রুশ রস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

[email protected]সাশ্রয়আলেক্সান্দর শ্মিদৎডিভানের এক প্রান্তে বসে টেলিফোন সেটটা নিজের কাছে টেনে নিলেন রেবরোভ। তারপর ছন্দময় গতিতে নম্বর ঘোরাতে শুরু করলেন। প্রতিটি ডিজিট ডায়াল করার আগে তাকিয়ে নিচ্ছিলেন নিজের কোলের ওপরে সযত্নে রাখা পেপার কাটিংয়ের দিকে।‘হ্যালো, ট্র্যাভেল এজেন্সি থেকে বলছি,’ একবার রিং হতেই উত্তর এল।‘সাইপ্রাসে প্যাকেজ ট্যুরের ব্যাপারে কথা বলতে চাইছিলাম,’ একটু কাঁপা-কাঁপা গলায় ইতস্তত করে প্রশ্ন করলেন রেবরোভ।‘কয় দিনের প্যাকেজ ট্যুর প্রয়োজন আপনার?’ ওপাশের অমায়িক কণ্ঠের মেয়েটি নিশ্চিতভাবেই অপরূপা।‘এক সপ্তাহের,’ কথাটি অতি অনায়াসে উচ্চারণ করতে পেরে রেবরোভ আত্মবিশ্বাস ফিরে পেলেন।‘আজ বুকিং দিলে আসছে বুধবারেই আপনি চার্টার্ড ফ্লাইটে মিনস্ক থেকে রওনা দিতে পারবেন।’‘খরচ কত পড়বে, বলবেন কি?’‘প্লেন ভাড়া, হোটেল ও খাওয়া—সব মিলিয়ে জনপ্রতি খরচ পড়বে ৭৪৫ ডলার। আজই বুকিং দেবেন?’‘না, আজ নয়। বিশদ তথ্যের জন্য ধন্যবাদ। সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীর সঙ্গে আলোচনা করতে হবে।’ লাইন কেটে দিয়ে এইমাত্র শোনা সংখ্যাটি মনে মনে দুই দিয়ে গুণ করতে করতে রেবরোভ হেলান দিয়ে বসলেন। তারপর রিসিভারটা রাখলেন টেলিফোনে। চোখ বন্ধ করলেন তিনি। কল্পনায় দেখতে পেলেন সমুদ্রতীরের সব সৌন্দর্য: তীরে ঝাঁপিয়ে পড়া তরঙ্গমালা, ঝুরঝুরে হলদেটে বালু, গা ঝলসানো রোদ, দূর-দিগন্তে সাদা ধবধবে ত্রিভুজ পালওয়ালা নৌকা, চারপাশে পামগাছ, প্রলুব্ধকারী ভঙ্গিতে কোমর দুলিয়ে হেঁটে চলা তাম্রবর্ণ তরুণীরা, প্রফুল্ল সংগীত...।হাঁড়ি পড়ে যাওয়ার বিকট শব্দ রেবরোভকে ফিরিয়ে নিয়ে এল কঠোর বাস্তবতায়। অলস ভঙ্গিতে আড়মোড়া ভাঙলেন তিনি। হাই তুললেন। তারপর উঠে রান্নাঘরের দিকে গেলেন। স্ত্রী সেখানে সাদাসিধে ডিনারের আয়োজন করছে।‘শুনছ, পরের সপ্তাহে সাইপ্রাস না গিয়ে আমরা যদি আমাদের সামার হাউসে যাই, তাহলে কত টাকা সাশ্রয় হবে আমাদের, তুমি জানো?’ রান্নাঘরের ছোট্ট টুলে বসতে বসতে রেবরোভ প্রশ্ন করলেন ধাঁধার সুরে।‘কত?’ স্বামীর প্রশ্নটি তার জন্য এতটাই অপ্রত্যাশিত যে, সসেজ কাটতে উদ্যত তার হাত হাওয়ায় ভেসে রইল খানিকক্ষণ।‘প্রায় দেড় হাজার ডলার,’ সগর্বে জানালেন রেবরোভ।‘অত টাকা আমি বাপের জন্মে দেখিনি। অবশ্য তুমিও দ্যাখনি,’ হাসতে হাসতে স্ত্রী বলল।‘তবু ভাবতে ভালো লাগছে,’ অতীব সুমিষ্ট শোনাল রেবরোভের কণ্ঠ।কিন্তু স্ত্রীর দৃষ্টি ঘটনার বিশ্লেষণ দাবি করল।