিছুই ঠিক আছে। এ অবস্থায় তাঁর মৃত্যু রহস্যজনক। তাই এ ব্যাপারে স্বাধীন তদন্ত দাবি করছি।’


রুবেলের মৃত্যুতে মন্ত্রীর বিবৃতি

হোম অফিস মিনিস্টার জেমস ব্রোকেন শায়ার এক বিবৃতিতে জানিয়েছেন, ‘আমরা ডিটেইনিদের স্বাস্থ্য, নিরাপত্তা, কল্যাণ প্রভৃতি বিষয়ে অত্যন্ত ভালোভাবে দেখভাল করে থাকি। তার পরও ডিটেনশন সেন্টারে একজন ডিটেইনির মৃত্যু হয়েছে। আমাদের সব সহমর্মিতা শোকাহত পরিবারের প্রতি এবং আমরা মর্মাহত। ডিটেনশন সেন্টারে একজন ডিটেইনির মৃত্যুর বিষয়ে পূর্ণ তদন্ত শুরু হয়েছে।’


বাংলাদেশ হাইকমিশনের বিবৃতি

যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশন সংবাদমাধ্যমে এক বিবৃতিতে জানিয়েছে, রুবেল আহমদের বিষয়টি জানার পর থেকে হাইকমিশন যুক্তরাজ্যের হোম অফিসের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে। এর ধারাবাহিকতায় হাইকমিশনের পক্ষ থেকে ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিসে ৮ সেপ্টেম্বর একটি কূটনৈতিক নোট দিয়ে বিষয়টি নিশ্চিতকরণ ও সংশ্লিষ্ট তথ্য পাঠানোর অনুরোধ জানানো হয়। নোট পাওয়ার পর হোম অফিস নিশ্চিত করেছে, ৫ সেপ্টেম্বর রাত ১১টা ১০ মিনিটে ডিটেনশন সেন্টারের টহল পুলিশ রুবেল আহমেদকে দরজার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এরপর পুলিশ তাঁকে জরুরি চিকিত্সাকেন্দ্রে নিয়ে যায়। রাত ১২টা ৯ মিনিটে চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। হোম অফিস এ ঘটনার পরপরই তদন্তপ্রক্রিয়া শুরু করেছে।


সৈয়দ শাহ সেলিম আহমেদ
লন্ডন, যুক্তরাজ্য
<[email protected]>