রুমা আক্তারের সব কেড়ে নিল ধুরুংখাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বামী–সন্তান হারানো রুমা আক্তারের কান্না যেন থামছেই না l প্রথম আলো
স্বামী–সন্তান হারানো রুমা আক্তারের কান্না যেন থামছেই না l প্রথম আলো

ফটিকছড়ির পাইন্দং ইউনিয়নের বেড়াজালি গ্রামের রুমা আক্তার এখন নির্বাক। শোক সইবার শক্তি কোথায় পাবেন তিনি? সবকিছুই তো ঠিকঠাক চলছিল। কিন্তু ধুরুংখাল যেন সব এলোমেলো করে দিল। গত ২২ আগস্ট খালে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন তাঁর স্বামী জাহাঙ্গীর আলম এবং দুই সন্তান সামছুল আলম ও ফাতেমা জিন্নাত। দুদিন পর স্বামী ও ছেলের লাশ পাওয়া গেলেও ফাতেমার খোঁজ এখনো মেলেনি। 
সম্প্রতি বেড়াজালি গ্রামে নিহত জাহাঙ্গীরের বাসায় গিয়ে দেখা গেছে, তসবিহ হাতে তাঁর স্ত্রী রুমা আক্তার ঘরের সামনে নির্বাক বসে আছেন। নীরবে চোখ থেকে ফোঁটা ফোঁটা ঝরে পড়ছে জল। লোকজন কান্না থামাতে চাইলেও রুমার কান্না থামে না। একে একে আসছিলেন স্বজনেরা। সান্ত্বনা দিতে গিয়ে তাঁদের অনেকেই কান্নায় ভেঙে পড়ছিলেন। আহাজারিতে পরিবেশ আরও ভারী হয়ে উঠছিল।
ঘটনার পুরো বিবরণ শোনা গেল পাইন্দং ইউনিয়ন পরিষদের সদস্য মো. আনোয়ার হোসেনের কাছ থেকে। তিনি জানান, ২২ আগস্ট দুপুরে জাহাঙ্গীর দুই সন্তানকে নিয়ে নিয়ে খাল পার হওয়ার সময় পানির স্রোতে তলিয়ে যান। স্রোতের তীব্র টানে মুহূর্তেই ভেসে যায় বাবা ও সন্তানেরা। ২৪ আগস্ট জাহাঙ্গীর আলম ও সামশুল আলমের লাশ উদ্ধার করে দমকল বাহিনী। তবে এখনো নিখোঁজ ফাতেমার ভাগ্যে কী ঘটেছে, তা জানা যায়নি।
জাহাঙ্গীরের শাশুড়ি হাসান বানু বলেন, ‘অভাবের সংসার, তাই সন্তানদের নিয়ে মাছ ধরতে গিয়েছিল সে। বাবা, ছেলে দুজন লাশ হয়ে ফিরে এলেও আদরের নাতনি ফিরে আসে নাই। এখনো অপেক্ষায় আছি তার জন্য।’
স্থানীয় ব্যবসায়ী আবদুল জলিল বলেন, করাতকলের মিিস্ত্র ছিলেন জাহাঙ্গীর। সম্বল বলতে কিছুই নেই। এলাকার সাবেক এক চেয়ারম্যানের জমির ওপর ঝুপড়ি ঘর তৈরি বসবাস করছিলেন।
বেড়াজালি গ্রাম যেন শোকে মোড়া এক গ্রামের নাম। গ্রামবাসী এমন মর্মস্পর্শী ঘটনা ভুলতে পারছে না কিছুতেই। এখন তাঁদের অপেক্ষা সাত বছরের চোট্ট ফাতেমার জন্য। তার ভাগ্যে কী ঘটেছে, এটা জানতে চায় সবাই। তবে প্রশাসনের পক্ষ থেকে আপাতত উদ্ধার অভিযান বন্ধ করার ঘোষণা এসেছে।
ঘটনার পর উদ্ধার অভিযান দেখতে গিয়েছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফজাল হোসেন। প্রথম আলোকে তিনি বলেন, নিখোঁজ ফাতেমার সন্ধানে সপ্তাহ ধরে তল্লাশি চালানোর পর আপাতত তল্লাশি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। তবে নিহত জাহাঙ্গীরের পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ফটিকছড়ির সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। প্রথম আলোকে তিনি বলেন, ওই পরিবারের খোঁজখবর নিয়ে যথাসম্ভব সহায়তা করা হবে।