‘ভাবতে সত্যিই ভালো লাগছে,’ রেবরোভ আবারও বললেন। ‘এই ভেবে পরম তৃপ্তি পাচ্ছি যে, দেড় হাজার ডলার ব্যয় করবার সামর্থ্য আমাদের না থাকলেও সেই পরিমাণ অর্থ আমরা সাশ্রয় করতে পারি।’ রু শ মি শা লি নবনির্বাচিত প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রতিশ্রুতি দিয়েছেন, বিগত প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন প্রাক্তন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যে ভুলগুলো সংশোধন করতে সক্ষম হননি, সেগুলো সম্পূর্ণভাবে দূরীভূত করবেন। মেয়েদের বলা ‘আমি ১৫ মিনিটের মধ্যে রেডি হচ্ছি’ এবং পুরুষদের বলা ‘আমি ১৫ মিনিটের জন্য বাইরে যাচ্ছি’ সমতুল্য। সুখ কাকে বলে, আপনি তা উপলব্ধি করবেন সন্তান হওয়ার পর। তবে তখন আর কিছুই করার থাকবে না। জ্যাকি চ্যানের মুভির ডিস্ক ১৮ তলা থেকে পড়ে গেলেও সম্পূর্ণ অক্ষত থাকে। একটি আঁচড়ও পড়ে না তাতে। স্ত্রীর বয়স যত বাড়তে থাকে, তাকে তত বেশি ভালোবাসে তার প্রত্নতত্ত্ববিদ স্বামী। শৈশবের কত্ত সুবিধে! রিমোট কন্ট্রোল কানে চেপে ধরে ব্যাটম্যানকে ফোন করা যায়। মিসর ভ্রমণে গিয়ে প্রাগৈতিহাসিক এক শিলালিপির পাঠোদ্ধার করে ফেলেন ওষুধের দোকানে ২০ বছর চাকরির অভিজ্ঞতাসম্পন্ন ইভানভ। এ মহাবিশ্বে মানুষের চেয়ে বেশি বুদ্ধিমান প্রাণীর অস্তিত্বের সপক্ষে সবচেয়ে বড় প্রমাণ, তারা কখনো পৃথিবীমুখো হয় না।কে জানে!বরিস গুরেয়েভ আমার কী দরকার, সেটা সবাই জানে।দিদিমা জানে, কোন খাবার কী পরিমাণে আমার স্বাস্থ্যের জন্য উপকারী। মা জানে, কার সঙ্গে আমার বন্ধুত্ব করা উচিত, প্রেম করা উচিত কার সঙ্গে এবং কাকে বিয়ে করা দরকার। বাবা জানে, কোন ইনস্টিটিউটে আমার পড়া দরকার, কোন ফ্যাকাল্টিতে, কোন সাবজেক্ট আমার জন্য সম্ভাবনাময়, ডিগ্রি পাওয়ার পর আমার কী করা উচিত...সবকিছুই আমার মঙ্গলের জন্য।বস জানে, কোন কাজ আমার পক্ষে করা সম্ভব, আর কোন কাজে দাঁত বসানোর যোগ্যতা আমার নেই।আত্মীয়স্বজন জানে, আমি কী ছিলাম, কী হয়েছি, কোন যোগ্যতায় হয়েছি এবং তাদের জন্য যেকোনো ঝুঁকি নিতে আমার প্রস্তুত থাকা দরকার।বন্ধুরা জানে, আমাকে কখন ঝাঁকুনি দিয়ে জাগিয়ে তোলা প্রয়োজন, কখন প্রয়োজন আমাকে ঠেলা দেওয়া, কখন পাশে সরিয়ে রাখা, কখন একলা থাকতে দেওয়া এবং কখন আমার ভুল ধরিয়ে দেওয়া।সবাই সবকিছু জানে। প্রতিবেশী, পথচারী, বিক্রেতা, ওয়েটার, ডাক্তার, পিয়ানো মেরামতকারী—সবাই জানে, কী করলে আমার মঙ্গল হবে। সবাই জানে, কী করলে আমি ভালো থাকব। খুব ভালো থাকব। আরও ভালো থাকব। সবার চেয়ে ভালো থাকব। কিন্তু আমাকে নিয়ে সবার এত উদ্বেগ কেন, সেটা কে জানে?