রূপকথার আকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক ছোট ছিলাম যখন, যখন মাত্র ভাবতে শিখেছি, তখন আকাশের দিকে তাকিয়ে অবাক হয়ে বিশাল বিশাল মেঘের ওড়াউড়ি দেখতাম। তখন অবশ্য সেখানে শুধু মেঘ দেখতাম না, অনেক কিছু দেখতাম। একদিন দেখলাম, এক বুড়ি বসে আছে উবু হয়ে। নিশ্চয়ই এই সেই চাঁদের বুড়ি! বেশ আনন্দিত হলাম। ওমা! একটু পরেই দেখি বুড়িটা নাই হয়ে গেল। বুড়িকে ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে ইয়া বিশাল এক দৈত্য। দৈত্যটার ঘাঁড় উঁচু, প্রকাণ্ড। তার পেছনেই ছুটছে একটা ঘোড়া। পিঠে বসে আছে যে ছেলেটা, এটা ডালিমকুমার ছাড়া আর কে! কী আনন্দ! ঠাকুরমার ঝুলির রাজপুত্র, দৈত্য, রাক্ষস—সবাইকে আমি আকাশে দেখতে পাচ্ছি। বাসায় টিভি ছিল না। নানুর বাসায় বেড়াতে গিয়ে আমি আর আমার খালাতো বোন টিভির পেছনে টর্চলাইট দিয়ে লিলিপুটদের খুঁজেছি কত দিন! তত দিনে গালিভার্সের লিলিপুটদের কথা জেনেছি, আর বিশ্বাসও করে ফেলেছি। একদিন আমাদের রেডিওটা ভেঙে গেল। আমি তখন স্কুলে ছিলাম। ফিরে এসে যখন শুনলাম রেডিও ভেঙে গেছে, ছুটে গেলাম রেডিওর লিলিপুটদের দেখতে। মেজো আপু বলল, ও নাকি ওদের নাশতা খাইয়ে বিদায় করে দিয়েছে। আমি স্কুল থেকে ফেরার আগেই ওদের বিদায় করে দেওয়ার জন্য রাগে-দুঃখে আপুকে খামচি দিয়েছিলাম, মনে আছে। এখনো আমি আকাশ দেখি। আমার এখনকার আকাশে শুধু মেঘ ওড়ে। ছাই রং, সাদা, কালো—কত রকমের যে মেঘ! অনেক চেষ্টা করেও আমার সেই রূপকথার আকাশ আর দেখতে পাই না। কেন যে এত কিছু জেনে ফেললাম!আইনানঢাকা বিশ্ববিদ্যালয়