বান্দরবানের রুমা বাজারে স্বাস্থ্যসম্মত শৌচাগার নেই। পানীয় জলের সংকটও তীব্র। এ ছাড়া বাজারে যত্রতত্র ছড়িয়ে-ছিটিয়ে থাকে ময়লা-আবর্জনা। ফলে উৎকট দুর্গন্ধ ছড়াচ্ছে সব সময়। ব্যবসায়ীরা জানান, বাজারে সাড়ে তিন শ ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের দেড় শ পরিবার মিলে প্রায় আট হাজার লোকের বসবাস। এখানকার লোকজন পূর্ব দিকের লুংছড়ি ঝিরির বিভিন্ন স্থানে মাটি খুঁড়ে গর্ত থেকে পানি সংগ্রহ করে পান করেন। এ ছাড়া কুয়া ও সাঙ্গু নদী থেকে তোলা পানি বাজারের হোটেল-রেস্তোরাঁয় পরিবেশন করা হচ্ছে। ফলে ডায়রিয়া, কলেরা ও টাইফয়েডসহ নানা রোগ ছড়াচ্ছে। বাজারে কোনো স্বাস্থ্যসম্মত শৌচাগার না থাকায় খোলা পায়খানার কারণে উৎকট দুর্গন্ধ ছড়াচ্ছে। সরেজমিনে দেখা যায়, রুমা বাজারে দক্ষিণ দিকে দোকানঘেঁষে গণশৌচাগার রয়েছে। এটির সেপটিক ট্যাংকও ফেটে উৎকট দুর্গন্ধ ছড়াচ্ছে চারদিকে। বাজারের ওষুধ ব্যবসায়ী দিলীপ ত্রিপুরা জানান, ১৫ বছর আগে পার্বত্য জেলা পরিষদ এ গণশৌচাগার নির্মাণ করেছিল। এটি দীর্ঘদিন ধরে সংস্কার হয়নি। ব্যবসায়ীদেরও এ ব্যাপারে কোনো গরজ নেই। বাজার ছাউনির নিচতলার দোকানদার মোহাম্মদ বেলাল উদ্দিন বলেন, ‘পায়খানার দুর্গন্ধে মাঝেমধ্যে অসুস্থ হয়ে পড়ি।’ এদিকে, রুমা বাজারে ১৯৮৯-৯০ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কাঁচামাল বাজারজাত করার সুবিধার্থে দুই লাখ টাকা ব্যয়ে একটি ছাউনি নির্মাণ করে দেয়। তার পরও সাপ্তাহিক বাজারের দিন তরিতরকারি বিক্রেতারা খোলা জায়গায় বসে বিক্রি করেন। এ প্রসঙ্গে রুমা সদর ইউনিয়নের চেয়ারম্যান উহ্লাচিং মারমা বলেন, কাঁচামাল-বিক্রেতাদের বাজার ছাউনিতে বসে বিক্রির জন্য বেশ কয়েকবার উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু তরিতরকারি বিক্রেতারা বাজার ছাউনিতে না গিয়ে খোলা রাস্তায় বিক্রি করতে পছন্দ করেন। বাজার পরিচালনা কমিটির সভাপতি উজ্জ্বল ধর বলেন, প্রতিদিন পর্যটকসহ অসংখ্য মানুষ এখানে আসা-যাওয়া করে। শৌচাগার না থাকায় নারীদের বেশি সমস্যায় পড়তে হয়। তা ছাড়া পানির অভাবও রয়েছে। তিনি জানান, দুবছর আগে জেলা পরিষদ এ বাজারে স্বাস্থ্যসম্মত শৌচাগার নির্মাণের প্রতিশ্রুতি দেয়। সেই প্রতিশ্রুতি এখনো বাস্তবায়ন করা হয়নি। এ প্রসঙ্গে বান্দরবান জেলা পরিষদ সদস্য (রুমা উপজেলার দায়িত্বপ্রাপ্ত) ক্যসাপ্রু মারমা প্রথম আলোকে বলেন, ‘বাজার নিয়ে সব দায়িত্ব জেলা পরিষদ চেয়ারম্যানের। চেয়ারম্যান বাজার ফান্ডের আহ্বায়ক।’ এ ব্যাপারে জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। মুঠোফোনে সংযোগ পাওয়া গেলেও তিনি ধরেননি।