রেইনবো নেশনে এখনো বর্ণবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রেইনবো নেশন’ শব্দযুগল প্রথম ব্যবহার করেছিলেন দক্ষিণ আফ্রিকার অন্যতম বর্ণবাদবিরোধী নেতা আর্চবিশপ ডেসমন্ড টুটু। রংধনুর সাত রঙের সুষম সম্মিলনের মতোই জাতিগত বৈচিত্র্যের মধ্যেও দেশটির প্রাণে যেন ঐক্যের সুর ধ্বনিত হয় সেটাই ছিল দেশের অন্যতম বিবেক টুটুর চাওয়া। ১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদী শাসনের অবসান ঘটার পর ক্ষমতায় আসেন কালো মানুষের অবিসংবাদিত নেতা জীবন্ত কিংবদন্তি নেলসন ম্যান্ডেলা। ক্ষমতা গ্রহণের প্রথম মাসেই ‘রেইনবো নেশন’ কথাটার ব্যাখ্যা দেন তিনি। ‘এই সুন্দর দেশের মাটির সঙ্গে প্রত্যেক নাগরিকের নিবিড় সম্পর্ক। যেমনটা প্রিটোরিয়ার সঙ্গে জাকারান্ডা ফুলের বা মিমোসার সঙ্গে বুশভেল্ডের।’টুটু ও ম্যান্ডেলার যাবতীয় সদিচ্ছা সত্ত্বেও দক্ষিণ আফ্রিকার জাতিগত ঐক্যের পরিস্থিতিটি এই মুহূর্তে খুবই নাজুক। আপাত স্বাভাবিকতার আড়ালে কালো আর সাদা মানুষদের মধ্যে যে ঘৃণা আর অবিশ্বাসের ছাইচাপা আগুনটি ধিকিধিকি জ্বলছিল তাই যেন দমকা হাওয়ায় রূপ নিয়েছে শিখায়। গত ৩ এপ্রিল নিজের খামারের কৃষ্ণাঙ্গ শ্রমিকদের হাতে শ্বেতাঙ্গ চরমপন্থী নেতা ইউজিন টেরেব্লশের হত্যাকাণ্ড সেই দমকা হাওয়া। দক্ষিণ আফ্রিকার কালো মানুষেরা শ্বেতাঙ্গ সংখ্যালঘু শাসকদের হাতে নিজের দেশে যে বঞ্চনা ও শোষণের শিকার হয়েছে, বর্ণবাদের অবসানের পর তার প্রতিকারের চেষ্টা করা হয়। অন্যদিকে এত দিন ছড়ি ঘুরিয়ে আসা শ্বেতাঙ্গরা একপর্যায়ে ক্ষমতার কেন্দ্রে চলে আসা কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে প্রতিশোধ বা বৈষম্যমূলক আচরণের অভিযোগ করে। সব মিলিয়ে শ্বেতাঙ্গদের অসন্তোষ আর অনেক কৃষ্ণাঙ্গের স্বপ্নভঙ্গের বেদনা এই দুটি মিলিয়ে দক্ষিণ আফ্রিকায় বিরাজ করছিল এক অস্বস্তিকর শান্তি। কিন্তু সমাজের রন্ধ্রে রন্ধ্রে এখনো যে লুকিয়ে আছে বর্ণবাদের বিষ, তা-ই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আফ্রিকান রেজিসট্যান্স মুভমেন্টের (এডব্লিউবি) নেতা টেরেব্লশের হত্যাকাণ্ড আর এ নিয়ে দুই সম্প্রদায়ের প্রতিক্রিয়া।দক্ষিণ আফ্রিকার উত্তর-পশ্চিম প্রদেশের ভেন্টার্সডর্প শহরে নিজের খামারের দুই কৃষ্ণাঙ্গ কর্মচারীর হাতে খুন হন ইউজিন টেরেব্লশ। দুই অভিযুক্ত হত্যাকারীর একজনের বয়স ২১, অন্যজনের ১৫। তাদের অভিযোগ, পাওনা নিয়ে মালিক ঝামেলা করছিলেন। তবে পুলিশের কাছে হত্যার কথা স্বীকার করেছে এরা। পুলিশও বলছে, এটি রাজনৈতিক হত্যাকাণ্ড নয়। তবে টেরেব্লশের দল এডব্লিউবি তা মানতে নারাজ। ভেন্টার্সডর্প আদালতে ৬ এপ্রিল এ হত্যা মামলার শুনানি হয়। এ সময় আদালতের বাইরে অবস্থান নেয় শত শত শ্বেতাঙ্গ কৃষক। তারা সেখানে বিক্ষোভ করে এবং নিজেদের নিরাপত্তার দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। দক্ষিণ আফ্রিকার সাবেক (বর্ণবাদ আমলের) জাতীয় সংগীতও গাওয়া শুরু করে তারা। এ সময় সেখানে উপস্থিত শ দেড়েক কৃষ্ণাঙ্গ বর্তমান জাতীয় সংগীত গেয়ে এর পাল্টা জবাব দেয়। শ্বেতাঙ্গরা ‘বানর’ ও ‘কাফ্রি’ (বর্তমানে অবমাননাকর গালি বিবেচিত) বলে কৃষ্ণাঙ্গদের গালমন্দ করে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়।