মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবির আয়োজনে ৭ জানুয়ারি নগরের ফয়’স লেকে অনুষ্ঠিত হয় জমজমাট কনসার্ট। এতে হাজারো দর্শক-শ্রোতাকে গানে গানে মুগ্ধ করেন বাপ্পা মজুমদারের দলছুট, ‘বন্য’ খ্যাত ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস, মিলন মাহমুদ ও ক্লোজ-আপ তারকা তাসমিনা চৌধুরী অরিন।শুরুতে ‘ওরে সাম্পানওয়ালা তুই আমারে করলি দিওয়ানা’ নিয়ে মঞ্চে আসেন অরিন। এ সময় মুহুর্মুহু করতালি দিয়ে দর্শকেরা তাঁকে অভিবাদন জানান। এরপর তিনি একে একে পরিবেশন করেন ‘ভালোবাসি’, ‘রূপসাগরে ঝলক মারিয়া’ ইত্যাদি।দিনবদলের গান নিয়ে মঞ্চে ওঠেন মিলন মাহমুদ। তিনি ‘চারদিকে কোলাহল’, নিরেট প্রেমের গান ‘তুমি ভেবো না’, ‘স্বপ্ন যাবে বাড়ি’, ‘আমার দেশের মাটি’, ‘মন যমুনা’ এবং ‘চল সবাই’ গেয়ে অনুষ্ঠান জমিয়ে তোলেন।এরপর প্রচণ্ড ঠান্ডার মধ্যে দর্শকরাজ্যে সংগীতের উষ্ণতা ছড়িয়ে দেন ফুয়াদ আল মুক্তাদির। তিনি মঞ্চে উঠেই হালকা হাস্যরস সৃষ্টি করেন। দর্শকেরা ‘বন্য ফুয়াদ’ বলে তার জবাব দেন। বাংলা চলচ্চিত্রের শ্রোতাপ্রিয় গান ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’, ‘কে বাঁশি বাজায়রে’, ‘মনের ভেতর রইয়াছে যে’, ‘বন্য’ ও ‘মন ভাবে কারে’ পরিবেশন করে তাঁরা শ্রোতাদের মনজয় করেন। বিশেষ করে, ‘বন্য’ গানের সঙ্গে দর্শকেরাও বেশ সুর মেলান।সব শেষে মঞ্চে এলেন বাপ্পার দলছুট। তাঁরা একে একে পরিবেশন করেন ‘চাঁদের শহরে’, ‘দিন বাড়ি যায়’, নতুন অ্যালবাম আয় আমন্ত্রণ-এর ‘তীরহারা এই ঢেউয়ের সাগর’ ইত্যাদি গান। দর্শকের অনুরোধে তাঁরা প্রয়াত শিল্পী সঞ্জীব চৌধুরীর ‘তোমার ভাঁজ খোল আনন্দ দেখাও করি প্রেমের তরজমা’ গেয়ে শোনান। কনসার্ট দেখতে আসা চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থী আরিফ আবদুল্লাহ বলেন, ‘সবার গানই ভালো লেগেছে। তবে ফুয়াদের গানের যে মিউজিক কম্পোজিশন, তা আমাকে মুগ্ধ করেছে। চট্টগ্রামে আসলে খুব বেশি কনসার্ট হচ্ছে না। এতে আমরা সরাসরি গান শোনা থেকে বঞ্চিত হচ্ছি।’