রেইনকোট

চেন্নাইয়ে রোদ-গরমে অতিষ্ঠ ছিলাম। ট্রেনের শীতাতপনিয়ন্ত্রিত কামরার বিছানায় গা এলিয়ে দিতেই গাঢ় ঘুমে তলিয়ে গেলাম। ট্রেন কত দূর গেছে বা কোথায় থেমেছে, জানি না। ঘুম ভাঙল পায়ের ওপর কারও হাতের স্পর্শে। মৃদু আলোয় মুখখানা পুরোপুরি দেখা যাচ্ছে না। ‘কী চাই?’ এর জবাবে পরিষ্কার ইংরেজিতে তার জন্য বরাদ্দ বালিশ আর কম্বল চাইল। এক সেট বাড়তি তোশক কখন আমার মাথার কাছে দিয়ে গেছে, টের পাইনি। তারপরও লোকটার কাছে ক্ষমা চাওয়া উচিত ছিল। কিন্তু উল্টো সে-ই আমাকে ঘুম থেকে জাগানোর জন্য দুঃখ প্রকাশ করল। ঘড়িতে সময় দেখলাম দুইটা বাজতে পনেরো মিনিট বাকি। রাতের খাবার খাওয়া হয়নি। ঘুম ভাঙিয়ে একপ্রকার উপকারই করেছে লোকটা। মাঝরাতে হলেও খাবার খাওয়া যাবে।
দীর্ঘ সময় ট্রেনে থাকার অনেক অসুবিধার ভেতর কিছু সুবিধাও আছে। বিভিন্ন শ্রেণির মানুষের সঙ্গে পরিচিত হওয়া যায়। একান্তই অন্তর্মুখী না হলে নিজ কামরার সবাই একটা পরিবারের মতো হয়ে ওঠে। স্বল্প সময়ের পরিবার। ঘুম ভেঙে ভালোমতো দেখলাম লোকটাকে। কাল রাতে ট্রেনে ওঠা লোকটাকে যত বয়স্ক ভেবেছিলাম, ততটা নয়। আমার সমবয়সী না হলেও দু-চার বছরের বেশি ব্যবধান হবে না। চোখে-মুখে কোমল ভাব। আমিই তাড়নাবোধ করি কথা বলার। শুরুর আড়ষ্টতা কাটিয়ে সময় যত গড়িয়েছে, আমাদের আলোচনার ব্যাপ্তিও বেড়েছে। ওর নাম অরিত্র। একটা উন্নয়ন সংস্থায় কাজ করে। মানুষকে স্বনির্ভর করতে প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ দেয়। তেমন একটা প্রশিক্ষণ কর্মসূচি নিয়ে কলকাতায় যাচ্ছে। মাঝেমধ্যেই বিভিন্ন প্রদেশে যেতে হয়। তবে প্রধান কার্যালয় হায়দরাবাদে। সেখানেই থাকে। হায়দরাবাদের কথা শুনেই মনটা নেচে ওঠে। কেমন আপন মনে হয়। ঠিক কী কারণে সে অনুভূতি, আমি সেটা বলার আগেই অরিত্র বুঝে ফেলে। ‘তোমাদের বাচ্চা একটা ছেলে দারুণ বল করে, এবার আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদকে চ্যাম্পিয়ন করতে ভূমিকা রেখেছে। এমন বোলার তোমাদের দেশে কি আরও আছে?’ ও নিশ্চয়ই মুস্তাফিজের কথা বলছে। আমি কিছু না বলে মুচকি হাসি। যার অর্থ এর উত্তর ভবিষ্যতের কাছেই তোলা থাক।
অরিত্রের বাবা কৃষক। কাজুবাদামের চাষ করেন। ওর একটা ব্যাগ থেকে আমাকে কিছু কাজুবাদাম দেয়। কথায় কথায় বলে, ‘যদি কখনো চাকরি ভালো না লাগে, গ্রামে গিয়ে বাবার সঙ্গে কাজুর চাষ করব।’ সবাই যখন শহুরে হতে ব্যস্ত, তখন ওর এ শেকড়মুখী চিন্তা আমাকে মুগ্ধ করে। বিরতিতে ট্রেন থামলে এক স্টেশনে নেমে পড়ি দুজন। চা খাই। আমাকে খুব কাছ থেকে কাজুর বাগান দেখায়। ওদের চাষব্যবস্থা বেশির ভাগই প্রকৃতিনির্ভর। প্রকৃতির পানিতে শস্যের স্বাদ ভালো হয়—এমন একটা বিশ্বাস অরিত্রের মধ্যেও আছে। আমাদের কথায় নানা বিষয় উঠে আসে। যে প্রসঙ্গ উত্থাপন করি, অরিত্র আগ্রহ নিয়ে নিজের অভিজ্ঞতার কথা বলে। একপর্যায়ে হঠাৎ ওর মন বিষণ্ন হয়ে যায়। ‘কী হয়েছে?’ জিজ্ঞেস করতেই বলে, ‘মানুষের কাছাকাছি না থাকলে বাইরে থেকে বোঝা যায় না, তারা কতভাবে অসহায়।’ একান্ত কষ্টগুলো মানুষ প্রকাশ করতে চায় না। নিজের ভেতর জমা রেখেই ভালো থাকার চেষ্টা করে। সেদিক দিয়ে আমি, অরিত্র বা ট্রেনের বাকি যাত্রীরা কেউ আলাদা নয়। কষ্ট ভোলার প্রয়াসেই হয়তো সবার এ দূরযাত্রা।
প্রায় ৩০ ঘণ্টার ভ্রমণ শেষে ট্রেন গন্তব্যে পৌঁছায়। এর মধ্যে অরিত্র আমার ফেসবুকের বন্ধু হয়ে গেছে। দু-একটা পোস্টে লাইকও দিয়েছে। ট্রেন থেকে নামতেই মুষলধারে বৃষ্টি। চেন্নাইয়ে প্রার্থিত বৃষ্টিই যেন এখানে ঝরছে! স্টেশনে অরিত্রকে নিতে গাড়ি এসেছে। ওর জন্য অপেক্ষা করছে। আমাকে ট্যাক্সি ধরতে হবে। বৃষ্টি না থামলে যাওয়া যাবে না। অরিত্র ছাতা মেলে। আমাকে ট্যাক্সি কাউন্টার পর্যন্ত এগিয়ে দেয়। এটুকু সময়ে বিভুঁইয়ের একজন এমন বন্ধু হয়ে উঠতে পারে! আমার জন্য শেষ চমক হিসেবে অরিত্র তার ব্যাগ থেকে একটা রেইনকোট বের করে এগিয়ে দেয়। ‘কলকাতায় যখন-তখন বৃষ্টি হয়। বৃষ্টিতে ভিজো না। এটা রাখো। কাজে দেবে।’ অরিত্র ওর গাড়ির দিকে যায়। ঠায় দাঁড়িয়ে আমি সেদিকে তাকিয়ে রই। হাতে ওর দেওয়া রেইনকোট। শুধু বৃষ্টি থেকে বাঁচতে নয়, হঠাৎ গড়ে ওঠা আমাদের বন্ধুত্বকে টিকিয়ে রাখতেও এ রেইনকোট স্মারক হয়ে থাকবে। যদি কখনো আর দেখা না হয়, তবুও!
সোহেল নওরোজ
সহকারী পরিচালক, বাংলাদেশ ব্যাংক, খুলনা।