বাগান থেকে মহাকাশ-চার

(পূর্ব প্রকাশের পর)
পরবর্তী কাহিনি গণিতজগতের এক যুগান্তকারী ঘটনা। পয়েনক্লেয়ার সিদ্ধান্তে পৌঁছে গেলেন যে গতানুতিক গাণিতিক পদ্ধতিতে এ-সমস্যার সমাধান সম্ভব নয়। সম্পূর্ণ নতুন চিন্তার সূচনা না হলে ত্রিদেহী বা বহুদেহী বিশ্বের দ্বারোদ্ঘাটন হবে না। কলনশাস্ত্র আর বীজগণিতের পথ এড়িয়ে তিনি জ্যামিতির শরণাপন্ন হলেন। এবং তাতেই হলো অভীষ্টসিদ্ধি-ধীরে ধীরে প্রকৃতি তাঁর অবগুণ্ঠন উন্মুক্ত করতে শুরু করল। কিছুদিন দিনরাত খাটাখাটি করে আনরি পয়েনক্লেয়ার এক অপূর্ব উপহার নিয়ে এলেন গণিতের বিচিত্র জগতে। তাঁর সমাধানের মধ্য দিয়ে নিউটনের মাধ্যাকর্ষণ শক্তি দ্বারা ধাবিত গতির যে সূক্ষ্ম বিষয়গুলো কিছুতেই ধরা দিতে চাচ্ছিল না, তাঁর দ্বিদেহী তত্ত্বের বলয়ে, তার পূর্ণ সমাধান অবিশ্বাস্য এক রূপসীর রূপ ধারণ করে আবির্ভূত হলো। এবং সেটা হলো এমনই এক নতুন সজ্জায় যে তাতে করে জ্যামিতিক গণিতের একটা পুরোপুরি নতুন শাখাই সৃষ্টি হয়ে গেল বলতে গেলে। শাখাটির নাম ‘টপলজি’, যার সঠিক বাংলা আজ পর্যন্ত হয়েছে বলে আমার জানা নেই। (পরাজ্যামিতি বলা ঠিক হবে কি?) এই নতুন জ্যামিতি অনুযায়ী একটি বর্গক্ষেত্র আর একটি বৃত্তের মধ্যে (দুয়ের ভেতরটা যেন একই রকমভাবে ফাঁকা থাকে) প্রকৃতিগত কোনো প্রভেদ নেই-দুটোই টেনেটুনে ছোট আকারে সংকুচিত করে করে বিন্দুতে পরিণত করা যায়। সুতরাং পরাজ্যামিতিক দৃষ্টিভঙ্গিতে তারা অভিন্ন। স্পষ্টতই গতানুগতিক ইউক্লিডিয়ান জ্যামিতির সঙ্গে আকাশপাতাল তফাত।
কিন্তু তার চেয়েও বড় যে জিনিসটি পরিষ্কার ভাষায় ফুটে উঠেছে, সেটা হলো বিশ্বপ্রকৃতি সম্বন্ধে পয়েনক্লেয়ারের অসাধারণ অন্তদৃর্ষ্টিপূর্ণ অনুধাবন, যেন সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড তাঁর সন্ধানী দৃষ্টির তীক্ষ্ণবাণে বিদ্ধ হয়ে অবশেষে নতশিরে নতিস্বীকার করতে বাধ্য হয়েছে। তাঁর মূল বক্তব্য ছিল এই যে ক্রিয়া-প্রতিক্রিয়া যতই জটিল হোক (এবং আকর্ষণ-বিকর্ষণের অমোঘ বিধান দ্বারা নিবদ্ধ বস্ত্তর সংখ্যা নিউটনের দ্বিদেহী সংস্থার গণ্ডি পার হয়ে তিন বা তারও ঊর্ধ্ব সংখ্যায় পৌঁছে গেলে), যতই জটিল থেকে জটিলতর পথ পরিক্রম করুক না কেন, ‘শেষ পর্যন্ত’ প্রতিটি চলমান বস্ত্তই তার যাত্রাবিন্দুতে প্রত্যাবর্তন করে, সাময়িকভাবে হলেও। শর্ত হলো যে তাদের পারস্পরিক ঘাত-প্রতিঘাতের নিরন্তর প্রক্রিয়াটি অবিরাম যেন চলতে থাকে। সেখানে কোনো রকম বিরতি ঘটলে চলার শকটটিও স্থিতাবস্থায় সমাপ্ত হয়ে যাবে। কিছুটা ঘড়ির কাঁটার মতো। পাঠক নিশ্চয়ই লক্ষ করেছেন