রুহুলের ওপর আস্থা সবার

রুহুল আমিন একজন অফিস সহকারী। সংযুক্ত আরব আমিরাতে দারই জেনারেল কন্ট্রাকটিংয়ে চাকরি করেন। তিনি কথাবার্তায় বেশ চটপটে। আরবিও বলতে পারেন ভালো। অবশ্য আমি বাংলায় কথা বলছিলাম তাঁর সঙ্গে। আলাপকালে তিনি বাংলার পাশাপাশি ইংরেজি কিছু শব্দও বিশেষ জোর দিয়ে উচ্চারণ করছিলেন।
তাঁকে জিজ্ঞেস করলাম, লেখাপড়া কতটুকু করেছেন? উত্তর দিলেন, নন মেট্রিক। অনেকটা তিরের মতো ছুড়ে দিলেন শব্দ দুটি। তারপর জানালেন, ২০০৪ সালে তাঁর পরীক্ষা দেওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষা দেওয়া হয়নি।
এজেন্টের হাতে দুই লাখ টাকা দিয়ে এই দেশে এসেছেন। মা-বাবা বেঁচে আছেন। তাঁরা বাড়িতে থাকেন। বাবার ক্ষুদ্র ব্যবসা আছে দেশে। বোঝা গেল, কিছুটা সচ্ছল পরিবারের সন্তান সে।
রুহুল টাকা–পয়সা নিয়মিত পাঠান দেশে। গ্রামে যাঁরা বন্ধু ছিলেন, তাঁরাও সব বিদেশে। বললেন, তাঁদের খুব মনে পড়ে। ‘বন্ধু’ ও ‘মনে পড়ে’ শব্দ দুটি ইংরেজিতে বললেন।
জিজ্ঞেস করে জানতে পারলাম তাঁর বয়স ২৬। তাঁকে বললাম, বিয়ে করবেন কবে? ঝাঁজালো কণ্ঠে উত্তর দিলেন, ইমপসিবল! এর পেছনে প্রবল যুক্তি আছে তাঁর। বড় ভাই এখনো বিয়ে করেননি। তিনিও দুবাইতে এসি ডাক্ট-এর কাজ করেন। একমাত্র ছোট বোনের অবশ্য বিয়ে হয়ে গেছে। বললেন, তাঁরা ভালো আছে।
রুহুলের সঙ্গে কথা বলেছিলাম তাঁর কোম্পানির প্রকৌশলীর কক্ষে বসে। দেখলাম রুহুলকে তাঁরা খুব পছন্দ করেন। তাঁর ওপর প্রচণ্ড আস্থা তাঁদের। রুহুল ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর একজন প্রকৌশলী বললেন, ‘রুহুল থাকলে আমরা নিশ্চিন্ত থাকতে পারি।’ বাইরে থেকে কেউ এলে তাঁকে স্বাগত কিংবা বিদায় জানাতে রুহুলই যথেষ্ট। এমনটিই বললেন তাঁরা।
এরই মাঝে রুহুল এলেন ট্রে হাতে আমাদের সামনে। তাতে ফলের রস। এদিকে আমার ওঠার তাড়া ছিল। খাব না বলেও লাভ হলো না। আমি কেন, তাঁর অফিস বসও যেন এখানে অসহায়। অতঃপর দুইজনই গলা ভেজালাম ফলের রসে।
নিমাই সরকার
আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত