রেখাই সত্য, অবিনশ্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেখার নাচন প্রদর্শনীতে স্থান পাওয়া মনসুর–উল–করিমের কয়েকটি ড্রয়িং
রেখার নাচন প্রদর্শনীতে স্থান পাওয়া মনসুর–উল–করিমের কয়েকটি ড্রয়িং

ধূসর ক্যানভাসের ঠিক মাঝে শায়িত নারী ফিগার। হাঁটু মুড়ে যন্ত্রণাকাতর ভঙ্গিতে স্থির হয়ে আছে। মাত্র কয়েকটি রেখার টানে আঁকা এই ছবি। তবু যতটুকু বলার তার সবই বলা হয়ে গেছে।
দুই-একটি রেখা কীভাবে মানুষ, বস্তু ও প্রকৃতিকে নতুনভাবে বিনির্মাণ করতে পারে, তার দৃষ্টান্ত হয়ে থাকবে মনসুর-উল-করিমের ড্রয়িং ও ছাপচিত্র নিয়ে আয়োজিত সাম্প্রতিক প্রদর্শনীটি। ‘রেখার নাচন’ শিরোনামে পাঁচ দিনের এই প্রদর্শনী গত ৩০ সেপ্টেম্বর শেষ হয় চট্টগ্রামের খুলশীতে অবস্থিত মৃন্ময় গ্যালারিতে।
শিল্পীর ১৭তম এই একক চিত্র প্রদর্শনীতে ৩৫টি ড্রয়িং ও ছাপচিত্র স্থান পেয়েছে।
মৃন্ময় গ্যালারির চারটি কক্ষজুড়ে চলেছে এই প্রদর্শনী। চারটি ছাপচিত্র ছাড়া আর সবই কলমে আঁকা ড্রয়িং। মূলত বিভিন্ন ভঙ্গির ফিগারই এঁকেছেন তিনি। সত্তর, আশি ও নব্বই দশকে আঁকা কয়েকটি ড্রয়িং বাদ দিলে আর সবই সাম্প্রতিক সময়ে আঁকা। পরিবর্তনটাও তাই সহজে চোখে পড়ল। শিল্পীর সাম্প্রতিক ড্রয়িংগুলোতে ডিটেল অনেক কম। বরং খুব অল্প রেখায় তিনি দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক তল তৈরি করেছেন। তাঁর আগের ড্রয়িংয়ে জ্যামিতিক রেখার প্রাচুর্য আছে। কিন্তু সমকালীন ড্রয়িংগুলোতে অনেক বেশি উপবৃত্তাকার ও বর্তুল রেখা দেখা যায়। যেসব রেখাকে বলা যায় জৈবিক বা অর্গানিক।
সূক্ষ্মভাবে খেয়াল করলে প্রকৃতির নানা অনুষঙ্গের আভাস পাওয়া যায়। কোনো ফিগারে হাতের আঙুল শিকড় ছড়ানো কেওড়া ফলের মতো হয়ে উঠেছে। হাতের মধ্যে গাছের ডাল কিংবা চুলের মধ্যে শেকড়ের দেখাও মিলেছে। দেখতে দেখতে দর্শক আবিষ্কার করেছেন, প্রকৃতিটাই অর্গানিক। আর অর্গানিক কোনো কিছুতে পুনরাবৃত্তি নেই। জ্যামিতিক রেখানির্ভর ছবিতে যা দেখা যায়। মনসুর-উল-করিমের আঁকা ছবিগুলোতেও তাই পুনরাবৃত্তি নেই। কোনো রেখা একই ভঙ্গিতে দ্বিতীয়বার আঁকা হয়নি।
অধিকাংশ ছবিতেই শিল্পী অনেক ফাঁকা জায়গা ব্যবহার করেছেন। দেখে একধরনের শূন্যতারও অনুভূতি হয়। ফিগারগুলোর পেছনে রংহীন ধুসর পটভূমি যেন ব্যক্তির নিঃসঙ্গতার বয়ানই দিয়ে যায়।
মনসুর-উল-করিম মানুষ, প্রকৃতি ও বস্তুজগৎকে সম্পূর্ণ নতুনভাবে হাজির করেছেন দর্শকের সামনে। চেনা বিশ্ব সম্পর্কে নতুন বৃহৎ আখ্যান বা গ্র্যান্ড ন্যারেটিভ তৈরি করেন তিনি। যেখানে মানুষ মিশে গেছে প্রকৃতির সঙ্গে, প্রকৃতি বস্তুর সঙ্গে।
এ এক নতুন সম্পর্কেরও উদ্বোধন। যেখানে রেখার টানে সবকিছু একসূত্রে বাঁধা পড়েছে।