রূপালী ব্যাংকে ৭৩৬ জন অফিসার নিয়োগ-প্রক্রিয়া চলছে

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকে ৪২৩ জন সিনিয়র অফিসার নিয়োগ-প্রক্রিয়ার পাশাপাশি অফিসার পদে ৭৩৬ জনকে নিয়োগের প্রক্রিয়া অনলাইনে ইতিমধ্যে শুরু হয়ে গেছে। বাংলাদেশ ব্যাংক বিভিন্ন পত্রিকায় এক বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এই নিয়োগের বিষয়টি জানিয়েছে। অফিসার পদে আবেদন করা যাবে ২৩ আগস্ট পর্যন্ত।
আবেদনের যোগ্যতা
অফিসার পদে আবেদন করতে হলে প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির বা সমমানের গ্রেড পয়েন্টের স্নাতকোত্তর ডিগ্রি বা চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি বা সমমানের ডিগ্রি পাস হতে হবে। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি/সমমানের গ্রেড পয়েন্ট গ্রহণযোগ্য হবে না। সাধারণ প্রার্থীদের বয়স ০১-০৮-২০১৬ তারিখে সর্বোচ্চ ৩০ বছর থাকতে হবে। অন্যদিকে মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদন পদ্ধতি
সিনিয়র অফিসার পদের মতোই অফিসার পদেও আবেদন করতে হবে বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে (www.erecruitment.bb.org.bd) অনলাইন অ্যাপ্লিকেশন ফরম পূরণের মাধ্যমে। ফরম পূরণ করার নিয়ম ও অন্য শর্তাবলি ওয়েবসাইটে পাওয়া যাবে। অনলাইনে আবেদন করার পর প্রাপ্ত Tracking Number Formটি যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। প্রার্থীদের প্রাথমিকভাবে কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না। লিখিত পরীক্ষা গ্রহণের পর উত্তীর্ণ প্রার্থীদের কাছ থেকে আবেদনে উল্লিখিত তথ্যাদির সমর্থনে প্রয়োজনীয় কাগজপত্র আহ্বান করা হবে। এই নিয়োগের ক্ষেত্রে কোটাসংক্রান্ত নীতিমালা ও অন্যান্য বিধিবিধান অনুসরণ করা হবে। বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্থায়ী ঠিকানা হিসেবে স্বামীর স্থায়ী ঠিকানা ব্যবহার করতে হবে।
নিয়োগ পদ্ধতি ও বেতনাদি
ব্যাংকার্স সিলেকশন কমিটি সূত্রে জানা গেছে, আবেদনের নির্ধারিত সময় শেষে প্রার্থীদের আবেদনপত্র যাচাই-বাছাইয়ের পর প্রার্থীদের ধাপে ধাপে এমসিকিউ, লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এসব পরীক্ষার তারিখ পরে বিভিন্ন পত্রিকা ও বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে প্রার্থীদের জানানো হবে। চূড়ান্তভাবে নির্বাচিত একজন সিনিয়র অফিসার জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১৬ হাজার টাকা স্কেলে বেতন ও অন্যান্য সুবিধা পাবে।