যে আমি একটা গুরুত্ব আরোপ করেছি ‘শেষ পর্যন্ত’ শব্দযুগলের ওপর-তার কারণ এই যে ফিরে আসাটা, এটি কিন্তু অল্প সময়ের মধ্যে মোটেও টের পাওয়া যাবে না। আসলে অধিকাংশ গতিই এ রকম প্রত্যাবর্তী আচরণ প্রদর্শন করে না-অনেক অনেক কাল ধৈর্য ধরে অপেক্ষা করতে পারলে তবেই সে ধরা দেবে। অবশ্য সব বস্ত্ত পূর্বাবস্থানে ফিরে এসে অন্তহীন পরিক্রমায় ঘুরতে থাকবে তাও নয়-কিন্তু যারা আসে তাদের প্রতিই আমাদের বেশি জোর দিতে হয়। যেমন সূর্যের চারপাশে নিত্য ঘূর্ণমান পৃথিবী একবার ঘুরে এসে আবারও ঠিক একই পথে চলতে শুরু করে। পয়েনক্লেয়ার সে কথাটার ওপরই জোর দিতে চেয়েছিলেন। তাঁর নিজেরই ভাষায়: ‘The reason the periodic solutions are so precious to us is that they are the only opening by which we can enter this inaccessible fortress.’ (এই পৌনঃপুনিক সমাধানগুলো এত মূল্যবান আমাদের কাছে, কারণ এই একটিমাত্র উপায় আমাদের যাতে করে আমরা প্রকৃতির দুর্ভেদ্যে রহস্যপুরিতে প্রবেশ করতে পারি) জটিল গণিতের সাধকেরাও যে কখনো কখনো কাব্যিক ভাষায় তাঁদের ভাব প্রকাশ করার ক্ষমতা রাখেন, এই পঙ্ক্তিটি যেন তারই খানিক ইঙ্গিত দেয়।
আমরা সাধারণ মানুষ হয়তো বিজ্ঞের মতো মুচকি হেসে বলব, এগুলো সব পাগল গাণিতিকদের উর্বর কল্পনার উদ্ভট আবিষ্কার ছাড়া কিছু নয়। এর সঙ্গে বাস্তবতার সম্পর্ক কী? হ্যাঁ, আছে। আমরা অজ্ঞ বলেই বুঝেও বুঝি না, দেখেও দেখি না। পয়েনক্লেয়ারের কথাগুলো যে বর্ণে বর্ণে সত্য তার প্রত্যক্ষ প্রমাণ তো আমাদের চোখের সামনে-রোজই ডগডগ করে তাকিয়ে থাকে আমাদের দিকে। মানে আমাদেরই চিরপরিচিত সূর্য-চন্দ্র-পৃথিবী নিয়ে যে ত্রিদেহী সমাবেশটি ঊর্ধ্বগগনে, আমি তারই কথা বলছি। এরা তো তিনটিতে মিলে সেই একই দৃশ্যের অবতারণা করে চলেছে অনাদিকাল ধরে-একে অন্যকে টানছে নিজ নিজ ভরমাফিক ক্ষমতা দিয়ে, অতএব তিনটিরই তো কিছু-না-কিছু নড়াচড়া হওয়ার কথা ওই কারণে। হয়ও। তবে সূর্য তারকাটি আকারে এত বিশাল অন্য দুটির তুলনায় যে তার গায়ে বলতে গেলে সামান্য একটু আঁচড়ও লাগে না। লাগে অপর দুটির গায়ে। লাগে বলে পৃথিবী বছরে একবার করে সূর্যের চারদিকে ঘোরে আর চন্দ্র ঘোরে পৃথিবীর চারদিকে মাসে একবার। ওদের মধ্যে যে ইতিমধ্যে নানা রকম টানাটুনি হয়ে যাচ্ছে তা আমরা খালি চোখে টেরও পাচ্ছি না। তবে নভোদর্শীরা পান তাঁদের শক্তিশালী দুরবিনের সাহাঘ্যে। তাঁরাই কেবল টের পান যে প্রায় প্রতিবছরই পৃথিবী এবং চন্দ্র, দুটিই সামান্য পরিমাণে বিচ্যুত হয়ে যাচ্ছে তাদের গ্রহপথ থেকে, যদিও পয়েনক্লেয়ারের সেই ‘দীর্ঘকাল অপেক্ষা’র পর দেখা যায়, তারা আবার সেই একই জায়গায় ফিরে এসেছে। এভাবেই বিশ্বচরাচর তার চিরকালীন স্থিতিস্থাপকতা অক্ষুণ² রেখে চলেছে।
