রূপসাদের জীবন জয়ের গল্প

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার চিনালছড়া গ্রাম থেকে এসেছে রূপসা ও ঈশা চাকমা। বাবা শান্তি রঞ্জন চাকমা দিনমজুর। দুই বোন ও এক ভাই তারা। ভাই ছোট, তৃতীয় শ্রেণিতে পড়ছে। কিন্তু কোনো বিদ্যালয়ে তাদের স্থান হয়নি। জন্মগত বাক্প্রতিবন্ধী দুই বোন এখন লেখাপড়া শিখছে। পাশাপাশি দক্ষতা অর্জন করেছে সেলাইয়ের মতো কঠিন কাজে।
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা সদর থেকে ১০ কিলোমিটার উত্তরে বাঘাইছড়ি মুখ এলাকায় অবস্থিত কনসার্ন সার্ভিসেস ফর ডিজঅ্যাবলের (সিএসডি) কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পাল্টে দিয়েছে এই দুই বোনের ভবিষ্যৎ। কেবল এই দুই বোনের কাছেই নয়, বছর খানেক আগে প্রতিষ্ঠিত এই কারিগরি শিক্ষাকেন্দ্রটি উপজেলার প্রতিবন্ধীদের কাছে বাতিঘরের মতো। এখানে প্রায় ২০ জনের মতো প্রতিবন্ধী তরুণ-তরুণী প্রশিক্ষণ নিচ্ছেন। আবাসনসুবিধা পাচ্ছে ১৬ জন।
গত ৩০ এপ্রিল এই কেন্দ্রে গিয়ে দেখা যায় ঘরজুড়ে চলছে কর্মযজ্ঞ। কেউ তাঁতে কাপড় বুনছেন, কারও চোখ কম্পিউটারের মনিটরের দিকে আর কেউ বা সেলাই মেশিনে মন দিয়ে সেলাই করছেন। সাহস আর পরিশ্রমকে সম্বল করে প্রতিকূলতা জয় করতে নেমেছেন।
এখানকার প্রশিক্ষকেরা জানান, প্রতিবন্ধী তরুণ–তরুণীদের স্বাবলম্বী করে তুলতেই এমন উদ্যোগ। এখানে কারও কাছ থেকে কোনো ফি নেওয়া হয় না। উল্টো বিনা মূল্যে মেলে আবাসন সুবিধা ও তিন বেলার খাবার। পাশাপাশি মাসে ১০০ টাকা করে ভাতাও দেওয়া হয় প্রতিবন্ধীদের।
এক নম্বর মেরুং ইউনিয়নের পূর্ণ চন্দ্র কার্বারীপাড়া থেকে এসেছে সোসাইটি চাকমা। সেও বাক্প্রতিবন্ধী। বাবা মিটন চাকমা অনেক আগেই মারা গেছেন। নয় মাস ধরে এখানে কাজ শিখছে এই কিশোরী। প্রশিক্ষকেরা জানান, সোসাইটি এখন গামছা বুনতে পারে। জানে সব ধরনের সেলাইয়ের কাজ।
কথা হয় সিএসডির কেন্দ্রীয় সহ–সাধারণ সম্পাদক আনন্দ মোহন চাকমার সঙ্গে। তিনি বলেন, এখানে যারা কাজ শিখছে তারা সবাই স্বাবলম্বী হতে পারবে। তবে এ জন্য তাঁত, সেলাই মেশিন, কম্পিউটারসহ যা প্রয়োজন সেসবও তাদের সরবরাহ করতে হবে।
সিএসডির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিশ্বজিত গুপ্ত বলেন, ‘আমি নিজেও একজন প্রতিবন্ধী। আমি প্রতিবন্ধীদের প্রতিযোগী হিসেবে দেখতে চাই। সে লক্ষ্য নিয়ে প্রতিবন্ধীদের সেলাই, তাঁত, কম্পিউটারসহ বিভিন্ন প্রশিক্ষণ দিচ্ছি। আমরা চট্টগ্রামের
আমান বাজারে একটি শোরুম খোলার উদ্যোগ নিয়েছি। এ শোরুমে প্রতিবন্ধীদের তৈরি জিনিসপত্র বিক্রি হবে।’