আদালতের শুনানি দেখতে জোহানেসবার্গ থেকে এসেছিলেন এডব্লিউবির সদস্য শন লাবুশ্যাগনে। তিনি বলেন, ‘অনেক দিন থেকেই বন্দুকে গুলি ভরা ছিল। এখন ট্রিগারে চাপ দেওয়া হলো। এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকা নিরাপদ নয়।’ তিনি আরও বলেন, ‘সাত বছর ধরে আমাদের লোকজনকে মেরে সাফ করা হচ্ছে। পরবর্তী কর্মপন্থা ঠিক করার জন্যই এখানে এসেছি আমরা।’ বর্ণবাদ-পরবর্তী দক্ষিণ আফ্রিকায় অন্তত তিন হাজার শ্বেতাঙ্গ কৃষককে হত্যা করার দিকেই ইঙ্গিত করছিলেন লাবুশ্যাগনে। একদিক থেকে দেখলে এটা খুব বড় সংখ্যাও নয়। কারণ দেশটিতে প্রতিদিন গড়ে খুন হয় ৫০টি।এডব্লিউবির আরেক সদস্য ডারকি ক্রনরাইট বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় যুদ্ধ শুরু হতে যাচ্ছে। এখন এটা শুধু সময়ের ব্যাপার। কৃষ্ণাঙ্গরা সবকিছুই চায়! দেশটিই তো তাদের, তারা আরও কী চায়!’এডব্লিউবির মুখপাত্র পিটার স্টেইন বলেছেন, টেরেব্লশ হত্যাকাণ্ডের পর তাদের সংগঠনের সদস্য আশাতীতভাবে বাড়ছে। হত্যাকাণ্ডের পর তিন দিনেই যুক্ত হয়েছেন তিন হাজার সদস্য। অন্যদিকে কৃষ্ণাঙ্গরা টেরেব্লশের হত্যাকারীদের ‘নায়ক’ মনে করছে। মারিয়া গ্যানতানে নামে সমবেত লোকজনের একজন বলেন, ‘সৃষ্টিকর্তা তাদেরকেই টেরেব্লশকে হত্যা করার ক্ষমতা দিয়েছে। এ কাজটি আগে কেউ করতে পারেনি।’গ্যানতানে বলেন, ১৯৯৩ সালের ১০ এপ্রিল বর্ণবাদবিরোধী নেতা ক্রিস হানিকে একজন শ্বেতাঙ্গ হত্যা করে। তখন তো কোনো শ্বেতাঙ্গ কাঁদেনি!আদালতের বাইরে আরেক কৃষ্ণাঙ্গ বলেন, ‘টেরেব্লশকে আরও অনেক আগে হত্যা করা উচিত ছিল। তিনি কৃষ্ণাঙ্গ কর্মীদের সঙ্গে বছরের পর বছর অন্যায় আচরণ করেছেন। এই শাস্তি তাঁর পাওনা ছিল। এখন আমরা শান্তি পাব।’শ্বেতাঙ্গ এই নেতার প্রতি ক্ষোভ আর ঘৃণার মাত্রা কতটা তা বোঝা যাবে আরেক কৃষ্ণাঙ্গ খামারকর্মীর কথা থেকেই। তিনি বলেন, ‘এখন যদি টেরেব্লশ আমাদের সামনে আসতেন, আমরা তাঁকে হত্যা করতাম।’টেরেব্লশের নিজের শহর এই ভেন্টার্সডর্পের বাতাসেও যেন বর্ণবাদের গন্ধ! এখানে সব সড়ক ও অনেক দোকানের নাম ‘আফ্রিকান’ (ডাচ থেকে উদ্ভূত) ভাষায়। মূলত শ্বেতাঙ্গ এ শহরে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে আফ্রিকানার বীরদের মূর্তি বা স্মৃতিসৌধ। আফ্রিকানার বলা হয় দক্ষিণ আফ্রিকায় উপনিবেশ স্থাপনকারী উত্তর-পশ্চিম ইউরোপীয়দের, যারা মূলত ডাচ, জার্মান ও ফরাসি। এদের ভাষার নামই আফ্রিকান। এসব যেন নীরব বার্তা দেয়, এ শহরে কৃষ্ণাঙ্গদের কোনো স্থান নেই। শ্বেতাঙ্গ অধ্যুষিত, বিশেষ করে খামার এলাকায় কৃষ্ণাঙ্গদের বাড়িঘরে হামলার আশঙ্কা করছেন কেউ কেউ। বিশ্ববিদ্যালয়ের ছাত্র লেসেগো তসুই বলেন, ‘আমি শহর থেকে কয়েক কিলোমিটার দূরে থাকি। কৃষ্ণাঙ্গ হওয়ায় আমি নিরাপদবোধ করছি না, বিশেষ করে টেরেব্লশ খুন হওয়ায়। রাতের বেলায় বাড়ি থেকে বের হই না। মনে হয় শ্বেতাঙ্গরা যেকোনো সময় আক্রমণ করতে পারে।’ ম্যান্ডেলা আর টুটুর রেইনবো ন্যোশনের আবেদন দেশটির জাতিগত ঐক্য ধরে রাখতে কতটা কাজে দেবে তা কেবল সময়ই বলতে পারে।সূত্র: বিবিসি, দি হেরাল্ড