পয়েনক্লেয়ারের যুগান্তকারী আবিষ্কারের মধ্য দিয়ে প্রকৃতির আরও এক বিচিত্র বৈশিষ্ট্য একটু উঁকি মারতে শুরু করেছে, যাকে ইংরেজিতে বলা হয় কেয়স ( Chaos), সাধারণ অর্থে যাকে আমরা চরম বিশৃঙ্খলা হিসেবে বুঝি। এর বৈজ্ঞানিক অর্থ তার চেয়ে অনেকটাই গভীর-বর্তমান যুগে ফলিত গণিতের একটি গুরুত্বপূর্ণ শাখায় পরিণত হয়েছে বলা যায়। যেখানেই বহু বস্ত্তর যুগপৎ সংঘাতের ব্যাপার সেখানেই কেয়সের সম্ভাবনা। ঢাকা শহরের বহু-আলোচিত, প্রায়-কিংবদন্তিতে পরিণত-হওয়া যানজটের সঙ্গেই তুলনীয় বলা চলে। শব্দটির বিজ্ঞানসম্মত কোনো বাংলা প্রতিশব্দ বেরিয়েছে কি না জানি না, তবে শব্দটির বৈজ্ঞানিক অর্থের সঙ্গে সাধারণ ব্যবহারিক অর্থের এতটাই দূরত্ব যে আমার মনে হয়, এর কোনো তরজমাই হওয়া ঠিক হবে না।
যা-ই হোক, ওপরের কথাগুলোর সারমর্ম এই যে পয়েনক্লেয়ারের গবেষণার একটি উপরি প্রাপ্তি বিজ্ঞানের এই নতুন চিন্তার ধারাটি। কিন্তু এটা হলো তাঁর পরোক্ষ ফলাফল, প্রত্যক্ষ নয়। প্রত্যক্ষটি হলো ভরযুক্ত বস্ত্তর গতি বিশ্লেষণের এক অভিনব পন্থার আবিষ্কার-জ্যামিতিক পন্থা। নিউটন আমাদের শিখিয়েছিলেন কীভাবে তাঁর মাধ্যাকর্ষণ শক্তির সঙ্গে বস্ত্তর ত্বরণ সমীকরণীকৃত করে কলনবিদ্যার রীতিনীতি (যা নিউটনের নিজেরই আবিষ্কৃত) দ্বারা সোজা অঙ্ক কষে বের করে ফেলা যায় আদ্যোপাত সব সমস্যার সমাধান। অবশ্য এখানে বলে রাখা দরকার যে জ্যামিতির পদ্ধতিতে আঁকা চিত্র চিত্রায়নের এই প্রক্রিয়াটি গতানুগতিক ইউক্লিডিয়ান ছবির মতো ঠিক নয়। এগুলো সাধারণত অবস্থানভিত্তিক স্পেসে আঁকা নয়, অবস্থান এবং গতি-দুটোকেই সমান মর্যাদা দেওয়া স্পেসে, যাকে গণিতের ভাষায় বলা হয় ‘ফেজ স্পেস’। এখানে বস্ত্তর অবস্থানকে দেওয়া হয় একটি অক্ষ, আরেকটি থাকে গতির দখলে। অর্থাৎ এই মানচিত্রে একটা বিন্দু দৈর্ঘ্য-প্রস্থ-উচ্চতা ইত্যাদি সূচিত করে না, করে একটি চলমান বস্ত্তটি তার চলার পথে এ-মুহূর্তে কোথায় অবস্থিত এবং এর গতিবেগ কত। এই চিত্রটিতে একটি পরীক্ষমান বস্ত্তর গতিবিধি অনুসরণ করে কী ধরনের ছবি সৃষ্টি করে যাচ্ছে, তার গোটা ইতিহাসই কেবল বোঝা যায় না, এই গতির প্রকৃতিটাও পরিমাপন করা যায়-স্থিতিশীল, সুশৃঙ্খল না, একেবারেই এলোমেলো, বিভ্রাটময় (অর্থাৎ কেয়টিক)। বহুমাত্রিক এবং বহুদেহী পরিস্থিতিতে এই তথ্যটুকু অত্যন্ত প্রয়োজন। (ক্রমশ:)
মীজান রহমান, গণিতবিদ
অটোয়া, কানাডা