রুশ-মার্কিন দত্তক নাটক
কিছু না-বুঝেই স্নায়ুযুদ্ধের আমলের দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে ছোট হলেও চোখে পড়ার মতো এক কূটনৈতিক দ্বৈরথ বাধিয়ে দিয়েছে সাত বছরের বালক আর্তিওম সাভেলিয়েভ। তার ঘটনাকে কেন্দ্র করেই মার্কিন নাগরিকদের রুশ শিশু দত্তক নেওয়ার বিষয়টি একধরনের অনিশ্চয়তায় পড়েছে। দুই দেশের আত্মমর্যাদার চাপা লড়াইটা যে ফুরিয়ে যায়নি, তা-ই যেন মনে করিয়ে দিয়েছে এ ঘটনা।রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এ সপ্তাহে বলেছে, দত্তক গ্রহণকারীসহ সব পক্ষ ও বিষয়কে একটি পূর্ণাঙ্গ প্রক্রিয়ার মধ্যে আনতে নতুন চুক্তি স্বাক্ষরে রাজি না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের কাউকে আর রুশ শিশু দত্তক দেওয়া হবে না। কিন্তু মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে ভিন্ন কথা। তারা জানিয়েছে, দেশটির রুশ দূতাবাস এ রকম কোনো সিদ্ধান্তের কথা তাদের জানায়নি। তবে একটা অগ্রগতি অন্তত হয়েছে। ঘটনা নিয়ে আলোচনা করতে আগামী সপ্তাহেই মস্কো যাচ্ছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিনিধিদল। ঘটনার কেন্দ্রবিন্দু আর্তিওম সাভেলিয়েভকে গত বছর দত্তক নিয়েছিল যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের একটি পরিবার। ৮ এপ্রিল হঠাৎ একা একা বিমানে চেপে মস্কো এসে হাজির হয় সে। হাতে একটা চিরকুট। তাতে যা লেখা, তার মোদ্দা কথা এই: এ ছেলে খুবই উচ্ছৃঙ্খল। সে ভয়ংকর সব সহিংস কাজকর্ম করছে। ইচ্ছে থাকা সত্ত্বেও তাকে রাখা আমাদের পক্ষে সম্ভব নয়।বৈধভাবে দত্তক নেওয়া একটি শিশুকে এভাবে বিনা নোটিশে ফেরত পাঠানোর ঘটনা আন্তর্জাতিক সংবাদ শিরোনাম হয়ে দাঁড়ায়।টেনেসির বাসিন্দা টরি হ্যানসেন গত বছরের সেপ্টেম্বরে রাশিয়ার একটি অনাথাশ্রম থেকে দত্তক নেন আর্তিওম সাভেলিয়েভকে। তার নতুন নাম রাখা হয় জাস্টিন হ্যানসেন। টরির মা ন্যান্সি হ্যানসেন বলছেন, রুশ অনাথাশ্রমের চিকিৎসক আর্তিওম সম্পর্কে ‘মিথ্যা’ ইতিবাচক ধারণা দেওয়াতেই তাকে দত্তক নেওয়া হয়। এ অভিযোগ অস্বীকার করেছে রুশ কর্তৃপক্ষ। রাশিয়ার প্রেসিডেন্ট দপ্তরের শিশু অধিকার কমিশন মুখপাত্র আনা ওরলোভা বলেছেন, তিনি দেশে ফিরে আসা আর্তিওমের সঙ্গে দেখা করেছেন। সে বলেছে, তার নতুন মা খারাপ এবং তাকে ভালোবাসত না। পালক মাতা টরির মা ন্যান্সি হ্যানসেন বলেছেন, যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর কিছু দিন যেতে না যেতেই আর্তিওমের বিরুদ্ধে নানা অভিযোগ উঠতে থাকে। সে নাকি তাঁদের বাড়িটি আগুনে পুড়ে যাওয়ার একটি ছবি এঁকেছিল। আর বলেছিল, সবাইকে ভেতরে রেখে বাড়িতে আগুন লাগিয়ে দেবে।ন্যান্সি বলেছেন, সর্বশেষ যে ঘটনার জন্য তাঁরা আর্তিওমকে রাশিয়ায় ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেন, তা ভয়ংকর। সপ্তাহ কয়েক আগে সে তার শোয়ার ঘরে কাগজপত্র জড়ো করে আগুন লাগিয়ে দিয়েছিল।রাশিয়ায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জন বেয়ারলি এ ব্যাপারে বলেছেন, হাজার হাজার রুশ ছেলেমেয়ে খুব সুখেই মার্কিন পরিবারগুলোতে দিন কাটাচ্ছে। সমস্যার ঘটনা খুবই বিরল। তবে তাঁর মন্তব্য: এ ধরনের ঘটনা একটা হলেও তা গ্রহণযোগ্য নয়।শেষ পর্যন্ত মার্কিন নাগরিকদের জন্য রুশ শিশু দত্তক নেওয়ার পথ রুদ্ধ হয়ে গেলে তা যুক্তরাষ্ট্রের অনেক পরিবারকেই প্রভাবিত করবে। কারণ নিঃসন্তান অনেক মার্কিন দম্পতিই রাশিয়া থেকে সন্তান পালক নেন। শুধু গত বছরই প্রায় এক হাজার ৬০০ রুশ শিশুকে দত্তক নিয়েছেন মার্কিনরা।সূত্র দ্য গার্ডিয়ান, সিএনএন, বিবিসি ও এবিসি নিউজ।