রেডিও
আপনারা বিবিসি শুনছেন ঢাকায়, চট্টগ্রামে, রাজশাহীতে। আপনি যেখানে আছেন বিবিসি আপনার সঙ্গেই আছে। রেডিও সম্পর্কে ধারণা হওয়ার পর থেকে এ কথাগুলো প্রতি সন্ধ্যায় শুনতে পেতাম। সন্ধ্যায় বাবা রেডিও অন করতেন ঘড়ি না দেখেই। দুই-এক মিনিট পোঁ পোঁ আওয়াজের পর শুরু হতো বিবিসির বাংলা অনুষ্ঠান। দিনের বেলায় বাবা যখন থাকতেন না আমিও তখন রেডিওর ভলিউম ঘোরাতাম। কতবার যে নষ্ট করেছি আর কতবার মার খেয়েছি তার হিসাব রাখিনি। পরের দিন বাবা রেডিও ঠিক করে আনতেন। আমাকে বোঝাতেন রেডিওর গুরুত্ব। বলতেন রেডিও সম্পর্কে স্মরণীয় সব ঘটনা। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাদের তাড়া খেয়ে দৌড়েছিলেন, কিন্তু রেডিও ছাড়েননি। আমিও আস্তে আস্তে রেডিওর গুরুত্ব বুঝেছি। বিশেষ করে ১৯৯৭ সালের বাংলাদেশ ও কেনিয়ার মধ্যকার উত্তেজনাপূর্ণ ম্যাচের ধারাভাষ্যে। খোদাবক্স মৃধার শিহরিত সেই কণ্ঠ ‘আর এক বলে এক রান’। এসব আমি রেডিও থেকেই শুনেছি। টিভির তখন বড্ড আকাল। ২০০৭ সালের ঘূর্ণিঝড় সিডর আঘাত হানার আগেই বাবা আমাদের নিয়ে সাইক্লোন শেল্টারে গিয়েছিলেন। আর এটা করেছিলেন তাঁর রেডিওর বদৌলতে। মনে আছে, আমাদের সাতক্ষীরা জেলায় সেবার সিডরে কত মানুষ প্রাণ হারিয়েছিল। ২০০৯ সালের বিডিআর বিদ্রোহের সময় বাবাই আমাদের দুশ্চিন্তামুক্ত করে বলেছিলেন, ‘ভয় নেই, খবরে বলেছে চট্টগ্রামের হালিশহরের বিডিআর সদর দপ্তরে কোনো বিদ্রোহ হয়নি।’ কেননা বড় ভাই তখন ওখানে দায়িত্বরত। এমন অনেক বিশেষ দিনে আমরা রেডিওর পাশে ভিড় করেছি। কিন্তু বাবার কাছে মনে হতো প্রত্যেক দিনই বিশেষ দিন। গতবার চট্টগ্রামে আসার আগের দিন সন্ধ্যায় আমি বললাম, ‘বাবা আজ আমি বিবিসি সেন্টার ধরাব।’ আমি রেডিও হাতে নিয়ে অ্যান্টেনা টান দিতেই ওটা ভেঙে গেল। বুঝেছিলাম বাবার হাতের পরশ না পেলে ওটা কথা বলবে না। আরও বুঝেছিলাম বাবা কতটা কষ্ট পেয়েছিলেন, কষ্ট পেয়েছিলেন সেদিন বিবিসি শুনতে না পেরেও। তাই পরের দিন নতুন অ্যান্টেনা লাগিয়ে এনে দিলাম। এবার পূজার ছুটিতে বাড়ি এসে বাড়ির অনেক পরিবর্তন চোখে পড়ল। বড় ভাই সৌরবিদ্যুৎ নিয়েছে, রঙিন টিভি কিনেছে। ফ্রেশ হয়ে তাই টিভি দেখতে বসলাম। হঠাৎ উঠানে চোখ যেতেই চোখ স্থির হয়ে গেল, চোখ দিয়ে পানিও পড়ল দুফোঁটা। বাবার রেডিওটা আজ জিপগাড়ি হয়েছে। ভাইয়ার চার বছরের ছেলেটা অ্যান্টেনার মাথায় রশি বেঁধে টানছে, ওটা নাকি ওর জিপগাড়ি। রেডিওটা হাতে নিয়ে দেখলাম কোনো কিছুই আর অক্ষত নেই। বাবার মৃত্যু হয়েছে কয়েক মাস হলো, এর মধ্যে বাবার অনুগত রেডিওটিরও তিলে তিলে মৃত্যু হয়েছে।এম সাহেদচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।