রেড ক্রিসেন্ট ক্যাম্প বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের হালিশহরের সরকারি শারীরিক শিক্ষা কলেজ প্রাঙ্গণে পঞ্চম বিভাগীয় যুব রেড ক্রিসেন্ট ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন
নগরের হালিশহরের সরকারি শারীরিক শিক্ষা কলেজ প্রাঙ্গণে পঞ্চম বিভাগীয় যুব রেড ক্রিসেন্ট ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন বলেন, তরুণ ও যুবকদের পড়ালেখার পাশাপাশি মানবিক গুণাবলির বিকাশ, সেবা ও বন্ধুত্বের পরিধি বিস্তৃতির ক্ষেত্রে জাতীয় পর্যায়ে রেড ক্রিসেন্ট ক্যাম্প আয়োজন যথেষ্ট গুরুত্ব বহন করে। ক্যাম্পে অবস্থানকালে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ, অনুশীলন ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে অর্জিত শিক্ষা তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলবে এবং পরিবেশ বিপর্যয় রোধে ও মাদকমুক্ত দেশ গড়তে সাহায্য করবে। তিনি ৩ ফেব্রুয়ারি হালিশহরের সরকারি শারীরিক শিক্ষা কলেজে পঞ্চম বিভাগীয় যুব রেড ক্রিসেন্ট ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ও রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ শফিউল আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিটি করপোরেশনের মেয়র ও রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের সম্মানিত চেয়ারম্যান আ জ ম নাসির উদ্দীন এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান এম এ ছালাম।
৩ মার্চ বিকেলে মোশাররফ হোসেন জাতীয় পতাকা এবং আ জ ম নাসির উদ্দীন রেড ক্রিসেন্টের পতাকা এবং এম এ ছালাম ক্যাম্প পতাকা নামিয়ে পাঁচ দিনের কার্যক্রম শেষ করেন। এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উপমহাসচিব খন্দকার জাকারিয়া খালেদ, চট্টগ্রাম সিটি ইউনিটের সেক্রেটারি আবদুল জব্বার, স্বেচ্ছাসেবকপ্রধান ও যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুবপ্রধান ফখরুল ইসলাম চৌধুরী, সিটি ইউনিটের কার্যকরী পর্ষদের সদস্য এবং জেলা ইউনিটের কার্যকরী পর্ষদের সদস্যরা অভিবাদনমঞ্চে উপস্থিত ছিলেন।
জাতীয় পতাকা নামানোর আগে যুব সদস্যরা উদ্ধার ও সাড়া প্রদানের একটি মহড়া প্রদর্শন করেন। পরে ক্যাম্প ফায়ারের মাধ্যমে মানবতার কল্যাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান এম এ ছালাম, জেলা ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ শফিউল আজম এবং স্বেচ্ছাসেবকপ্রধান ও যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুবপ্রধান ফখরুল ইসলাম চৌধুরী পরাগ অতিথিদের ক্যাম্প স্মারক তুলে দেন।
ক্যাম্পে সারা বাংলাদেশ থেকে প্রায় এক হাজার যুবসদস্য ও স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন। তাঁরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী। যেকোনো দুর্যোগে নিরপেক্ষভাবে অসহায় জনসাধারণকে সাহায্য করেন। বিজ্ঞপ্তি