রেজুর খালের ভাঙন আতঙ্কে শতাধিক পরিবার
উখিয়ায় রেজুর খালের ভাঙনে দুই কূলে অবস্থিত বাড়িঘর, ফসলি জমি, পানের বরজ, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক বিলীন হতে চলেছে।জানা যায়, খালের পার্শ্ববর্তী এলাকা উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের রুমখাঁ, তেলীপাড়া, বাজারপাড়া, চৌধুরীপাড়া, রত্নাপালং ইউনিয়নের পশ্চিমরত্না, বড়ুয়া পাড়া, সাদৃকাটা, রাজাপালং ইউনিয়নের হিজলিয়া, উত্তর পুকুরিয়া, দক্ষিণ পুকুরিয়া, গয়ালমারাসহ বিভিন্ন গ্রামের শতাধিক বাড়িঘর খালের ভাঙনের ফলে বিধ্বস্ত হয়েছে।পাশাপাশি বাড়িঘর, ফসলি জমি, খেত-খামার পানের বরজ হারিয়ে নিঃস্ব হয়েছে অনেক দরিদ্র, অসহায় শতাধিক পরিবারের মানুষ। খালপাড়ের ক্ষতিগ্রস্ত আবদুল হাকিম (৪০), ছৈয়দ নুর (৫০), জানে আলম (৪৫), রশিদ আহমদসহ (৩৮) অনেক এলাকাবাসী জানান, মধ্য জুলাইয়ে চার দিন টানা ভারী বর্ষণে ও পাহাড়ি ঢলে খালের একাংশে ভাঙন দেখা দেয় এবং পানি কূল ছাপিয়ে উঠে অনেকের ঘরবাড়ি ভাসিয়ে নেয়। দ্রুত রেজুর খাল ভাঙন প্রতিরোধ করা না হলে অচিরেই এখানে কয়েক শতাধিক পরিবার সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে যাবে বলে এলাকাবাসী জানান। তাঁরা রেজুর খাল ভাঙন রোধে খাল সংরক্ষণ প্রকল্পের আওতায় এনে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য জনপ্রতিনিধি ও সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন। স্থানীয় ইউপি সদস্য ফজল কাদের চৌধূরী জানান, রেজুর খালের দুই কূলে অবস্থিত হলদিয়াপালং, রাজাপালং, জালিয়াপালং, রত্নাপালং ইউনিয়নের হাজার হাজার গ্রাম প্রতিবছর বর্ষা মৌসুমে পানির তোড়ে লন্ডভন্ড হয়ে যায়। খালসংলগ্ন রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ ও ভেঙে গেছে। জালিয়া পালং ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আনোয়ার হোছাইন চৌধুরী এ প্রসঙ্গে বলেন, রেজুর খালের ভাঙনে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হয়েছে। এ ছাড়া ভাঙন প্রতিরোধে চলতি অর্থবছরে ইউনিয়ন পরিষদের বাজেট থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং পুরো ভাঙন এলাকায় প্রকল্প গ্রহণ করার জন্য ইউনিয়ন পরিষদ থেকে সিদ্ধান্ত নিয়ে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হবে।উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, ‘আমি সবে মাত্র নতুন যোগদান করেছি ক্ষতিগ্রস্ত এলাকা দেখে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অবহিত করা হবে। উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম শাহ জালাল চৌধূরী এ প্রসঙ্গে বলেছেন, রেজুর খালের ভাঙন রোধে ভাঙনকৃত অংশের জরুরী ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এ ব্যাপারে আগামী মাসে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় সিন্ধান্তক্রমে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।