রুমায় হলুদের বাম্পার ফলন দাম কম হওয়ায় হতাশ কৃষক
বান্দরবানের রুমা উপজেলায় পাহাড়ে আদিবাসীদের খেতে হলুদের বাম্পার ফলন হয়েছে। কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, রুমায় গেল বছরের চেয়ে এবার হলুদ চাষের পরিমাণ ও ফলন দ্বিগুণ হবে। তবে বাজারে দাম কম হওয়ায় দ্বিগুণ ফলনেও খুশি হতে পারেননি কৃষকেরা। দু-তিন মাসের মধ্যে দাম বাড়বে কি না নিশ্চিত হতে না পেরে অনেকে কম দামে হলুদ বিক্রি করে দিচ্ছেন বলে জানা গেছে। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকেরা।উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্র জানায়, উপজেলার চার ইউনিয়নের ৩০০ হেক্টর পাহাড়ি জমিতে গত বছর এপ্রিল-মে মাসে হলুদের আবাদ করেন চাষিরা। এতে হলুদ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল চার হাজার ২০০ মেট্রিকটন। তবে মৌসুমি আবহাওয়া অনুকূল থাকায় হলুদের ফলন প্রায় দ্বিগুণ হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, কৃষি বিভাগের লোকজনের কাছ থেকে সঠিক সময়ে পরামর্শ নিয়ে চাষাবাদ করায় এবার হলুদের ফলন ভালো হয়েছে। এতে কৃষকেরা অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে কৃষকদের মতে, ফলন ভালো হলেও বাজারে হলুদের দাম কম হওয়ায় প্রত্যাশিত লাভ পাওয়া যাবে না। রুমা সদর ইউনিয়নের বটতলিপাড়ার বাসিন্দা মেলাং মারমা জানান, গত বছর তিনি শুকনো হলুদ বিক্রি করেছেন প্রতিমণ ১২ হাজার টাকা। কোনো-কোনো কৃষক ১৬ হাজার টাকা পর্যন্ত বিক্রি করেছেন। এবারও এ রকম দাম পাওয়ার আশায় অনেকে বেশি জমিতে যত্ন করে চাষ করেছেন। কিন্তু বাজারে এখন শুকনো হলুদের দাম প্রতিমণ পাঁচ-সাড়ে পাঁচ হাজার টাকা। আর কাঁচাহলুদ প্রতিমণ ছয়-সাত শ টাকা মাত্র। এ রকম দাম পতনের কারণে পাহাড়ে হলুদ চাষের মাধ্যমে কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সম্ভাবনা নষ্ট হয়ে গেছে। ফলে বর্তমানে হতাশায় ভুগছেন তাঁরা। পাইন্দু ইউনিয়নের চাইরাগ্রপাড়ার বাসিন্দা মংফ্রুসা মারমা জানান, গত বছর হলুদের দাম দেখে তিনি পাহাড়ে তাঁর আবাদ করা ঝুমে বীজধান বপনের সময় চার-পাঁচ মণ হলুদ লাগিয়েছিলেন। এতে এবার ৬০ মণের বেশি কাঁচাহলুদ পাওয়া গেছে। তিনি জানান, পাঁচ মণ হলুদ সিদ্ধ করলে এক মণ শুকনো হলুদ হয়। তবে বাজারে হলুদের দাম কম দেখে তিনি হতাশ হয়েছেন। পারিবারিক খরচ মেটানোর জন্য এর মধ্যে অর্ধেকের বেশি হলুদ কম দামে বিক্রি করে দিয়েছেন তিনি।জানা যায়, শহরের দাদন ব্যবসায়ীরা গিয়ে স্থানীয় কৃষকদের কাছ থেকে পাইকারি দামে হলুদ নিয়ে আসেন। এলাকার বাসিন্দা লুসাই মনে করেন, হঠাৎ হলুদের দাম নিম্নমুখী হবার পেছনে দাদন ব্যবসায়ীদের কারসাজি থাকতে পারে। তবে ব্যবসায়ীরা কৃত্রিমভাবে দাম কমানোর বিষয়টি অস্বীকার করেছেন। ব্যবসায়ী মো. আউয়াল ও মোহাম্মদ বাবুল জানান, চট্টগ্রাম শহর ও অন্যান্য জায়গায় বর্তমান বাজারদরের সঙ্গে সমন্বয় করে কাঁচাহলুদ কিনেছেন তাঁরা।উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মোস্তফিজুর রহমান জানান, এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। চাষিরা যাতে উপযুক্ত দাম পান সে ব্যাপারে স্থানীয় সচেতন লোকজনসহ উন্নয়ন সংস্থাগুলোকে এগিয়ে আসতে হবে। কৃষি কার্যালয় সূত্র জানায়, রুমা উপজেলা ৩ নম্বর রেমাইক্রি ইউনিয়নে সুনসংপাড়া, সাইলোওপিপাড়া, চাইক্ষংপাড়া, থাংলো খুমিপাড়া, বাকলাইপাড়া, থিনদলতেপাড়া, থাইক্ষংপাড়া, জাদিফাইপাড়া এবং দার্জিলিংপাড়া, ১ নম্বর পাইন্দু ইউনিয়নে রনিনপাড়া, মুননুয়ামপাড়া, বাসাতলাংপাড়া, মুয়ালপিপাড়া ও আরথাহ্পাড়া, ২ নম্বর রুমা সদর ইউনিয়নে বগালেকপাড়া, মংথোয়াইচিংপাড়া, হিলমুনপাড়া, সাইকটপাড়া, পলিকাপাড়া, মুনলাইপাড়া, নাজেরেটপাড়া, বেথেলপাড়া ও মিনঝিড়ি পাড়ায় হলুদ চাষ বেশি হয়।