রেড হেরিং শীর্ষ তালিকায় বাংলাদেশি প্রতিষ্ঠান
দীর্ঘদিন ধরেই ইন্টারনেট প্রটোকল-নির্ভর টেলিযোগাযোগের নানা রকম সফটওয়্যার নির্মাতা ও তথ্যপ্রযুক্তি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাচ্ছে বাংলাদেশিমালিকানাধীন রিভ সিস্টেমস লিমিটেড। বর্তমানে প্রতিষ্ঠানটি ৭০টির বেশি দেশে প্রায় এক হাজার ৭০০টির বেশি ভিওআইপি ও টেলিযোগাযোগ প্রতিষ্ঠানকে সেবা দিচ্ছে। রিভের সফটওয়্যার উন্নয়ন কেন্দ্র বাংলাদেশে, আর প্রধান কার্যালয় সিঙ্গাপুরে।এ ছাড়া ভারত, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে শাখা রয়েছে।নিজেদের সেরা কাজের স্বীকৃতি হিসেবে সম্প্রতি প্রতিষ্ঠানটি জায়গা করে নিয়েছে ‘২০১২ রেড হেরিং টপ হান্ড্রেড গ্লোবাল’-এর তালিকায়। আন্তর্জাতিক প্রযুক্তিবিষয়ক গণমাধ্যম প্রতিষ্ঠান রেড হেরিং বিশ্বব্যাপী নতুন সম্ভাবনাময় কোম্পানি এবং এদের উদ্ভাবনী প্রযুক্তি চিহ্নিত করে থাকে। বিভিন্ন জরিপ, গবেষণা, বিচারকমণ্ডলীর বিচার রেড হেরিং প্রতিবছর সেরা ১০০ প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করে। গত বছর রেড হেরিংয়ের বিচারে এশিয়ার সেরা ১০০ প্রতিষ্ঠানের মধ্যে জায়গা নেওয়ার পর বিশ্বের সেরা ১০০ প্রতিষ্ঠানের তালিকায় (www.redherring.com/events/red-herring-global/2012-top-100-global-winners) স্থান পেয়েছে বাংলাদেশের রিভ সিস্টেমস। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী রেজাউল হাসান বলেন, ‘এ তালিকায় জায়গা করে নেওয়া সম্মানের ব্যাপার। এর মধ্যে প্রতিষ্ঠান হিসেবে আমরা দেশের বাইরে, বলতে পারি আমরা বাংলাদেশি। রিভ পরিবারের জন্য নিঃসন্দেহে এটি অনেক বড় অর্জন। এই অর্জন আমাদের আইপি যোগাযোগ খাতের নতুন সব উদ্ভাবনী পণ্য উৎপাদনে এবং নিরবচ্ছিন্ন সেবা প্রদানে প্রেরণা জোগাবে।’গত বছরের ২৭-২৯ নভেম্বরের যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ইউরোপ, উত্তর আমেরিকা ও এশিয়ার সেরা ৩০০ প্রতিষ্ঠানের অংশগ্রহণে এ বৈশ্বিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রিভ সিস্টেমসের হেড অব গ্লোবাল সেলস রায়হান হাসান জানান, তিনটি মহাদেশের প্রাথমিক ৩০০টি প্রতিষ্ঠানের মধ্যে সেরা ১০০টি প্রতিষ্ঠান নির্বাচন করা হয়। রেড হেরিং-এর সম্পাদনা পরিষদ অংশগ্রহণকারী প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে অর্থনৈতিক সাফল্য, প্রযুক্তিগত উদ্ভাবন, পরিচালনা দক্ষতা, কৌশল বাস্তবায়ন, বাজার-অবস্থান এবং নিজ নিজ ইন্ডাস্ট্রির সঙ্গে সামঞ্জস্যতার মানদণ্ড বিচার করে সেরা ১০০টির এ তালিকা প্রকাশ করে।প্রথমবারের মতো এ তালিকায় যুক্ত হয়ে ভবিষ্যতে আরও ভালো সব সেবা দেওয়ার প্রত্যয়ের কথা জানালেন রেজাউল হাসান। ভবিষ্যতে আরও দারুণ সব পণ্য আনার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে কাজ করার কথাও জানালেন তিনি। নতুন পণ্যের মধ্যে সার্ভার সুরক্ষার ক্ষেত্রে বিশেষ একটি সুইচ খুব শিগগির বাজারে আসবে বলে জানিয়ে তিনি বললেন, ‘আমাদের দেশে আছেন দক্ষ সব সফটওয়্যার প্রকৌশলী। তাঁদের মধ্যে সেরাদের নিয়ে আমরা কাজ করছি এবং নতুন মেধাবী নির্মাতাদেরও যুক্ত করছি।’