রুবেলের মৃত্যুর ঘটনা তদন্তের দাবিতে সমাবেশ

যুক্তরাজ্যের মর্টন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি রুবেলের মারা যাওয়ার প্রকৃত কারণ উদঘাটন ও সুষ্ঠু গণতদন্তের দাবিতে গতকাল ১৭ সেপ্টেম্বর লন্ডনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গ্রেটার সিলেট ডেভলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল (জিএসসি) তাদের পূর্ব লন্ডনের কার্যালয়ে এই প্রতিবাদ সভার আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারপার্সন নূরুল ইসলাম মাহবুব। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মহাসচিব সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য সফররত বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান সোহেল আহমদ চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কাউন্সিলের পৃষ্ঠপোষক কেএম আবু তাহের চৌধুরী, উপদেষ্টা পরিষদের সভাপতি মিয়া মনিরুল আলম, বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম এ মুনিম, মাহিদুর রহমান, এম এ মান্নান, আব্দুল আজিজ সরদার, মতিন-উজ-জামান, মো: ইসবাহ উদ্দিন, সংবাদ পাঠিকা ড. জাকি রেজোয়ানা আনোয়ার, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্টের সভাপতি এ কে এম সেলিম । বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন মৃত রুবেলের আতয় হিরন মিয়া। এ ছাড়া সংগঠনের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন তৌফিক আলী মিনার।
বক্তারা বলেন, ব্রিটেনের মতো একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে এভাবে একজন অভিবাসীর করুণ মৃত্যু দুর্ভাগ্যজনক ও বেদনার। এ মৃত্যু মেনে নেওয়া যায় না। এই ঘটনার সুষ্ঠু তদন্ত প্রয়োজন।
এই সভায় একই সঙ্গে বাংলাদেশ থেকে দিল্লিতে ভিসা প্রসেসিং সেন্টার স্থানান্তরেরও প্রতিবাদ জানানো হয়। বক্তারা ঢাকাস্থ ব্রিটিশ ভিসা প্রসেসিং সেন্টারের দিল্লীতে স্থানান্তরের সিদ্ধান্ত বাতিল করার পাশাপাশি অবিলম্বে সিলেটেও পূণার্ঙ্গ ভিসা প্রসেসিং কার্যক্রম শুরু করার দাবি জানান। এ ব্যাপারে প্রবাসী সকল সংগঠনকে ঐক্যবদ্ধ হয়ে জোরালো প্রতিবাদের জন্য আহবান জানানো হয়। সভা পরিচালনা করেন ড. মুজিবুর রহমান।
উল্লেখ্য, রুবেল আহমদের অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে লন্ডনের বাংলাদেশি কমিউনিটির মধ্যে শুরু হয়েছে তোলপাড়। বাংলাদেশি সকল সামাজিক, রাজনৈতিক এবং বিভিন্ন বিভাগীয় সংগঠনসমূহ একত্রিত হয়ে আন্দোলনে নামছে। অনেকের সঙ্গে আলাপ করে জানা গেছে, তারা ধীরে ধীরে এই আন্দোলনকে সারা ব্রিটেন ছড়িয়ে দেওয়ার পাশাপাশি স্বাক্ষর অভিযান, মানববন্ধন, স্মারকলিপি পেশ ইত্যাদিসহ বিভিন্ন লবিস্ট গ্রুপের সঙ্গে সাক্ষাৎ করে এ ব্যাপারে আন্দোলন জোরদার করবেন।