‘আমি সাত সাগর পাড়ি দিয়ে/ কেন সৈকতে পড়ে আছি’—দরাজ কণ্ঠের সুরের টানে শুরুতে আচ্ছন্ন শ্রোতারা। এ যেন ফিরিয়ে আনল বাংলা সিনেমার সেই স্বর্ণালি অতীত। এরপর ‘বধূয়া আমার চোখে জল এনেছে’ আরও এক কাঠি সরেস। এবার যখন শিল্পীর কণ্ঠে ‘যে আঁখিতে এত হাসি’, ততক্ষণে আসর জমজমাট।
১৫ অক্টোবর সন্ধ্যা সাতটায় থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে সুরের মূর্ছনায় শ্রোতাদের মুগ্ধ করেন শিল্পী রূপম কুমার। আনন্দ সাংস্কৃতিক অঙ্গনের উদ্যোগে আয়োজন করা হয় সংগীতসন্ধ্যা। এটি সংগঠনটির ৯৬তম প্রযোজনা।
দুই ঘণ্টার অনুষ্ঠানে সুরের মায়া শ্রোতাদের আচ্ছন্ন করে রাখলেন শিল্পী। একে একে গেয়ে শোনান ‘তুমি সন্ধ্যা আকাশের তারা,’ ‘এ সুন্দর স্বর্ণালি’, ‘পাহাড়ের কান্না দেখে’, ‘ও শিমুল বন’, ‘এই কি শেষ দান’, ‘তোমার টানে সারা বেলা’, ‘মুছে যাওয়া দিনগুলি’, ‘আমি ফুলকে যে দিন’ ‘কেন দূরে থাকো’, ‘পৌষের কাছাকাছি’, ‘কত দিন দেখিনি তোমায়’, ‘কেন যে তোমাকে’, ‘তোমরা পার কি এনে’ ও ‘মন মাঝি তোর’।
গানের ফাঁকে চলে সম্মাননা পর্ব। শিল্পীকে উত্তরীয় পরিয়ে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি এজাজ ইউসুফী ও ওস্তাদ মিহির লালা। বক্তব্য দেন উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেবাশীষ পালিত ও সংগঠনের পরিচালক লিটন মিত্র।