রূপ বাড়লেও গুণ কমেছে খেজুরের গুড়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাওরান বাজারের গুড় বেচাকেনা l ছবি: প্রথম আলো
কাওরান বাজারের গুড় বেচাকেনা l ছবি: প্রথম আলো

পিঠাপুলির মৌসুম তো এসে গেল। স্কুল-কলেজের পরীক্ষাও শেষ। পড়ার রুটিনে আটকে পড়া শহুরে বাচ্চাকাচ্চারা ক্ষণকালের ছাড়া পেয়ে মনের আনন্দে যাচ্ছে গ্রামে দাদা-নানার বাড়ি বেড়াতে। শীতও তেমন জাঁকিয়ে বসেনি এখনো। বেশ এক রকমের আনন্দ-উৎসবের আমেজ বিরাজ করছে প্রকৃতিতে, জনজীবনেও। বহুকাল থেকে আমাদের এই উষ্ণপ্রধান দেশে সংক্ষিপ্ত সময়ের শীতের মৌসুমটি আনন্দঘন হয়ে ফিরে ফিরে আসে।
শীতের আনন্দকে পূর্ণতা দিতে যোগ হয় হরেক রকমের সুস্বাদু পিঠাপুলি, ক্ষীর-পায়েসের আয়োজন। মিষ্টির উৎস হিসেবে চিনি আর আখের গুড়ের জায়গাটি শীতকালে দখল করে নেয় খেজুরের গুড়। পাটালি, নলেন, ঝোলা—এসব নামে যার সাধারণ পরিচিতি। রাজধানীতে খোঁজ নিয়ে দেখা গেল, কার্তিকের শুরু থেকেই নতুন খেজুরের গুড় উঠতে শুরু করেছে। মানভেদে দাম ৭০ থেকে ৬৫ টাকা কেজি।
তা এই যে গুড় বস্তুটি আমরা অহরহই দেখছি চোখের সামনে, তার বয়সটা কত হলো ধারণা আছে? প্রভাতরঞ্জন সরকারের শব্দচয়নিকা বইতে দেখা গেল, ‘গুড়’-এর বয়স অন্তত হাজার দেড়েক বছর। এটি প্রাচীন বৈদিক শব্দ। পাটালি গুড়কে সংস্কৃতে বলে ‘গুড়পট্ট’। আবার ‘গুড়চক্রিকা’ বললেও ভুল হবে না, তবে বড়ই ভুল হবে ‘গুড়কুণ্ডলিকা’ বললে। কারণ গুড়কুণ্ডলিকা হলো জিলিপি। অতএব বোঝাই যাচ্ছে যে গুড়ের গৌরব আমাদের অতিপ্রাচীন। গৌরব শুধু বয়সের বিচারে নয়, আবিষ্কারের জন্যও। গুড় বস্তুটি বাঙালির একান্তই আপন আবিষ্কার।
এই হাল জামানায় এসে এই উদ্ভাবনের কি খুব তারিফ করা যাবে? প্রশ্নটি আসছে বাজারে খেজুর গুড়ের হালহকিকতের খবর নিতে গিয়ে। সাধরণত খেজুরের গুড় একটু গাঢ় রঙেরই হয়ে থাকে। একটু কালচে। এই কালোর জন্য নাকি ইদানীং তার চাহিদাই কমে গেছে। লোকে চায় ফরসা উজ্জ্বল রং। গুড় ফরসা করতে রসের সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে ‘ফিটকিরি’ আর ‘হাইডোজ’ নামের এক রকমের রাসায়নিক পাউডার। আর বাড়তি লাভের জন্য মেশানো হচ্ছে চিনি। কারণ চিনির দাম ৪৫ টাকা কেজি।
কারওয়ান বাজারের পাইকার মো. মালেক জানালেন, ঢাকা ও আশপাশের এলাকায় এখন যেসব খেজুরের গুড় বিক্রি হয়, তা আসে প্রধানত রাজশাহী অঞ্চল থেকে। এককালে খেজুরের গুড়ের জন্য বিখ্যাত যশোর, নড়াইল এলাকার গুড় এখানে চলে না। কারণ সেখানকার গুড়ের রং কালচে। এ ছাড়া ফরিদপুরের ‘মুচিগুড়’ নামের এক রকমের খেজুরের গুড় খুব খ্যাতি ছিল একসময়। এই ‘মুচিগুড়’ এখন দুর্লভ। কারণ ফরিদপুরে খেজুরের বাগান আর নেই। মালেক জানালেন, প্রায় বছর ১৫ হলো রাজশাহীর খেজুরের গুড় ঢাকার বাজারের দখল নিয়েছে। মাটির পাত্রে ভরা যশোর-মাগুরার কিছু নলেন গুড় আসে। তবে এর আড়ত সাভারে। বিশেষ কিছু ক্রেতা ও মিষ্টি প্রস্তুতকারক সন্দেশ তৈরির জন্য এই নলেন গুড় কেনেন। তবে মাটির পাত্রে আনা-নেওয়া করা ঝামেলার কাজ। তাই নলেন গুড়ের প্রচলনও যশোর অঞ্চলের বাইরে তেমন নেই।
রাসায়নিক আর চিনির প্রভাবে খেজুরের গুড়ের রং ফরসা হয়েছে বটে, তবে তার আসল স্বাদ আর নেই। হয়তো এটাই এ যুগের রেওয়াজ—গুণের চেয়ে রূপের কদর বেশি। ফলে রূপের জেল্লা বাড়লেও গুণে খর্ব হয়েছে শীতের খেজুরের গুড়।
কী আছে খেজুরের গুড়ে: প্রতি ১০০ গ্রাম খেজুরের গুড়ে ৪৮.১ গ্রাম আছে শর্করা, আয়রন ১১.৪ মিলিগ্রাম, ক্যালসিয়াম ৩৬৫ মিলিগ্রাম। এ ছাড়া আছে উচ্চমাত্রার ফসফরাস। খাদ্যশক্তি ২৪০ ক্যালরি। বারডেম হাসপাতালের পুষ্টি বিভাগের প্রধান কামরুন নাহার জানালেন, উচ্চ শর্করার পাশাপাশি খেজুরের গুড়ে আয়রন ও ক্যালসিয়াম বেশি থাকায় যাঁরা রক্তস্বল্পতায় ভুগছেন, তাঁদের জন্য খেজুরের গুড় উপকারী। তা ছাড়া চিনিতে কোনো আঁশ থাকে না। খেজুরের গুড়ে আাঁশ থাকায় তা স্বাস্থ্যের জন্য ভালো। স্বাদ ও গুণের বিচারে খেজুরের গুড় মিষ্টির অন্য দুটি উৎস চিনি বা আখের গুড়ের তুলনায় উন্নত। তবে ডয়াবেটিসের রুগীদের জন্য এটি বারণ।