রূপ ঢেকে যায় বিজ্ঞাপনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই তো সেই দিনও গাছ দুটি মাথা উঁচু করে দাঁড়িয়ে ছিল। ডালপালা মেলে পথচারী ও যাত্রীদের ছায়া দিত। একদিন দেখা গেল অক্সিজেন মোড়ের সেই গাছটি দাঁড়িয়ে আছে ঠিকই, তবে মাথা উঁচু করে নয়। কারণ মাথা কেটে বসানো হয়েছে বিজ্ঞাপনের টুপি। সম্প্রতি সেই গাছ দুটি কেটে ফেলা হয়েছে, গুঁড়িয়ে দেওয়া হয়েছে সড়কদ্বীপটিও। জানা গেল, ওই মোড়ে আর সড়কদ্বীপ রাখা প্রয়োজন মনে করছে না কর্তৃপক্ষ।ভাঙ্গাগড়ার মাধ্যমে নগরের বিভিন্ন মোড়ে সৌন্দর্যহানির এ রকম আরও অনেক প্রমাণ মেলে। সড়কদ্বীপের সৌন্দর্যহানির আরেক উদাহরণ বিজ্ঞাপনবোর্ডের উত্পাত। বড় সাইনবোর্ড ও বিলবোর্ড থেকে রক্ষা পায়নি সড়ক বিভাজক, বড় গাছ এমনকি পাহাড়ও। আর তাতে ঢাকা পড়েছে রূপসী চট্টগ্রামের রূপ। সিটি করপোরেশনের রাজস্ব বিভাগ বিলবোর্ড, সাইনবোর্ড ইত্যাদি বসানোর অনুমতি দেয়। সরকারি-বেসরকারি নানা প্রতিষ্ঠান নিজেদের স্বার্থে যত্রতত্র এসব বসায়। জানা গেছে, সিটি করপোরেশনের অনুমতি দেওয়া আপাতত বন্ধ রয়েছে। নগরের সৌন্দর্য বাড়াতে সিটি করপোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ অনেক প্রকল্প বাস্তবায়ন করেছে। সড়ক বিভাজক ও সড়কদ্বীপে বাগান করা হয়েছে, নির্মিত হয়েছে দুই-একটি ফোয়ারা। কিন্তু সেই বাগানের পরিচর্যায় তেমন গরজ নেই সিটি করপোরেশনের। ফোয়ারা বন্ধ মাসের পর মাস।নগর পরিকল্পনাবিদ রেজাউল করিম বলেন, এসব প্রকল্প বাস্তবায়নে সিটি করপোরেশনের আলাদা বাজেট নেই এবং যখন যে প্রকল্প হাতে নেওয়া হয় তখন তার জন্য বাজেট দেওয়া হয়।রাস্তার আসবাব (স্ট্রিট ফার্নিচার) স্থাপনে কোনো পরিকল্পনা দেখা যায় না। বিদ্যুতের খুঁটি, যাত্রীছাউনি, ডাক বিভাগের চিঠির বাক্স, ডাস্টবিন স্থাপন করা হয়েছে ইচ্ছেমতো। অথচ নগর পরিকল্পনাবিদদের মত, নগরের শোভাবর্ধনে এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।রূপ ঢেকে যায়: বিলবোর্ড ও সাইনবোর্ডের আড়ালে ঢাকা পড়ছে আকাশ, সবুজ পাহাড়, বৃক্ষরাজি কিংবা নান্দনিক স্থাপনা।জামালখান এলাকা থেকে মোমিন সড়কে চিকিত্সক, বিভিন্ন ক্লিনিক ও হাসপাতাল, সুপারশপসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সাইনবোর্ড বৈদ্যুতিক খুঁটির সঙ্গে জুড়ে দেওয়া আছে। নাথ অ্যান্ড কোং-এর আছে চারটি সাইনবোর্ড। বৌদ্ধমন্দির মোড়ে ইস্পাত কারখানার দুটি বিলবোর্ড ঢেকে দিয়েছে ডিসি হিলের সবুজ বনানী। টাইগার পাস থেকে কদমতলি মোড় বিভিন্ন প্রতিষ্ঠানের বিলবোর্ড আড়াল করে দিয়েছে সবুজ পাহাড়। বিভিন্ন সময় ঝড়-তুফানে এসব বিলবোর্ড ভেঙে পড়ে। এতে যানবাহন চলাচল যেমন বিঘ্নিত হয় তেমনি যাত্রী ও পথচারীরা আহত হন। সড়ক বিভাজকের বাগানের দুই রূপ: সরেজমিনে সড়কদ্বীপ ও সড়ক বিভাজকের বাগানের অবস্থা একেক জায়গায় একেক রকম দেখা গেছে। বহদ্দারহাট থেকে মুরাদপুর ও ষোলশহর ২ নম্বর ফটক অংশ সবুজ বৃক্ষরাজিতে ভরা। বড় বড় গাছের ছায়ায় দুরন্ত গতিতে ছুটে চলে যানবাহন। তবে যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে কিছু এলাকার বাগানের করুণ অবস্থা দেখা গেছে। আগ্রাবাদ চৌমুহনী থেকে বারিক বিল্ডিং মোড় পর্যন্ত সড়কদ্বীপের বাগান পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। ওই অংশে কোথাও গাছ মরে গেছে, কোথাও নতুন চারা লাগানো হয়েছে। আগ্রাবাদে পথচারী আকরাম হাসান বলেন, ‘সড়ক বিভাজকের বাগানের পরিচর্যা করতে তেমন দেখা যায় না। সিটি করপোরেশনের লোকজন সব জায়গার ময়লা পরিষ্কার করেন কিন্তু সড়ক বিভাজাকের ধারেও যান না। আর দোকান ও বাসাবাড়ির ময়লাও এখানে ফেলা হয়। এ ব্যাপারে সবার সচেতন হওয়া জরুরি।’ ভাস্কর্যে চট্টগ্রামের ঐতিহ্য ও সংস্কৃতি ফুটিয়ে তোলে তা মোড়ে মোড়ে স্থাপন করা যায় বলে মন্তব্য করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র মিজান আহমেদ।সড়ক বিভাজক ও সড়কদ্বীপে ময়লা কেন? এ প্রশ্নের জবাবে পরিচ্ছন্ন বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, এক হাজার ৮০০ মানুষকে দিয়ে নগরকে পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। এ জন্য সবার সচেতনতা ও সহযোগিতা দরকার। সিটি করপোরেশন বিদ্যালয় কর্মসূচি ‘সন্তানের মাধ্যমে অভিভাবককে শিক্ষিত করা’ চালু করেছে এসব মাথায় রেখে।বন্ধ ফোয়ারা: গুরুত্বপূর্ণ কিছু সড়কের সংযোগস্থল ওয়াসা ও বন্দর কার্যালয় মোড়ে দুটি ফোয়ারা আছে। সিটি করপোরেশন ওয়াসার ফোয়ারাটি তৈরি করে। আর বন্দর এলাকার ফোয়ারা তৈরি করে বন্দর কর্তৃপক্ষ। বন্দরের ফোয়ারা বিকেলের দিকে চালু করা হলেও ওয়াসার মোড়েরটি বন্ধ কয়েক বছর ধরে। ওয়াসার মোড়ের দোকানমালিক মোহাম্মদ ইউসুফ আলী জানান, ‘গত ঈদুল আজহার দুদিন আগে ফোয়ারাটি চালু করা হয়েছিল। ঈদের পর বন্ধ করে দেওয়া হয়।’সিটি করপোরেশনের নগর পরিকল্পনাবিদ ও স্থপতি রেজাউল করিমের কাছে এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘ফোয়ারা নিয়ে একটু সমস্যা আছে—এটি রক্ষণাবেক্ষণে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।’ বন্দর মোড়ে ১৪ বছর ধরে চায়ের দোকান করেন আবদুর রশীদ। তিনি বলেন, ‘ফোয়ারাটি সকাল-বিকাল দুবার ছাড়া হয়।’ অন্যদিকে পাশের দোকানদার মোহাম্মদ নুরুল আমিন ও খোরশেদ আলম জানান, ‘১৫-২০ দিন পর পর ফোয়ারা চালু করা হয়।’ হ-য-ব-র-ল রাস্তার আসবাব: নগর পরিকল্পনাবিদদের মতে, বৈদ্যুতিক বাতির খুঁটি, বৈদ্যুতিক বাতি, চিঠির বাক্স, যাত্রীছাউনি, বসার টুল, ডাস্টবিনসহ সুপরিকল্পিত রাস্তার আসবাব স্থাপন নগরের শোভা বাড়াতে কার্যকর ভূমিকা রাখতে পারে। যত্রতত্র অপরিকল্পিত রাস্তার আসবাব স্থাপন নগরকে শ্রীহীন করে তোলে।সরেজমিনে দেখা যায়, কেবি ফজলুল কাদের সড়ক থেকে গোলপাহাড়ের মোড় পর্যন্ত রাস্তার দুই পাশে রয়েছে সোডিয়াম বাতির খুঁটি। অথচ মেহেদিবাগ সড়ক থেকে চট্টেশ্বরী মোড় পর্যন্ত যেনতেনভাবে বৈদ্যুতিক বাতি জুড়ে দেওয়া হয়েছে খুঁটির সঙ্গে। চেরাগিপাহাড় মোড় থেকে সিরাজুদ্দৌলা সড়ক অংশে দেখা গেছে ফুটপাতের ওপর বৈদ্যুতিক বাতির খুঁটি। সিরাজুদ্দৌলা সড়কের সম্প্রসারণকাজ শেষ হলেও ফুটপাত ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয় দোকানদার শহীদুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘একে তো ভাঙাচোরা ফুটপাত, তার ওপর বড় বড় বৈদ্যুতিক খুঁটি। এসব কারণে পথচারীদের চলাচলে সমস্যা হয়।’ নগরের কেবি ফজলুল কাদের সড়ক থেকে কাজির দেউড়ি মোড় পর্যন্ত প্রতিটি ডাস্টবিনের একই চিত্র। ফুটপাত ও সড়কের ওপর স্থাপিত ডাস্টবিনে ময়লার ছড়াছড়ি। চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিপণিকেন্দ্র নিউমার্কেট এলাকার দৃশ্য আরও করুণ। যাত্রীছাউনিগুলোরও একই অবস্থা। যাত্রীদের বদলে পত্রিকা বিক্রেতা, নাপিত ও ফেরিওয়ালার দখলে এসব যাত্রীছাউনি। আগ্রাবাদ, নিউমার্কেট মোড়, ২ নম্বর গেট এলাকায়ও এ চিত্র দেখা যায়।