কক্সবাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের উত্তর রুমালিরছড়া এলাকার শতাধিক বসতবাড়ি প্রতিদিন প্লাবিত হচ্ছে। বাঁকখালী নদীতে জোয়ারের পানি বেড়ে যাওয়ায় ওই সময় তলিয়ে যায় জামে মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বসতবাড়ি এবং চলাচলের পাকা সড়কটিও। দীর্ঘদিন ধরে সড়কের পাশে স্থাপিত গাইডওয়াল মেরামত না হওয়ায় এ অবস্থার সৃষ্টি বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন। সরেজমিনে গিয়ে দেখা গেছে, জোয়ারের সময় নদীর পানি রাস্তার ওপরে উঠে যায়। এতে স্থানীয় বাসিন্দাদের চলাফেরা করতে বিশেষ করে এই বর্ষায় বিদ্যালয়পড়ুয়া শিশু-শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয় বাসিন্দা আরিফুল ইসলাম জানান, প্লাবনের কারণে পার্শ্ববর্তী জামে মসজিদের দেয়ালে ফাটল ধরেছে। পাঁচ বছর আগে গাইডওয়ালটি ভেঙে গেলেও সংস্কার নিয়ে পৌর কর্তৃপক্ষের কোনো মাথাব্যথা নেই। শহীদ তিতুমীর ইনস্টিটিউটের শিক্ষক মো. নুরুচ্ছফা জানান, এই সড়ক দিয়ে কয়েক শ শিক্ষার্থীর বিদ্যালয়ে আসা-যাওয়া করতে চরম দুর্ভোগ পোহাতে হয়। অনেকে বিদ্যালয়ে আসা বন্ধ করে দেয়। এতে লেখাপড়া ব্যাহত হচ্ছে সংশ্লিষ্ট শিশুদের। এ ছাড়া রাস্তার ওপর জমে থাকা ময়লা পানি মাড়িয়ে চলাফেরা করায় অনেকের শরীরে চর্ম রোগ দেখা দিচ্ছে। স্থানীয় বাসিন্দা শাহনেওয়াজ সিকদার জানান, প্রায় সময় সড়কে পানি থাকার কারণে এই সড়কে রিকশাও ঠিকমতো চলতে পারে না। এলাকার কেউ অসুস্থ হলে কোলে করে রোগীদের হাসপাতালে নিতে হয়। কোথাও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে দমকল বাহিনীর কোনো গাড়িও ঢুকতে পারে না। স্থানীয় ব্যবসায়ী ইমরুল কায়েস জানান, পৌরসভার সব ময়লা-আবর্জনা বাঁকখালী নদীর তীরে ফেলে পরিবেশ দূষিত করা হচ্ছে। দুর্গন্ধে মসজিদে নামাজ পড়াও যাচ্ছে না। বসবাস করা যাচ্ছে না বাসাবাড়িতে। সরেজমিন পরিদর্শনের সময় তিনটি ঠেলাগাড়িতে করে নদীতে ময়লা-আবর্জনা ফেলতে দেখা গেছে। পৌরসভার কাউন্সিলর চম্পা উদ্দিন জনদুর্ভোগের কথা স্বীকার করে বলেন, ‘এক বছর আগে গাইডওয়ালটি নির্মাণের জন্য পৌরসভা কর্তৃপক্ষ দরপত্র আহ্বান করেছিল। কিন্তু এখনো কাজ শুরু হয়নি। কেন হয়নি তা বলতে পারছি না।’ পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) রাজ বিহারী দাশ জানান, পৌরসভা কর্তৃপক্ষের অবহেলার কারণে এত দিন গাউডওয়ালটি নির্মাণ করা সম্ভব হয়নি। এখন তিনি খোঁজখবর নেবেন।