ভারতীয় ধ্রুপদ এবং পাশ্চাত্য সংগীতের সুরের কাঠামো ব্যবহার করে ভাঙা গান সৃষ্টি করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আর এই আদি গান এবং ভাঙা গানের সুর ও ছন্দের তালে তালে নেচেছেন সুতপা তালুকদার ও তাঁর দলের নৃত্যশিল্পীরা। রোববার সন্ধ্যায় মুসলিম হলে রবীন্দ্রনাথের ভাঙা গান নিয়ে ব্যতিক্রমী নৃত্যালেখ্য ‘রূপান্তরের খেলা’ অনুষ্ঠিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিককেন্দ্র ও চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাই কমিশন এই অনুষ্ঠানের আয়োজন করে। কলকাতার নৃত্যসংগঠন গুরুকুলের নৃত্যশিল্পী সুতপা তালুকদারের পরিচালনায় এই নৃত্যালেখ্যে অংশ নেন মোট ১৪ জন নৃত্যশিল্পী। গানের সুর নিয়ে খেলেছেন রবীন্দ্রনাথ। সুর পাল্টে দিয়ে ভাবের রূপান্তর ঘটিয়েছেন তিনি। ভাঙার গানের পাশাপাশি মূল গান শুনলে এটা স্পষ্ট হয়। ‘রূপান্তরের খেলা’ নৃত্যালেখ্যে এ বিষয়টি তুলে ধরার চেষ্টা ছিল। পাশাপাশি ওড়িশি নৃত্যশৈলীর মাধ্যমে ভাবের এই রূপান্তর দৃশ্যমানও করে তুলেছেন গুরুকুলের নৃত্যশিল্পীরা। নৃত্যালেখ্যের শুরুতেই ছিল শিবের বন্দনা গান। ‘প্রথম আদি শিব শক্তি’ গানটি ভেঙে রবীন্দ্রনাথ করেছিলেন ‘প্রথম আদি তব’। দক্ষিণ ভারতের মেয়ে সাবিত্রীর কণ্ঠে রবীন্দ্রনাথ শুনেছিলেন ‘মিনাক্ষী মে মুদাম দেহি’। সেই গান থেকে তিনি তাঁর ভাঙা গান ‘বাসন্তি হে ভুবন মোহিনী’ রচনা করেন। এ ছাড়া ধ্রুপদ ঘরানার ‘দারা দিন দারা দিন’ গানের সুর ভেঙে করেছিলেন ‘সুখহীন নিশিদিন’ গানটি। গুরুকুলের নৃত্যশিল্পীরা রূপান্তরের এই খেলাকে আরও অর্থপূর্ণ করে তুললেন মূল ও ভাঙা গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন। নৃত্যালেখ্য অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার সোমনাথ ঘোষ। নৃত্যালেখ্যে অংশ নেন গুরুকুলের নৃত্যশিল্পী পিংকি বড়ুয়া, সোমরিতা কুশারি, পল্লবী বসাক, অমৃতা অধিকারী, মৌমিতা চৌধুরী, স্বাগতা লক্ষ্মী সাহা, পায়েল মজুমদার মণ্ডল, শবনম ব্যানার্জি, শার্বনিক দে, সুমন পোদ্দার, শুভব্রত চ্যাটার্জি, শিবনারায়ণ ব্যানার্জি ও সত্যজিৎ কুণ্ডু।