
কোনোটি তীক্ষ্ণ, কোনোটি প্রশান্ত আবার কোনোটি বিহ্বল। এমন নানা ভঙ্গির সারি সারি মুখ। মুখেই যেন মনের চালচিত্র ফুটে উঠেছে। এসব অভিব্যক্তিপূর্ণ ছবি নিয়ে চলছে রুহুল করিমের একক চিত্র প্রদর্শনী। ‘সিগনেচার’ শিরোনামের এই প্রদর্শনীতে স্থান পেয়েছে ২৬টি শিল্পকর্ম। এর মধ্যে ২৪টি কালিতে অাঁকা চিত্র ও দুটি মিশ্র মাধ্যমে আঁকা।
২১ নভেম্বর নগরের হাটখোলায় প্রদর্শনীটি উদ্বোধন করেন অধ্যাপক আবুল মনসুর, অতিথি ছিলেন আবুল মোমেন ও শিল্পী নাজলী লায়লা মনসুর। প্রদর্শনী চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।
প্রদর্শনীতে ঢোকার সময় চোখে পড়বে একটি বড় প্রতিকৃতি। ছাপচিত্র মাধ্যমের এই ছবিটি দেখা যাচ্ছে একজন বৃদ্ধের চারটি ক্লোজআপ। তার মুখের প্রতিটি পেশি ও চামড়ার ভাঁজ নিপুণভাবে ফুটিয়ে তুলেছেন শিল্পী।
রুহুলের ছাপচিত্রে সাদা-কালো রঙের প্রাধান্য দেখা যায়। আবার কোনো কোনোটিতে লাল রঙের ব্যবহার করা হয়েছে। তাঁর চিত্রে মানুষের অন্তর্গত জগৎ উন্মোচিত হয়। কয়েকটি রেখা দিয়ে তিনি একটি সুনির্দিষ্ট ভঙ্গি ফুটিয়ে তোলেন।
মুখের অভিব্যক্তি দিয়ে ব্যক্তির চরিত্রও চিত্রায়ণ করেন তিনি। তাঁর শৈলীও মুগ্ধ করে দর্শকদের। একটি ছবিতে আলোর ব্যবহার বোঝাতে মাত্র কয়েকটি লাইনের ব্যবহার করেছেন তিনি।
ছবিতে আলো-ছায়া সৃষ্টির মাধ্যমে নাটকীয়তাও তৈরি করেন তিনি। কয়েকটি চিত্রকর্মে দাপ্তরিক কাজকর্মে ব্যবহৃত সিলও ব্যবহার করেছেন তিনি। কোনো কোনো ছবিতে এলোমেলো প্রচুর লাইনও দেখা গেছে। তবে এসবই ব্যক্তির মুখের বৈশিষ্ট্য ফুটিয়ে তোলার চেষ্টা। সব ধরনের সম্ভাবনার দিকেই গেছে রুহুলের িনরীক্ষা।
অনেক কাজে িনরীক্ষা আছে প্রবলভাবেই। প্রচলিত আঙ্গিক ভেঙেছেন তিনি। সাধারণত কাঠ বা ধাতুর প্লেটে খোদাই করে কাগজে ছাপ নিয়ে ছাপচিত্র তৈরি করা হয়। কিন্তু রুহুল খোদাই করা কাঠকেই সরাসরি শিল্পকর্ম হিসেবে উপস্থাপন করেছেন।
প্রদর্শনীতে স্থান পাওয়া শিল্পকর্ম সম্পর্কে রুহুল করিম বলেন, ‘ড্রয়িং হলো সিগনেচারের (স্বাক্ষর) মতো। প্রত্যেক মানুষের সিগনেচার যেমন আলাদা, তেমনি তার মুখায়বও আলাদা। আমার ড্রয়িং হলো আমার স্বাক্ষর।’