রুমার চার ইউনিয়নে নির্বাচন ১৬ জুন
রুমা উপজেলার চারটি ইউনিয়ন পরিষদে (ইউপি) আগামী ১৬ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে। চার ইউনিয়নে চেয়ারম্যান পদে ২২, সাধারণ সদস্য পদে ১২৮ ও সংরক্ষিত মহিলা সদস্য (মেম্বার) পদে ৩৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, রুমা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয়জন। এর মধ্যে দুইজন আওয়ামী ঘরানার। প্রার্থীরা হলেন—বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উহ্লাচিং মারমা, বিএনপির সাংগঠনিক সম্পাদক থুইসা অং মারমা, বাজার চৌধুরী (বাজার তত্ত্বাবধায়ক) সাংমুয়ান বম, সাবেক ইউপি সদস্য লাললুংথাং বম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শৈমং মারমা ও গাছ ব্যবসায়ী প্রুসাঅং মারমা। রুমা সদর ইউনিয়নের নয়টি ওয়ার্ডে নারী-পুরুষ মিলিয়ে মোট ভোটার সাত হাজার ৩৪ জন। পাইন্দু ইউনিয়নের চেয়ারম্যান পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন—বর্তমান ইউপি সদস্য ভানলিয়য়ান বম, জেএসএস নেতা ক্যসাপ্রু মারমা, এনজিওকর্মী সিংথোয়াই মারমা ও সাবেক ইউপি চেয়ারম্যান থোয়াইচিংঅং মারমা। ইউনিয়নের নয়টি ওয়ার্ডে নারী-পুরুষ মিলিয়ে ভোটার তিন হাজার ৫০২ জন। রেমাক্রীপ্রাংসা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন—বর্তমান ইউপি সদস্য খোকন ত্রিপুরা, রেমাক্রীপ্রাংসা বিএসসিবির সভাপতি ও মৌজার হেডম্যান লাল থুয়াইথ্লেং বম, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মেস্তরাম ত্রিপুরা ও লালরাম ময় বম। এ ইউনিয়নে মোট ভোটার দুই হাজার ৪৪৫ জন। গালেঙ্গ্যা ইউনিয়নে সাত চেয়ারম্যান প্রার্থী হলেন—বর্তমান চেয়ারম্যান শৈউসাই মারমা, সাবেক ইউপি চেয়ারম্যান অংলাই ম্রো, গালেঙ্গ্যা মৌজার হেডম্যান মেনরত ম্রো, শান্তিপ্রিয় ত্রিপুরা, মেননিয়াম ম্রো, ঙৈনুমং মারমা মনি ও লাংছম ম্রো। এ ইউনিয়নে মোট ভোটার দুই হাজার ৮৮৫ জন।