রূপ হারানো রূপলাল হাউস
১৯ শতকে আহসান মঞ্জিলের প্রতিদ্বন্দ্বী ছিল রূপলাল হাউস। গ্রিক স্থাপত্যকলার অনুকরণে তৈরি সুরম্য বাড়িটি এখন পোড়োবাড়ি। অযত্ন-অবহেলায় পড়ে আছে বাড়িটি বহুদিন। কোথাও পলেস্তারা খসে পড়েছে। বাড়ির দেয়ালে দেয়ালে বেড়ে উঠছে গাছ। বড্ড অযত্ন, বড্ড অবহেলা সারা বাড়িতে। আহসান মঞ্জিল সংস্কার করা হয় ঠিকই, কিন্তু অজানা কারণে রূপলাল হাউস অবহেলায় পড়ে থাকে। একটা একটা বছর যায় আর রূপলাল হাউস তার রূপ হারিয়ে আরও মলিন হয়।ছবি তোলার শখ আমার। পুরান ঢাকার ছবি তুলি ফুরসত পেলেই। পুরান ঢাকার অলিগলির ছবি তুলতে তুলতে একদিন হাজির হই শ্যামবাজার এলাকায়। চারদিকে আদা, রসুন আর হলুদ-মরিচের আড়ত। এগুলো পাশ কাটিয়ে দেখলাম, এক আড়তের মাঝখান দিয়ে একটা সিঁড়িঘর উঁকি দিচ্ছে।সেই সিঁড়ি বেয়ে আমার প্রথম রূপলাল হাউস দর্শন। স্থাপত্যকলার সত্যিই এ এক অনন্য নিদর্শন। দেখে থমকে যেতে হয় অবাক বিস্ময়ে। তারপর আস্তে-ধীরে আমার ক্যামেরায় বন্দী হলো রাজসিক রূপলাল হাউসের সব খুঁটিনাটি।ইট-কাঠ-পাথরের পাঁজরে১৮৪০ সালে আরাতুন নামে এক আর্মেনীয় ব্যবসায়ীর কাছ থেকে রূপলাল দাস ও রঘুনাথ দাস (দুই ভাই) এই পুরোনো ভবন কিনে নেন। তারপর কলকাতার মার্টিন কোম্পানির এক স্থপতিকে দায়িত্ব দেওয়া হয় ভবনটি নতুনভাবে নির্মাণের। দ্বিতল এই প্রাসাদের দৈর্ঘ্য প্রায় ৯৪৪৪ মিটার। দোতলার দুই ব্লকে বিভিন্ন আয়তনের কক্ষ আছে ৫০টির বেশি। উত্তর-দক্ষিণজুড়ে আছে প্রশস্ত বারান্দা। সবচেয়ে আকর্ষণীয় ও জমকালো অংশ হলো দোতলার নাচঘর। নাচঘরের মেঝে কাঠের তৈরি আর সিলিংয়ে আছে কাচ ও কাঠের এক অপূর্ব সমন্বয়। এ ঘরের দক্ষিণ দিকে বুড়িগঙ্গামুখী বিশাল বারান্দা। বারান্দায় কারুকার্যখচিত ভারী লোহার গ্রিল। দোতলার পশ্চিমে একটি মন্দির, এখন সেটি শুধুই ধ্বংসস্তূপ। শুধু কি মন্দির? গ্রিক স্থাপত্যকলার অনুকরণে তৈরি পুরো বাড়িই যে এখন ধ্বংসের মুখে। পুরানো সেই দিনের কথা ১৮৮৮ সাল। তৎকালীন ব্রিটিশ ভাইসরয় লর্ড ডাফরিনের ঢাকা আগমন উপলক্ষে ঢাকার অভিজাত শ্রেণী তাঁর জন্য এক বলনাচের আয়োজন করার চিন্তা করল। কোথায় বসবে এই আসর? দুটি প্রস্তাব এল— আহসান মঞ্জিল, নয়তো রূপলাল হাউস। জিতল রূপলাল হাউস। বলনাচের আয়োজন ও ভাইসরয় লর্ড ডাফরিনকে সংবর্ধনা জানাতে রূপলাল দাসের খরচ হয়েছিল তখনকার সময়ে প্রায় ৪৫ হাজার টাকা। শিল্প-সংস্কৃতির পৃষ্ঠপোষক এই পরিবারের অনুরোধে একবার ওস্তাদ গোলাম আলী এসেছিলেন রূপলাল হাউসে। ১৯৪৮ সালে ভারত-পাকিস্তান দেশভাগের সময় তাঁর উত্তরাধিকারীরা বিশাল এই ভবন ছেড়ে চলে যান কলকাতায়। অনেক খোঁজাখুজির পর রুপলালের নাতনি মীরা দাসের সঙ্গে আমার দেখা হয় কলকাতায়।আশা বেঁধে রাখিরূপলাল হাউসকে ‘হেরিটেজ সাইট’ হিসেবে ঘোষণা দিয়েছে সরকার। তার পরও রূপলাল হাউস রক্ষণাবেক্ষণ বা সংস্কারের কোনো উদ্যোগ চোখে পড়েনি। প্রায় ২০০ বছরের প্রাচীন, সুরম্য এই বাড়িতে আজ ধ্বংসের ডাক। এখনই কতৃপক্ষ সজাগ না হলে পুরান ঢাকার সব ইতিহাস, সব স্থাপত্যকলা হয়তো বইয়ে জায়গা করে নেবে একদিন। অনুলিখন: সিদ্ধার্থ মজুমদার